মূল লেখায় যান

Study Room লেখা

আল্লাহকে জানি | পর্ব ৪ — আল্লাহ কি সত্যিই আমার কাছাকাছি?

বিষয়: · · ·

কখনো কি এমন হয়েছে, খুব কষ্টে আছেন, কিন্তু দু‘আ করতে বসেও কথা বের হচ্ছে না? অনেক কিছু বলার ছিল, অথচ মুখে শুধু এটুকুই আসে, “ইয়া আল্লাহ, আপনি তো জানেন…”

কখনো সালাত শেষ করে চুপচাপ বসে থেকেছেন। মনে হয়েছে, আমি যা অনুভব করছি, এটা কি সত্যিই আল্লাহ জানেন? আমি এত দূরে সরে গেছি, এত ভুল করেছি, তারপরও কি তাঁকে ডাকতে পারি?

ঠিক এই জায়গাতেই আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, “আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে নিশ্চয়ই আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার আহ্বানে সাড়া দিই।”
সূরা আল বাকারা, ২:১৮৬

একটু খেয়াল করুন। বান্দা আল্লাহ সম্পর্কে জানতে চাইছে, আর আল্লাহ বলছেন, “আমি নিকটবর্তী।”

আল্লাহ আপনার দু‘আ শোনার জন্য সুন্দর শব্দের প্রয়োজন করেন না। দীর্ঘ দু‘আরও প্রয়োজন নেই। কাউকে দিয়ে আপনার কথা পৌঁছে দিতে হয় না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখান থেকেই তাঁকে ডাকতে পারেন।

হয়তো রাতে সবাই ঘুমিয়ে গেছে, আর আপনি একা। হয়তো এমন কিছু নিয়ে কাঁদছেন, যা কাউকে বলতে পারেন না। হয়তো বহুদিন ধরে একই দু‘আ করছেন। এতবার চেয়েছেন যে এখন আর কীভাবে চাইবেন, সেটাও বুঝতে পারেন না। তবুও আপনার ডাক তাঁর অজানা নয়।

সমস্যা হলো, আমরা কখনো কখনো আল্লাহর নৈকট্যকে নিজের অনুভূতি দিয়ে মাপি। আজ সালাতে খুব ভালো লাগছে, তাই মনে হয় আল্লাহ খুব কাছে। কাল মন বসছে না, তখন মনে হয় হয়তো আমি অনেক দূরে চলে গেছি।

কিন্তু আপনার অনুভূতি প্রতিদিন একই থাকবে না। কখনো ঈমানের স্বাদ বেশি অনুভব করবেন, কখনো কম। কখনো দু‘আ করতে গিয়ে চোখে পানি আসবে, কখনো কিছুই অনুভব হবে না। আল্লাহ সম্পর্কে সত্য আপনার অনুভূতির উপর নির্ভর করে না।

তাই কোনো দিন সালাতে দাঁড়িয়ে হৃদয় একদম শুকনো মনে হলেও দু‘আ বন্ধ করবেন না। মন শান্ত না হলেও তাঁকে ডাকুন। কারণ দু‘আর মূল্য শুধু আপনি কী অনুভব করছেন, সেখানে নয়। আপনি কাকে ডাকছেন, সেটাই সবচেয়ে বড় কথা।

হয়তো আপনার মনে হচ্ছে, “কিন্তু আমি তো অনেক গুনাহ করেছি। এখন কীভাবে আল্লাহর কাছে যাব?”

আমরা অনেক সময় ভাবি, আগে নিজেকে ঠিক করব, তারপর আল্লাহর কাছে ফিরব। অথচ নিজেকে ঠিক করার শক্তিটাই তো তাঁর কাছ থেকে চাইতে হবে।

পড়ে গেছেন? তাঁর কাছেই ফিরুন। দুর্বল হয়ে গেছেন? তাঁর কাছেই সাহায্য চান। অনেকদিন গাফিল ছিলেন? আজ থেকেই আবার ডাকুন।

আল্লাহর কাছে ফিরে আসার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না। আপনাকে ফিরে আসতে হবে। কারণ ফিরে আসাটাই তো তাওবার শুরু।

হয়তো আপনার মনে হয়, এতদিন গাফিল থাকার পর এখন হঠাৎ আল্লাহকে ডাকলে কী হবে? কিন্তু আল্লাহর দিকে ফেরার জন্য আলাদা কোনো “ঠিক সময়” নেই। যে মুহূর্তে আপনি সত্যি ফিরে আসেন, সেই মুহূর্তটাই নতুন শুরু হতে পারে।

আর একটা বিষয় খুব জরুরি। আল্লাহর নৈকট্যকে আমরা সৃষ্টির নৈকট্যের মতো কল্পনা করি না। তিনি তাঁর শান অনুযায়ী নিকটবর্তী। তিনি আমাদের দু‘আ শোনেন, আমাদের অবস্থা জানেন এবং বান্দার ডাকে সাড়া দেন।

তবে সাড়া মানেই সবসময় সঙ্গে সঙ্গে ঠিক আমার চাওয়া জিনিসটিই পাওয়া নয়। কখনো আল্লাহ দেন, কখনো বিলম্ব করেন, কখনো এমনভাবে কল্যাণ রাখেন যা আমরা তখন বুঝতে পারি না। তাই দু‘আর ফল চোখে না দেখলেও এটা ভাববেন না, “আল্লাহ আমাকে শুনছেন না।”

এই সত্যটা হৃদয়ে বসে গেলে একাকিত্বের অনুভূতিটাও বদলাতে শুরু করে। মানুষ আপনার পাশে থেকেও হয়তো আপনাকে বুঝবে না। কেউ আপনার কষ্টের গভীরতা জানবে না। কিন্তু এমন কোনো মুহূর্ত নেই, যখন আল্লাহকে ডাকতে আপনার জন্য দরজা বন্ধ।

হয়তো আজ আপনার জীবনের কোনো একটা বিষয় খুব ভারী হয়ে আছে। সমাধান এখনো আসেনি। উত্তরও পরিষ্কার না। আপনি শুধু অপেক্ষা করছেন।

আজ অন্তত এটুকু মনে রাখুন, আপনার রবকে ডাকতে আপনাকে দূরে কোথাও যেতে হবে না। আপনার কণ্ঠ জোরে তুলতেও হবে না। আপনি শুধু তাঁর দিকে ফিরে যান।

কারণ তিনি নিজেই বলেছেন,

“আমি নিকটবর্তী।”

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

আল্লাহকে জানি · পর্ব ৪

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।