মূল লেখায় যান

Study Room লেখা

সব খরচ টাকায় দেখা যায় না। কিছু খরচ সন্তানের ভেতরে জমতে থাকে, চুপচাপ

বিষয়: ·

সব খরচ টাকায় দেখা যায় না। কিছু খরচ সন্তানের ভেতরে জমতে থাকে, চুপচাপ।

বিল ঠিক সময়ে দেওয়া হচ্ছে। ফ্রিজে খাবার আছে। স্কুলের ফি যাচ্ছে। সন্তানের জামাকাপড়, খেলনা, পড়াশোনা—কোনোটাতেই কমতি নেই। বাইরে থেকে দেখলে পরিবারটাকে বেশ গুছানোই মনে হয়। কিন্তু রাতে ঘুমানোর আগে কখনো ভেবে দেখেছেন, ঘরের মানুষগুলোও কি ঠিক আছে?

সকাল শুরু হয় তাড়াহুড়ো দিয়ে। “দেরি হয়ে যাচ্ছে।” “তাড়াতাড়ি খাও।” “এখন কথা বলো না।” তারপর অফিস, কাজ, ফোন, মেইল, দায়িত্ব। সন্ধ্যায় শরীরটা ঘরে ফেরে, কিন্তু মাথার ভেতর তখনও দিনের চাপ। সন্তান কিছু বলতে আসে, “একটু পরে বলো।” খেলতে ডাকে, “আজ খুব ক্লান্ত।” একই কথা কয়েকবার বললে বিরক্তি আসে। ভুল করলে ধৈর্য ধরে বোঝানোর বদলে বকা দিয়ে বিষয়টা শেষ করতে ইচ্ছে করে।

একদিনে কিছু হয় না। কিন্তু এই “একটু পরে”গুলো জমতে জমতে সন্তান একসময় আর বলতে আসে না। সে বুঝে নেয়, আব্বু আম্মু তাকে ভালোবাসেন, কিন্তু তাদের কাছে সবসময় সময় নেই। নিজের ছোট ছোট গল্পগুলো আর বলে না। স্কুলে কী হলো, কে কষ্ট দিল, কোন জিনিসটা তাকে ভয় পাইয়ে দিল—অনেক কিছুই তার নিজের ভেতর থেকে যায়। তারপর আমরা অবাক হয়ে বলি, “আগে তো সব কথা বলত, এখন এত চুপচাপ কেন?”

দুজনের চাকরি করাটাই সমস্যা নয়। অনেক পরিবারের জন্য দুজনের আয় প্রয়োজন, অনেকের বাস্তবতাই এমন। সমস্যা তখন, যখন কাজ শেষে পরিবারের জন্য আর আমাদের মনটাই অবশিষ্ট থাকে না—থাকে শুধু ক্লান্ত শরীর, অল্প ধৈর্য আর “কাল কথা বলব।” ঘর তখনও চলছে। রান্না হচ্ছে, বাজার হচ্ছে, স্কুল চলছে, সবাই একই ছাদের নিচে আছে। কিন্তু ঘরের উষ্ণতাটা একটু একটু করে কমতে পারে। আর সবচেয়ে আগে সেটা টের পায় সন্তান।

কারণ সন্তানের কাছে “সময়” মানে শুধু তার পাশে বসে থাকা নয়। তার কথা মন দিয়ে শোনা, প্রশ্নের উত্তর দেওয়া, ভুল করলে শেখানো, ভয় পেলে আশ্বস্ত করা, সালাতের সময় পাশে দাঁড়ানো, তাকে বুঝতে দেওয়া—“তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ।”

আল্লাহ বলেন, “হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।”
সূরা আত-তাহরীম, ৬৬:৬

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বাধীনদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। বাবা তার পরিবারের দায়িত্বশীল, মা তার ঘর ও সন্তানের দায়িত্বশীল।
সহিহ বুখারি, ৮৯৩

তাই সন্তানের দায়িত্ব শুধু তার খরচ বহন করা নয়। সে কী শিখছে, কাকে অনুসরণ করছে, কী নিয়ে ভয় পাচ্ছে, তার সালাত কেমন, তার মনে কী জমছে—এসবও আমাদের আমানতের অংশ। কখনো আমরা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে এত ব্যস্ত হয়ে পড়ি যে বুঝতেই পারি না—যে সন্তানের ভবিষ্যতের জন্য এত কিছু করছি, তার বর্তমানটাই আমাদের কাছ থেকে সরে যাচ্ছে।

আল্লাহ বলেন, “তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিযিক চাই না; আমিই তোমাকে রিযিক দিই।”
সূরা ত্ব-হা, ২০:১৩২

এই আয়াত চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে না। কিন্তু আমাদের অগ্রাধিকারগুলো ঠিক আছে কি না, সেটা ভাবতে বাধ্য করে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আলাদা করে রাখাও সবসময় সম্ভব নয়। কিন্তু কিছু সময় কি শুধু পরিবারের হতে পারে? ফোনটা পাশে রেখে সন্তানের কথা শোনা, অন্তত একটি খাবার একসঙ্গে খাওয়া, ঘুমের আগে কয়েক মিনিট কথা বলা, সালাত বা কুরআনের ছোট কোনো সময় একসঙ্গে রাখা, সন্তান কথা বলতে এলে মাঝেমধ্যে সত্যিই সবকিছু থামিয়ে তার দিকে তাকানো।

কারণ সে হয়তো আপনার কাছে দামি কিছু চাইছে না। হয়তো সে শুধু অপেক্ষা করছে, কখন আপনি ফোনটা নামিয়ে বলবেন, “হ্যাঁ, বলো। আমি শুনছি।”

রিযিকের জন্য চেষ্টা করতে হবে। দায়িত্বও পালন করতে হবে। কিন্তু সেই চেষ্টার মাঝখানে যেন এমন না হয়, ঘরের জন্য সবকিছু জোগাড় করতে করতে আমরা ঘরের মানুষগুলোকেই হারিয়ে ফেলি।

কারণ সন্তানের শৈশব আমাদের কাজ শেষ হওয়ার অপেক্ষা করে না।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।