দ্বীনের পথে প্রথম পদক্ষেপ | পর্ব ৪
কুরআনের সঙ্গে সম্পর্ক কীভাবে শুরু করব, যখন পড়ি কিন্তু বুঝি না বা নিয়ম ধরে রাখতে পারি না?
হয়তো আপনার ঘরে কুরআন আছে। কখনো খুলে পড়েনও। রমাদানে একটু বেশি পড়া হয়, কোনো কষ্টের সময় হঠাৎ কুরআনের দিকে মন যায়। কিন্তু কয়েকদিন পর আবার দূরত্ব তৈরি হয়। কখনো মনে হয়, “আমি তো ঠিকমতো আরবি পড়তেই পারি না।” কখনো তিলাওয়াত করেও অর্থ বুঝতে পারেন না। আবার বাংলা অর্থ পড়তে গিয়ে মনে হয়, “অনেক কিছুই তো বুঝলাম না।” একসময় কুরআন খুলতেই সংকোচ হয়।
মনে হতে থাকে, “যেদিন ভালোভাবে পড়তে শিখব, সেদিন থেকে নিয়মিত হব।” অথচ সেই “সেদিন” আসতে আসতে মাস চলে যায়, কখনো বছরও চলে যায়।
কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য প্রথম দিনেই আপনাকে শুদ্ধ তিলাওয়াতে দক্ষ হতে হবে না, বিশাল তাফসির জানতে হবে না, প্রতিদিন দীর্ঘ সময়ও দিতে হবে না। সম্পর্ক তৈরি হয় কুরআনের কাছে বারবার ফিরে আসতে আসতে। আপনি আজ যতটুকু পারেন, সেখান থেকেই শুরু করবেন। তারপর ধীরে ধীরে পড়া শিখবেন, ভুল ঠিক করবেন, অর্থ বুঝবেন এবং কুরআনের শিক্ষা জীবনে আনার চেষ্টা করবেন।
আপনার আরবি পড়া দুর্বল হলে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। কারও সুন্দর তিলাওয়াত শুনে নিজের পড়া নিয়ে এমন লজ্জা পাবেন না যে কুরআনই বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়তে গিয়ে আটকে যায় এবং পড়া তার জন্য কষ্টকর হয়, তার জন্য রয়েছে দুইটি প্রতিদান।
সহিহ মুসলিম, ৭৯৮
একটু ভাবুন। আপনি একটি শব্দ পড়তে গিয়ে থেমে গেলেন, আবার চেষ্টা করলেন, শিক্ষককে শুনালেন, আবার ভুল হলো। আপনি হয়তো এটাকে নিজের অযোগ্যতা ভাবছেন। অথচ সেই কষ্টের মধ্যেও আপনার জন্য প্রতিদান রাখা হয়েছে। তাই “আমি ভালো পড়তে পারি না” যেন কুরআন থেকে দূরে থাকার কারণ না হয়, বরং শেখার কারণ হয়।
আর যদি আপনি একেবারেই আরবি পড়তে না পারেন? তাহলে অক্ষর থেকেই শুরু করুন। কোনো যোগ্য শিক্ষক বা নির্ভরযোগ্য কায়দার মাধ্যমে ধীরে ধীরে শিখুন। শেখার সময় নির্ভরযোগ্য তিলাওয়াত শুনে অনুসরণ করতে পারেন, পাশাপাশি বাংলা অর্থও পড়ুন। “আগে পুরো আরবি শিখে নিই, তারপর কুরআনের কাছে যাব” এই অপেক্ষায় থাকবেন না। আরবি পড়া শেখার যাত্রা চলবে, একই সঙ্গে কুরআন কী বলছে সেটাও জানার চেষ্টা চলবে।
একটা বিষয় এখানে পরিষ্কার রাখা দরকার। কুরআনের মূল পাঠ আরবিতে। বাংলা অনুবাদ কুরআনের অর্থ বুঝতে আমাদের সাহায্য করে। তাই শুধু বাংলা অনুবাদ পড়েই আরবি তিলাওয়াত শেখার চেষ্টা বন্ধ করে দেবেন না। আবার আরবি পড়ছি বলে অর্থ জানার প্রয়োজন নেই, এটাও ভাববেন না। দুটোই ধীরে ধীরে পাশাপাশি এগোবে।
আল্লাহ বলেন, “এটি এক বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি নাযিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বোধসম্পন্নরা উপদেশ গ্রহণ করে।”
সূরা সাদ, ৩৮:২৯
এখানেই আমাদের অনেকের কুরআন পড়ায় একটা ঘাটতি থেকে যায়। আমরা এক পৃষ্ঠা পড়ি, দুই পৃষ্ঠা পড়ি, তিলাওয়াত শেষ করি, কিন্তু কখনো থেমে প্রশ্ন করি না, “আমি একটু আগে কী পড়লাম?”
