মূল লেখায় যান

Study Room লেখা

দ্বীনের পথে নতুন | পর্ব ৬ — আপনি বদলাতে চাইছেন, কিন্তু পরিবার আর পুরনো বন্ধুরা সেটা বুঝতে পারছে না—তখন কী করবেন?

বিষয়: · ·

দ্বীনের পথে নতুন | পর্ব ৬
আপনি বদলাতে চাইছেন, কিন্তু পরিবার আর পুরনো বন্ধুরা সেটা বুঝতে পারছে না—তখন কী করবেন?

দ্বীনের পথে নতুন করে ফিরতে শুরু করলে খুব পরিচিত একটা দৃশ্য তৈরি হতে পারে। আগে আড্ডায় ঘণ্টার পর ঘণ্টা বসতেন, এখন সালাতের সময় হলে উঠে যেতে চান। আগে কিছু কথায় হেসেছেন, এখন সেগুলো শুনলে অস্বস্তি লাগে। আগে যেসব অভ্যাস নিয়ে ভাবতেন না, এখন সেগুলো ঠিক করতে চাইছেন।

আপনার কাছে ব্যাপারটা খুব সহজ—“আমি শুধু আল্লাহর কাছে একটু ভালো হতে চাই।” কিন্তু ঘরের মানুষ সবসময় আপনার ভেতরের এই গল্পটা দেখতে পায় না।

মা হয়তো বললেন, “আগে তো এমন ছিলে না।” পুরনো বন্ধু মজা করে বলল, “কী ব্যাপার, অনেক ধার্মিক হয়ে গেছ নাকি?” কেউ মনে করল আপনি এখন তাদের ছোট ভাবেন। কেউ ভয় পেল, “এভাবে চলতে চলতে পড়াশোনা বা কাজই না ছেড়ে দেয়!” আর আপনি ভেতরে ভেতরে কষ্ট পেলেন—“আমি তো খারাপ কিছু করছি না, তাহলে আমাকে এভাবে কেন দেখা হচ্ছে?”

এই জায়গায় খুব সহজে একটা ভুল হয়ে যায়। আমরা আল্লাহর দিকে ফিরতে গিয়ে অজান্তেই মানুষের সঙ্গে আচরণে কঠিন হয়ে পড়ি।

নতুন কিছু শিখলেন, ঘরে এসে সবার ভুল ধরতে শুরু করলেন। একটা lecture শুনে মনে হলো আজই পরিবারকে পুরো বিষয়টা বোঝাতে হবে। কেউ না মানলে বিরক্ত হলেন। মা একটা কথা বললেন, আপনার মনে হলো “উনি তো দ্বীন বোঝেন না।” বন্ধু আগের মতো মজা করল, আপনি এমন tone-এ উত্তর দিলেন যেন সে আপনার চেয়ে নিচের স্তরের মানুষ।

কথাগুলো হয়তো আপনার কাছে “সত্য” মনে হচ্ছে, কিন্তু মানুষ প্রথমে আপনার দলিল শুনছে না—আপনার আচরণ দেখছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন এবং কোমলতার মাধ্যমে এমন কিছু দান করেন যা কঠোরতার মাধ্যমে দান করেন না।”
সহিহ মুসলিম, ২৫৯৩

আপনি দ্বীনের পথে এসে যদি আগের চেয়ে বেশি রাগী, বেশি তর্কপ্রবণ, বেশি বিচারকসুলভ হয়ে যান, তাহলে পরিবারের কেউ ইসলামকে আপনার নতুন কঠোরতার সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আপনি হয়তো ঠিক কথা বলছেন, কিন্তু মানুষ মনে রাখবে কীভাবে বলেছিলেন।

অথচ তারা যদি অন্য কিছু দেখতে পায়?

আগে মা তিনবার বললে কাজ করতেন, এখন একবার বললেই উঠে গেলেন। আগে বাবার সঙ্গে কথা কাটাকাটি হতো, এখন disagree করলেও কণ্ঠ নিচু রাখেন। আগে ভাইবোনের গোপন কথা অন্যকে বলতেন, এখন বলেন না। আগে কথা দিয়ে রাখতেন না, এখন রাখেন। আগে নিজের সুবিধা দেখতেন, এখন অন্যের হক নিয়েও ভাবেন।

তখন কেউ কিছু না বললেও ভেতরে একটা প্রশ্ন জাগবে, “এই পরিবর্তনটা ওকে এমন করল কীভাবে?”

