মূল লেখায় যান

Study Room লেখা

আল্লাহকে জানি | পর্ব ৬ — আমি দু‘আ করছি, তবু কিছু বদলাচ্ছে না—আল্লাহ কি শুনছেন?

বিষয়: · · ·

কখনো কি এমন হয়েছে, একই দু‘আ এতবার করেছেন যে এখন আর কীভাবে চাইবেন, সেটাই বুঝতে পারেন না? প্রথমদিকে খুব আশা নিয়ে চাইতেন। তারপর দিন গেছে, মাস গেছে, হয়তো বছরও। কিন্তু যেটার জন্য এত কেঁদেছেন, সেটাই যেন একই জায়গায় আছে।

তারপর একসময় খুব চুপচাপ একটা প্রশ্ন ভিতরে আসে, “আল্লাহ কি সত্যিই আমার দু‘আ শুনছেন?”

প্রশ্নটা মুখে বলতে সংকোচ হয়। মনে হয়, এমন ভাবাটাও কি ভুল? কিন্তু অপেক্ষা দীর্ঘ হলে মন ক্লান্ত হয়। বিশেষ করে যখন দেখেন, অন্য কারও সেই জিনিসটা খুব সহজেই হয়ে যাচ্ছে, যেটার জন্য আপনি এতদিন ধরে চাইছেন। তখন হয়তো মনে হয়, “আমারটাই কেন হচ্ছে না? আমি কি ভুল কিছু চাইছি? নাকি আমার কোনো গুনাহের জন্য আমার দু‘আ আটকে আছে?”

হয়তো নামাজের পর হাত তুলেছেন। তাহাজ্জুদে কেঁদেছেন। সিজদায় বলেছেন। পথে যেতে যেতে মনে মনে চেয়েছেন। তারপরও কিছু বদলায়নি। তখন “ইয়া আল্লাহ, এটা দিন” থেকে দু‘আটা কখনো হয়ে যায়, “ইয়া আল্লাহ, আপনি কি আমার কথা শুনছেন?”

আল্লাহ বলেন, “তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”
সূরা গাফির, ৪০:৬০

তাহলে আপনি যখন ডাকছেন, অথচ ফল দেখছেন না, এর মানে কী?

প্রথমে একটা কথা পরিষ্কার করে নিন, দু‘আর ফল এখনো চোখে না দেখা আর দু‘আ না শোনা—এক কথা নয়।

আমরা অজান্তেই একটা হিসাব করে ফেলি, আমি চাইলাম, তাই আমি যেভাবে চাই, যত দ্রুত চাই, সেভাবেই পাওয়া উচিত। সেটা না হলে মনে হয়, দু‘আ হয়তো কবুল হচ্ছে না।

কিন্তু আমরা পুরোটা দেখি না।

আল্লাহ বলেন, “হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার কোনো জিনিস ভালোবাস অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না।”
সূরা আল বাকারা, ২:২১৬

এই আয়াতের শেষ অংশটা নিজের জন্য আলাদা করে মনে রাখুন, “আল্লাহ জানেন, তোমরা জানো না।”

আপনি আজ যে জিনিসটাকে নিজের জীবনের জন্য খুব জরুরি মনে করছেন, তার পরের অধ্যায় আপনি দেখেননি। সেটা পেলে আপনার জন্য কী হবে, না পেলে কী হবে, কোনটা কখন আপনার জন্য ভালো, এগুলো আপনি জানেন না। কিন্তু আল্লাহ জানেন।

তাই দেরি দেখেই “আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে”—এই সিদ্ধান্তে পৌঁছে যাবেন না।

কেন দেরি হচ্ছে, আমরা জানি না। নিজের মতো করে কারণ বানিয়েও বলব না। শুধু এতটুকু জানি, আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের মতো সীমিত নয়।

তবুও অপেক্ষা কষ্টের। এটা শুধু একটা সুন্দর কথা শুনে সহজ হয়ে যায় না।

একসময় সত্যিই মনে হয়, “আর কত চাইব?” হয়তো আগে নিয়মিত দু‘আ করতেন, এখন কমিয়ে দিয়েছেন। কারণ প্রত্যেকবার হাত তুললে আগের হতাশাটা মনে পড়ে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বান্দার দু‘আ কবুল হতে থাকে যতক্ষণ সে গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দু‘আ না করে এবং তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কী জানতে চাইলে তিনি বলেন, মানুষ বলতে থাকে, “আমি দু‘আ করেছি, আবার দু‘আ করেছি, কিন্তু দেখলাম কবুল হচ্ছে না।” এরপর সে হতাশ হয়ে দু‘আ ছেড়ে দেয়।
সহিহ মুসলিম, ২৭৩৫

খেয়াল করুন, অপেক্ষার একটা কঠিন পরীক্ষা হলো—উত্তর দেরি হতে হতে আল্লাহকে ডাকা ছেড়ে দেওয়া।

হয়তো আপনি এখন ঠিক এই জায়গায় আছেন। আগের মতো আর বলতে ইচ্ছে করে না। মনে হয়, “এতদিন তো বললাম। আর কী বলব?”

তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু তখনই আল্লাহর উপর ভরসা করব, যখন তাঁর সিদ্ধান্ত আমার সময়ের সাথে মিলে যাবে?

কঠিনটা আসলে এখানেই। চাইতে থাকা, নিজের চেষ্টা চালিয়ে যাওয়া, আর উত্তর দেরি হলেও রবের ব্যাপারে খারাপ ধারণা না করা।

একই দু‘আ বারবার করতে সংকোচ করবেন না। একই কথা আবার বলুন। আপনার ভাষা সুন্দর হতে হবে না। অনেক কথা বলতেই হবে না।

কখনো শুধু বলুন, “ইয়া আল্লাহ, আমি এটা চাই। কিন্তু আপনি আমার চেয়ে ভালো জানেন। যদি এতে আমার জন্য কল্যাণ থাকে, সহজ করে দিন। আর যদি না থাকে, আপনার সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো হৃদয় দিন।”

এটা হাল ছেড়ে দেওয়া নয়। এটা নিজের চাওয়াটাকে এমন একজন রবের কাছে সঁপে দেওয়া, যিনি আপনার চেয়ে বেশি জানেন।

হয়তো উত্তর খুব কাছেই। হয়তো আরও সময় লাগবে। আপনি জানেন না।

কিন্তু আপনি এমন কারও কাছে চাইছেন না, যিনি আপনার ডাক জানেন না।

তাই আজও হাত তুলুন। আগের মতো অনেক কথা না এলেও সমস্যা নেই। শুধু বলুন, “ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। তবু আমি এখনও আপনার কাছেই চাইছি।”

হয়তো আজও কিছু বদলাল না। তবুও আজও আপনি তাঁর দরজা ছেড়ে যাননি।

এটাও ছোট কিছু নয়।

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

আল্লাহকে জানি · পর্ব ৬

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।