ধরুন আপনি সূরা ফাতিহা প্রতিদিন বহুবার পড়ছেন। যেদিন প্রথম গভীরভাবে বুঝলেন, আপনি সেখানে আল্লাহর কাছে সরল পথের হিদায়াত চাইছেন, সেদিন সেই পরিচিত সূরাটাও অন্যরকম মনে হতে পারে। কোনো আয়াতে ধৈর্যের কথা পড়লেন, আর আপনার নিজের চলমান কষ্টটা মনে পড়ল। কোনো আয়াতে তাওবার দরজা দেখলেন, অথচ কয়েকদিন ধরেই নিজের একটি ভুল নিয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন। তখন বুঝতে শুরু করবেন, কুরআনের আয়াতগুলো আপনার বর্তমান জীবনকেও কীভাবে পথ দেখায়।
এর জন্য শুরুতেই বিশাল তাফসির পড়ার প্রয়োজন নেই। অল্প কয়েকটি আয়াত তিলাওয়াত করুন, তারপর নির্ভরযোগ্য বাংলা অনুবাদে অর্থ পড়ুন। যেটা বুঝতে সমস্যা হয়, বিশ্বস্ত আলেম বা শিক্ষকের পরামর্শে একটি সহজ ও নির্ভরযোগ্য তাফসির ধরে এগোন। প্রতিদিন একেকজনের একেক ব্যাখ্যা শুনে নিজেকে আরও confused করবেন না। বিশেষ করে কোনো বিধান বা জটিল আয়াত নিজের মতো ব্যাখ্যা করার চেষ্টা করবেন না।
কুরআন পড়ার সময় প্রতিদিন অনেক প্রশ্নও করতে হবে না। মাঝে মাঝে শুধু এটুকু ভাবুন, “আজকের আয়াতগুলো আমার ভেতরে কী বদলাতে চাইছে?”
হয়তো বুঝলেন, আরও কৃতজ্ঞ হওয়া দরকার। হয়তো কোনো গুনাহকে খুব হালকাভাবে নিচ্ছিলেন। হয়তো আল্লাহর কোনো গুণ সম্পর্কে নতুন কিছু জানলেন। হয়তো এমন একটি আশা পেলেন, যেটার ঠিক এই সময়েই আপনার প্রয়োজন ছিল। এখান থেকেই কুরআনের সঙ্গে সম্পর্কের আরেকটি স্তর শুরু হয়, যা বুঝছি, তার কিছুটা জীবনে আনা।
কোনো আয়াত গীবত থেকে সতর্ক করল? আজ জিহ্বাটা একটু বেশি পাহারা দিন। ক্ষমার কথা পড়লেন? যাকে ক্ষমা করতে পারছেন না, তার ব্যাপারে অন্তরের কঠোরতা নিয়ে ভাবুন। সালাতের কথা পড়লেন? পরের সালাতটা একটু বেশি গুরুত্ব দিয়ে আদায় করুন। শুধু সুন্দর আয়াত underline করলাম, screenshot নিলাম, share করলাম, কিন্তু আমার জীবন আগের মতোই রয়ে গেল, তাহলে কুরআনের পথনির্দেশ এখনো জীবনের ভেতরে ঢুকল না।
আল্লাহ বলেন, “নিশ্চয়ই এই কুরআন সেই পথের দিকনির্দেশ করে, যা সবচেয়ে সরল ও সঠিক।”
সূরা আল ইসরা, ১৭:৯
কুরআন পথ দেখায়, আর আমাদের কাজ হলো সেই পথে হাঁটার চেষ্টা করা।
এরপর আসে খুব পরিচিত একটা সমস্যা, “আমি নিয়ম ধরে রাখতে পারি না।” তিনদিন পড়লেন, চতুর্থ দিন ব্যস্ততা হলো। তারপর আরেকদিন পড়া হলো না। এবার মনে হলো, “ধারাবাহিকতাই তো নষ্ট হয়ে গেছে।” কয়েকদিনের বিরতি ধীরে ধীরে কয়েক সপ্তাহে পরিণত হলো।
এই জায়গায় একটা নিয়ম মনে রাখুন: একদিন বাদ গেছে মানে সম্পর্ক শেষ হয়ে যায়নি। পরের সুযোগেই ফিরে আসুন। পাঁচদিন বাদ গেলেও ষষ্ঠ দিনে খুলুন। একমাস বাদ গেলেও আজ খুলুন। শয়তান যেন আপনাকে এই চিন্তা দিয়ে দূরে না রাখে, “এতদিন যখন পড়নি, এখন আর কী হবে?”