অনেক সময় এটাই আপনার সবচেয়ে শক্তিশালী দাওয়াহ।

আল্লাহ তাআলা বলেন, “ভালো ও মন্দ সমান নয়। মন্দকে এমন পদ্ধতিতে প্রতিহত করো যা উত্তম।”
সূরা ফুসসিলাত, ৪১:৩৪

তাই আপনার পরিবর্তন নিয়ে কেউ ঠাট্টা করলে প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়। কখনো শুধু হাসিমুখে বলতে পারেন, “কিছু জিনিস ঠিক করার চেষ্টা করছি, আমার জন্য দু‘আ করবেন।” কখনো বিষয় বদলে দিন। কখনো সত্যিই explanation দরকার হলে শান্তভাবে বলুন। প্রতিটা মন্তব্যকে debate বানাতে হবে না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।”
সহিহ আল বুখারি, ৬০১৮

আর একটা জায়গায় নিজের প্রতিও ন্যায় করতে হবে। পরিবারের সব আপত্তিকে “ওরা দ্বীনের বিরোধিতা করছে” বলে ধরবেন না।

মা হয়তো দেখছেন আপনি সারাদিন ইসলামিক lecture শুনছেন, কিন্তু ঘরের দায়িত্বে আগের চেয়ে কম সাহায্য করছেন। বাবা হয়তো দেখছেন রাত জেগে ভিডিও দেখছেন, সকালে পড়াশোনা বা কাজে উঠতে পারছেন না। তখন তাঁদের কথার মধ্যে হয়তো কিছু বাস্তব অভিযোগও আছে।

দ্বীনের নামে নিজের দায়িত্ব নষ্ট হলে সেটাকে শুধুই “ওরা আমাকে বুঝছে না” বলে পাশ কাটানো ঠিক হবে না।

আপনার সালাত ঠিক হচ্ছে, খুব ভালো। সেই সঙ্গে পড়াশোনা, কাজ, পরিবার, আমানত—এসবও যেন আরও গুছিয়ে আসে। ঘরের মানুষ যেন দেখে, দ্বীন আপনাকে দায়িত্ব থেকে সরায়নি; বরং দায়িত্বের অর্থ আরও ভালোভাবে বুঝিয়েছে।

আর নতুন শেখা প্রতিটি বিষয় সঙ্গে সঙ্গে পরিবারের ওপর প্রয়োগ করারও দরকার নেই।

আজ একটা short clip দেখলেন, কাল থেকেই ঘরে ruling ঘোষণা করলেন—এটা বিপজ্জনক অভ্যাস হতে পারে। আপনার বোঝা অসম্পূর্ণ হতে পারে, কোনো বিষয়ে আলেমদের গ্রহণযোগ্য মতভেদ থাকতে পারে, context থাকতে পারে। নিজের ওপর আমল করার আগে শিখুন, নিশ্চিত হোন। আর অন্যকে সংশোধন করার আগে আরও বেশি নিশ্চিত হোন যে বিষয়টা আপনি ঠিক বুঝেছেন।

দ্বীন শেখার প্রথম কয়েক মাসে নিজের জিহ্বার চেয়ে নিজের জীবনকে বেশি কাজ করতে দিন।

মা-বাবার সঙ্গে বিষয়টা আরও সংবেদনশীল। কুরআন এমন পরিস্থিতির কথাও বলেছে যেখানে মা-বাবা সন্তানকে শিরকের দিকে চাপ দিচ্ছেন। আল্লাহ বলেছেন, সেই বিষয়ে তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদ্ভাবে থাকতে হবে।
সূরা লুকমান, ৩১:১৫

রাসূলুল্লাহ ﷺ-ও বলেছেন, গুনাহের কাজে আনুগত্য নেই; আনুগত্য কেবল ভালো ও সঠিক কাজে।
সহিহ আল বুখারি, ৭২৫৭

অর্থাৎ মা-বাবা বা অন্য কেউ যদি পরিষ্কারভাবে আল্লাহর অবাধ্যতার কোনো কাজে চাপ দেন, সেই নির্দিষ্ট কাজে মানা যাবে না। কিন্তু এজন্য রূঢ় হওয়া, অপমান করা, অপ্রয়োজনে সম্পর্ক ভেঙে দেওয়া বা তাঁদের অন্য হক নষ্ট করা ইসলামের শিক্ষা নয়।

সত্যে স্থির থাকা আর কঠিন মানুষ হয়ে যাওয়া এক জিনিস নয়।

পুরনো বন্ধুদের ক্ষেত্রেও একই ভারসাম্য দরকার। দ্বীনের পথে এসেছেন বলে একদিনে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, এমন নয়। আবার “ওরা কী ভাববে?” এই ভয়ে এমন পরিবেশে পড়ে থাকাও ঠিক নয় যেখানে প্রতিবার গেলে গীবত, অশ্লীলতা, হারাম সম্পর্ক, সালাত পিছিয়ে দেওয়া বা পুরনো কোনো গুনাহে ফিরে যাচ্ছেন।

নিজেকে একটা সহজ প্রশ্ন করুন: “এই মানুষের সঙ্গে থাকার পর আমি আল্লাহর একটু কাছে আসছি, নাকি নিজের সীমাগুলো একটু একটু করে হারাচ্ছি?”

যদি কোনো সম্পর্ক বারবার আপনাকে দুর্বল করে, সেখানে সময় কমানো বা প্রয়োজনীয় দূরত্ব রাখা হতে পারে বুদ্ধিমানের কাজ। দূরত্ব মানেই ঘৃণা নয়। কখনো সেটা নিজের ঈমান রক্ষার শান্ত সিদ্ধান্ত।

তবে এর মধ্যেও একটা ভয় আছে—দ্বীনি অহংকার।

কিছুদিন আগেও আপনি হয়তো অনেক কিছু জানতেন না। এখন কিছু হালাল হারাম, কিছু আকীদাহ, কিছু হাদিস শিখেছেন। অজান্তেই মনে হতে পারে, “আমি বুঝেছি, এরা বুঝে না।”

আগে হয়তো marks, টাকা, চাকরি বা status দিয়ে মানুষকে ছোট করতেন। এখন যদি দ্বীনের কিছু জ্ঞান দিয়ে মানুষকে ছোট করেন, তাহলে সমস্যা চলে যায়নি।

শুধু অহংকারের পোশাক বদলেছে।

আল্লাহ যদি আপনাকে কোনো সত্য বুঝিয়ে থাকেন, সেটা আপনার superiority-এর certificate নয়। বরং আপনার ওপর আরও দায়িত্ব এসেছে—নিজে আগে সেই সত্যের কাছে নরম হওয়া।

পরিবারের কাউকে ভুল করতে দেখে মাঝে মাঝে নিজের পুরনো সময়টা মনে করুন। আপনি কি সবসময় আজকের মতো ভাবতেন? কে জানে, আল্লাহ যেভাবে আপনার জন্য একটা দরজা খুলেছেন, কাল তাঁর জন্যও খুলে দিতে পারেন।

তাই প্রত্যেক ভুলের সামনে শিক্ষক হয়ে দাঁড়ানোর দরকার নেই। কখনো শুধু ছেলে হয়ে থাকুন, মেয়ে হয়ে থাকুন, ভাই বা বোন হয়ে থাকুন। মায়ের পাশে বসুন। বাবার কথা শুনুন। বন্ধুর অসুস্থতার খবর নিন। যাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চান। মানুষের হক আদায় করুন।

তারা যেন অনুভব করে, দ্বীন আপনাকে তাদের কাছ থেকে কেড়ে নেয়নি; আপনাকে তাদের হক আরও ভালোভাবে বুঝিয়েছে।

আর সবকিছু ঠিক করেও সবাই আপনাকে বুঝবে—এমন নিশ্চয়তা নেই। আপনি নরম হয়েও criticism পেতে পারেন। কোনো সঠিক পরিবর্তন পরিবার মেনে নিতে সময় নিতে পারে। পুরনো বন্ধু হয়তো সত্যিই দূরে চলে যাবে।

সেই সময় মানুষের acceptance-এর জন্য নিজের ফরজ বা পরিষ্কার শরয়ি সীমা ছেড়ে দেবেন না। আবার “আমি তো হকের ওপর” এই কথা বলে মানুষের সঙ্গে খারাপ আচরণও justify করবেন না।

নিজেকে মাঝে মাঝে তিনটা প্রশ্ন করুন:

আমার দ্বীনদারিতা দেখে ঘরের মানুষ কি আমার সালাতের সঙ্গে আমার ধৈর্যও বাড়তে দেখছে?
আমার জ্ঞানের সঙ্গে কি আমার বিনয়ও বাড়ছে?
নাকি তারা শুধু আমার নিষেধ, correction আর বিরক্তিই বেশি দেখছে?

এই প্রশ্নগুলোর উত্তর অনেক কিছু বলে দেবে।

সময়কেও একটু সময় দিন। প্রথম দুই সপ্তাহের excitement দেখে পরিবার হয়তো ভয় পেয়েছিল। কিন্তু ছয় মাস পরে যদি দেখে আপনি এখনও সালাতে আছেন, পড়াশোনা বা কাজও ঠিক রেখেছেন, আগের চেয়ে দায়িত্বশীল, সত্যবাদী, শান্ত এবং উপকারী হয়েছেন—তখন আপনার পরিবর্তন নিজেই কথা বলতে শুরু করবে।

দ্বীনের পথে আসার পর সবচেয়ে বড় অর্জন এটা নয় যে সবাই বলবে, “ও অনেক ধার্মিক হয়ে গেছে।”

বরং এমন হোক, তারা একদিন মনে মনে বলে,

“ও বদলেছে। আর আল্লাহর দিকে ফেরাটা ওকে আরও ভালো মানুষ বানিয়েছে।”

সত্যে স্থির থাকুন, আচরণে নরম থাকুন। আল্লাহ আমাদের এমন হিদায়াত দিন যা শুধু আমাদের পোশাক, কথাবার্তা বা routine নয়, আমাদের চরিত্রও সুন্দর করে। পরিবার ও বন্ধুদের হক নষ্ট করা থেকে রক্ষা করুন এবং আমাদের পরিবর্তনকে মানুষের জন্য ইসলাম থেকে দূরে যাওয়ার নয়, বরং ইসলামের সৌন্দর্য দেখার কারণ বানান। আমিন।

পরের পর্ব: দ্বীন শিখতে শিখতে নিজের ভেতরে অহংকার ঢুকে যাচ্ছে কি না কীভাবে বুঝবেন?

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।