শুরুতে এমন লক্ষ্যও রাখবেন না, যেটা কয়েকদিন পর বোঝা হয়ে যায়। প্রতিদিন এক পারা পড়ার পরিকল্পনা করে তিনদিন পর থেমে যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প কিছু আয়াত নিয়মিত পড়া অনেক বেশি বাস্তবসম্মত। আপনার জন্য যদি দশ মিনিট সম্ভব হয়, দশ মিনিট দিয়েই শুরু করুন। একটি পৃষ্ঠা সম্ভব হলে একটি পৃষ্ঠা। খুব ব্যস্ত দিনে কয়েকটি আয়াত হলেও সম্পর্কটা জীবিত রাখুন।
একটি নির্দিষ্ট সময় ঠিক করাও সাহায্য করতে পারে। ফজরের পর, কোনো নির্দিষ্ট সালাতের পর, অথবা ঘুমানোর আগে। কুরআনকে যদি শুধু “সময় পেলে পড়ব” তালিকায় রাখেন, সেই সময় অনেক দিনই আর আসে না। দিনের একটি পরিচিত সময়ের সঙ্গে কুরআনকে জুড়ে দিলে ফিরে আসা সহজ হয়।
তবে কুরআন পড়াকেও শুধু productivity project বানাবেন না। আজ কয় পৃষ্ঠা, কয় মিনিট, streak কতদিন, এগুলো সাহায্য করতে পারে, কিন্তু আসল প্রশ্ন এগুলো নয়। আসল প্রশ্ন হলো, কুরআনের সঙ্গে আমার পরিচয় কি বাড়ছে? আল্লাহর কথা কি আমার সিদ্ধান্তে একটু একটু করে জায়গা পাচ্ছে?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং শেখায়।”
সহিহ আল বুখারি, ৫০২৭
কুরআন শেখা কোনো একদিন শেষ হয়ে যাওয়ার project নয়। আজ আপনি হরফ শিখছেন। এরপর তিলাওয়াত ঠিক করছেন। তারপর অর্থ বুঝছেন। এরপর একটি আয়াত জীবনে প্রয়োগ করছেন। বহু বছর পরও সেই একই কুরআনের সামনে বসে নতুন কিছু শিখবেন। এটাই এই সম্পর্কের সৌন্দর্য।
তাই খুব সহজ করে শুরু করতে চাইলে প্রতিদিনের জন্য ১৫ মিনিটের একটি ছোট অভ্যাস করতে পারেন। প্রথম ৫ মিনিট তিলাওয়াত করুন বা শুদ্ধ পড়া শিখুন। পরের ৫ মিনিট যে আয়াতগুলো পড়েছেন তার বাংলা অর্থ দেখুন। শেষ ৫ মিনিট একটি আয়াত নিয়ে ভাবুন, আজ এর একটি শিক্ষা কীভাবে জীবনে আনা যায়।
কোনো দিন ১৫ মিনিটও সম্ভব না হলে পুরোটা বাদ দেবেন না। যতটুকু পারেন, ততটুকু করুন। উদ্দেশ্য নিখুঁত routine বানানো নয়, উদ্দেশ্য কুরআনের কাছে নিয়মিত ফিরে আসার মানুষ হওয়া।
আর মনে রাখবেন, কুরআন খুললেই প্রতিদিন চোখে পানি আসবে না। প্রতিদিন গভীর অনুভূতিও হবে না। কোনো দিন খুব মন দিয়ে পড়বেন, কোনো দিন মন বসবে না। কোনো আয়াত সঙ্গে সঙ্গে বুঝবেন, কোনো আয়াত বুঝতে সময় লাগবে। সম্পর্কের সত্যতা শুধু আবেগের তীব্রতায় মাপা হয় না। অনুভূতি কম থাকলেও আল্লাহর কালামের কাছে ফিরে আসতে থাকা গুরুত্বপূর্ণ।
হয়তো আজ কুরআন আপনার কাছে এমন একটি কিতাব, যাকে আপনি অনেক সম্মান করেন, কিন্তু খুব কাছ থেকে এখনো চেনেন না। ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছানোই লক্ষ্য, যেখানে ভয় পেলে কুরআনের কথা মনে পড়ে, সিদ্ধান্তে দ্বিধা হলে আল্লাহর নির্দেশ খুঁজতে ইচ্ছা করে, ভুল করলে তাওবার আয়াত মনে পড়ে, আর সুখ পেলে কৃতজ্ঞতার ভাষাও কুরআন থেকে শিখতে থাকেন।
তখন কুরআন শুধু তাকের ওপর রাখা সম্মানিত একটি কিতাব থাকবে না। এটা আপনার চিন্তা, ভয়, আশা, সিদ্ধান্ত এবং আল্লাহর দিকে ফিরে আসার পথনির্দেশ হয়ে উঠবে।
আজ খুব বড় কিছু দিয়ে শুরু করতে হবে না। কুরআন খুলুন। অল্প পড়ুন। অর্থ দেখুন। একটি আয়াতের সামনে একটু থামুন। তারপর নিজের কাছে শুধু এই প্রশ্নটা রাখুন:
“এই আয়াত জানার পর আজকের আমি কি আগের মতোই থাকব?”
আল্লাহ আমাদের কুরআন সঠিকভাবে তিলাওয়াত করতে, বুঝতে এবং জীবনে ধারণ করতে তাওফিক দিন। কুরআনকে আমাদের অন্তরের আলো, জীবনের পথনির্দেশ এবং তাঁর নৈকট্যের মাধ্যম বানিয়ে দিন। আমিন।
পরবর্তী পর্ব: সব গুনাহ একসঙ্গে ছাড়তে পারছি না। বারবার একই ভুলে ফিরে গেলে কীভাবে পরিবর্তন শুরু করব?
#দ্বীনের_পথে_প্রথম_পদক্ষেপ
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন