একটা রিল শেষ হলো। আরেকটা শুরু হলো। তারপর আরেকটা। কিছুক্ষণ পর ফোনটা নামিয়ে বুঝলেন, এতক্ষণ কী দেখলেন তার অর্ধেকও ঠিকমতো মনে নেই।
তারপর সালাতে দাঁড়ালেন। শরীর জায়নামাজে, কিন্তু মাথায় একটু আগে দেখা ভিডিও, একটা কমেন্ট, কোনো খবর, কারও মুখ, কোনো কথা ঘুরছে। কুরআন পড়তে বসলে কয়েক মিনিট পরই হাত আবার ফোনের দিকে যায়। অথচ আধঘণ্টা স্ক্রল করার সময় মনকে ধরে রাখতে কোনো কষ্টই হয়নি।
আরেকটা জিনিসও হয়তো খেয়াল করেছেন। একই পাঁচ মিনিটে আপনি কারও মৃত্যু দেখছেন, কারও কান্না, একটা ভয়ংকর দুর্ঘটনা, তারপর কোনো ঝগড়া, তার পরেই মজার একটা ভিডিও। কয়েক সেকেন্ড আগে যে দৃশ্য দেখে বুকটা ভারী হওয়ার কথা, পরের swipe-এই সেটার জায়গায় হাসি চলে এসেছে।
আবার কখনো ফোন বন্ধ করার পর নিজের জীবনটাই ছোট মনে হয়। কারও সুন্দর সংসার, কারও শরীর, কারও ব্যবসা, কারও ভ্রমণ, কারও দ্বীনি জীবন দেখে মনে হয়, “সবাই কত এগিয়ে যাচ্ছে, শুধু আমি কিছুই করতে পারলাম না।”
এই অভিজ্ঞতাগুলো যদি আপনার পরিচিত লাগে, তাহলে বিষয়টা শুধু “আমি ফোন একটু বেশি ব্যবহার করি” এতটুকু নাও হতে পারে।
সাম্প্রতিক সময়ে “brain rot” শব্দটি খুব আলোচিত হয়েছে। এটি কোনো প্রতিষ্ঠিত medical diagnosis নয়। বরং অতিরিক্ত নিম্নমানের, দ্রুত বদলে যাওয়া বা অত্যন্ত stimulating online content গ্রহণের সম্ভাব্য মানসিক ও আচরণগত প্রভাব বোঝাতে শব্দটি ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে Brain Sciences জার্নালে প্রকাশিত একটি review-তে এই phenomenon-এর সঙ্গে emotional desensitization, cognitive overload এবং negative self-concept-এর মতো বিষয়গুলো সম্পর্কিত হিসেবে আলোচনা করা হয়েছে।
একজন মুসলিমের জন্য এখানেই আরও গভীর একটা প্রশ্ন আসে।
আমার মস্তিষ্ক কী গ্রহণ করছে শুধু সেটা নয়, আমার চোখ, কান আর হৃদয়ের ভেতর প্রতিদিন কী ঢুকছে?
“Brain rot” শব্দটা নতুন। কিন্তু মানুষ কী দেখছে, কী শুনছে, কী নিয়ে নিজের মন ভরিয়ে রাখছে এবং এসবের জন্য তার ভেতরের মানুষটা কী হয়ে যাচ্ছে, এই হিসাব ইসলামে নতুন নয়।
আল্লাহ তাআলা বলেন,
“যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়, এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
সূরা আল ইসরা, ১৭:৩৬
একবার আয়াতটা নিজের ফোনের screen-এর সামনে বসিয়ে দেখুন। আজ আমার চোখ কী কী দেখেছে? আমার কান কী শুনেছে? কোন কথাগুলো আমার হৃদয়ে জায়গা পেয়েছে? সারাদিন শেষে শুধু আমার মাথা ক্লান্ত, নাকি আমার অন্তরও এমন অনেক কিছু বহন করছে যেগুলো সেখানে থাকারই কথা ছিল না?
১. মানুষের কষ্টও কি ধীরে ধীরে “আরেকটা কনটেন্ট” হয়ে যাচ্ছে?
আগে হয়তো কোনো দুর্ঘটনা বা কারও কষ্টের কথা শুনলে অনেকক্ষণ মন খারাপ থাকত। এখন আমরা কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু, যুদ্ধ, কান্না, অপমান, ঝগড়া, scandal, joke এবং advertisement দেখে ফেলি। প্রতিটি ঘটনাই কয়েক সেকেন্ডের জন্য আসে, তারপর আঙুলের একটুখানি নড়াচড়ায় হারিয়ে যায়।
এতে প্রত্যেক মানুষ অবশ্যই অনুভূতিহীন হয়ে যাবে, এমন দাবি করা ঠিক নয়। মানুষের মানসিক অবস্থা ও প্রতিক্রিয়া আলাদা। তবে গবেষণায় যে emotional desensitization, অর্থাৎ বারবার exposure-এর ফলে আবেগগত সাড়া কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা অন্তত আমাদের নিজের হৃদয়ের দিকে তাকানোর একটা সুযোগ দেয়।
আমি কি মানুষের কষ্টকে এত বেশি content হিসেবে দেখছি যে মানুষটাকেই ভুলে যাচ্ছি?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।”
সহিহ আল বুখারি, ৭৩৭৬
এর মানে প্রতিটি দুঃখের ভিডিও দেখে কাঁদতেই হবে, এমন নয়। কিন্তু কারও বিপদকে entertainment বানানো, মানুষের অপমান উপভোগ করা, কষ্টের দৃশ্য শুধু curiosity-এর জন্য বারবার দেখা, এগুলো আমাদের হৃদয় কোন দিকে নিয়ে যাচ্ছে তা ভাবার দরকার আছে।
কখনো আরেকটা tragedy video দেখার চেয়ে ফোনটা নামিয়ে সেই মানুষের জন্য দু‘আ করাটা বেশি প্রয়োজনীয় হতে পারে।
২. মাথার ভেতর এত কিছু ঢুকছে যে আল্লাহর সামনে দাঁড়িয়েও স্থির থাকতে পারছেন না?
সকালে চোখ খুলেই notification। তারপর message, news, reel, email, politics, খাবার, business advice, relationship drama, Islamic reminder, আবার entertainment। কয়েক মিনিটের মধ্যে দশ রকম বিষয় মাথায় ঢুকে গেল, কিন্তু কোনো একটাকেও গভীরভাবে ভাবা হলো না।
এই ধরনের অতিরিক্ত তথ্যের চাপকে গবেষণায় cognitive overload-এর সঙ্গে সম্পর্কিত হিসেবে আলোচনা করা হয়। এর মানে এই নয় যে social media ব্যবহার করলেই সালাতের খুশু নষ্ট হবে। সালাতে মনোযোগ কমে যাওয়ার বহু কারণ থাকতে পারে। কিন্তু নিজের জীবনে একটা সৎ প্রশ্ন করা যায়:
আমি কি সারাদিন আমার মনকে প্রতি কয়েক সেকেন্ডে নতুন কিছু খুঁজতে অভ্যস্ত করছি, তারপর আশা করছি সালাতে দাঁড়িয়ে সেই মন হঠাৎ শান্ত হয়ে যাবে?
আল্লাহ তাআলা সফল মুমিনদের সম্পর্কে বলেন,
“যারা নিজেদের সালাতে বিনয়ী ও মনোযোগী এবং যারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে রাখে।”
সূরা আল মু’মিনুন, ২৩:২–৩
এই আয়াত social media নিয়ে নাযিল হয়নি। তাই একে reels বা scrolling-এর সরাসরি দলিল বলা ঠিক হবে না। তবে আয়াতের শিক্ষা আমাদের একটা গুরুত্বপূর্ণ self-check দেয়: আমার সময় ও মন এমন কত বিষয়ের পেছনে যাচ্ছে, যেগুলো শেষ হওয়ার পর আমার দুনিয়া বা আখিরাতে কিছুই যোগ করছে না?
প্রতিটি মজার ভিডিও হারাম নয়। বিশ্রাম নেওয়াও দোষের নয়। কিন্তু বৈধ entertainment-ও যদি এমন পরিমাণে চলে যায় যে প্রয়োজনীয় কাজ, কুরআন, সালাত, পরিবার বা নিজের চিন্তার জন্য মন আর স্থির হতে পারে না, তাহলে সমস্যা content-এর নামের চেয়ে পরিমাণ ও প্রভাবের মধ্যে।
হয়তো কুরআন boring হয়ে যায়নি।
হয়তো আপনার মন খুব দ্রুত stimulation পাওয়ার অভ্যাস করে ফেলেছে।
আল্লাহ বলেন,
“জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।”
সূরা আর রা‘দ, ১৩:২৮
স্ক্রলিং আপনাকে একটার পর একটা নতুন জিনিস দিতে পারে। কিন্তু নতুনত্ব আর প্রশান্তি এক জিনিস নয়।
৩. অন্যের জীবনের highlight দেখতে দেখতে নিজের জীবন সম্পর্কে ধারণাটাই কি বদলে যাচ্ছে?
নিজের সাধারণ সকালকে তুলনা করছেন কারও সাজানো morning routine-এর সঙ্গে। নিজের সংসারকে কারও সুন্দর couple reel-এর সঙ্গে। নিজের income-কে successful entrepreneur-এর সঙ্গে। এমনকি নিজের ঈমানকেও অন্য কারও সুন্দর ইসলামিক জীবনধারার সঙ্গে তুলনা করছেন।
তারপর নিজের ভেতরে কথা শুরু হয়: “আমার জীবন এত ordinary কেন?” “আমার দ্বারা কিছু হবে না।” “আমি অনেক পিছিয়ে গেছি।” “আমি ভালো মুসলিমও হতে পারলাম না।”
২০২৫ সালের ওই review-তে negative self-concept, অর্থাৎ নিজের সম্পর্কে ক্রমাগত নেতিবাচক ধারণা তৈরি হওয়ার বিষয়টিও আলোচিত হয়েছে। কিন্তু একজন মুসলিমের জন্য এই জায়গায় সমাধান শুধু “নিজেকে ভালোবাসুন” ধরনের কথা নয়।
ইসলাম আমাদের নিজের ভুল অস্বীকার করতে শেখায় না। বরং ভুল চিনতে শেখায়, আবার সেই ভুলের কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হতেও নিষেধ করে।
আল্লাহ তাআলা বলেন,
“হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
সূরা আয যুমার, ৩৯:৫৩
এর পরের আয়াতেই আল্লাহর দিকে ফিরে আসার নির্দেশ এসেছে। অর্থাৎ ইসলামি সমাধান হলো না, “আমি যেমন আছি তেমনই perfect।” আবার এটাও নয়, “আমি এত খারাপ যে আমার আর ফেরার পথ নেই।”
বরং,
ভুল হয়েছে, তাই তাওবা করব। পিছিয়ে গেছি, তাই আবার শুরু করব। আল্লাহর রহমত আছে, তাই হাল ছাড়ব না।
কারও জীবনের ত্রিশ সেকেন্ড দেখে নিজের পুরো জীবনকে ব্যর্থ ঘোষণা করার প্রয়োজন নেই।
তাহলে কি ফোনটাই সমস্যা?
শুধু ফোনকে দোষ দিলে উত্তরটা খুব সহজ হয়ে যায়।
একই ফোনে কেউ কুরআন শেখে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে, কাজ করে, প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে। আবার একই ফোনেই ঘণ্টার পর ঘণ্টা গীবত, অশ্লীলতা, pointless argument, comparison এবং এমন কনটেন্ট দেখা যায় যেগুলো শেষ হওয়ার পর মানুষের কাছে কিছুই থাকে না।
তাই প্রশ্নটা “ফোন ভালো না খারাপ?” নয়।
প্রশ্ন হলো, আমার ব্যবহার আমাকে কী ধরনের মানুষ বানাচ্ছে?
আমরা শরীরের খাবারের ব্যাপারে খুব সচেতন হতে পারি। কোন খাবারে কত calorie, sugar কত, protein কত, সব দেখি। অথচ মনের সামনে প্রতিদিন যা আসছে তার ব্যাপারে কোনো filter নেই। যা সামনে আসে দেখলাম, যা autoplay হলো শুনলাম, algorithm যেদিকে নিয়ে গেল সেদিকেই গেলাম।
তারপর অবাক হই, “আমার মাথাটা এত অস্থির কেন?”
হয়তো digital life-এও একটু তাকওয়া দরকার। সবকিছুকে “হারাম” বলে দেওয়া নয়, বরং নিজের সীমা জানা এবং নিজের হৃদয়ের দায়িত্ব নেওয়া।
এক সপ্তাহ নিজের feed লক্ষ্য করুন। কোন account দেখার পর মানুষের গীবত করতে ইচ্ছা হয়? কোন content কামনা বাড়ায়? কোন page দেখার পর নিজের জীবনকে ঘৃণা করতে শুরু করেন? কোন ধরনের video আপনাকে এতক্ষণ আটকে রাখে যে সালাত দেরি হয়ে যায়? আবার কোন content সত্যিই কোনো উপকারী জ্ঞান দেয়, ভালো কাজে আগ্রহী করে বা আল্লাহকে মনে করায়?
তারপর সিদ্ধান্ত নিন।
কিছু account mute করুন। কিছু page unfollow করুন। প্রতিটি ফাঁকা মুহূর্ত reel দিয়ে পূরণ করবেন না। সালাতের ঠিক আগে কয়েক মিনিট ফোন থেকে দূরে থাকুন। ছোট ছোট clip-এর পাশাপাশি একটা ভালো বই, একটা পূর্ণ lecture বা কুরআনের কয়েক আয়াত অর্থসহ পড়ার অভ্যাস করুন।
কোনো মানুষের কষ্ট দেখলে সবসময় আরেকটা ভিডিওতে চলে যাবেন না। কখনো একটু থামুন, দু‘আ করুন। কারও নিয়ামত দেখলে নিজের জীবনকে ছোট না করে তার জন্য বরকতের দু‘আ করুন। নিজের ভুল মনে পড়লে “আমার দ্বারা হবে না” না বলে তাওবার দরজায় ফিরে যান।
আমাদের প্রতিটি আধুনিক সমস্যার নাম কুরআনে খুঁজে পাওয়ার দরকার নেই। কিন্তু নতুন নামে আসা অনেক সমস্যার সামনে একজন মুসলিম যখন নিজের জীবন ঠিক করতে চায়, তখন তাকে বারবার কয়েকটা পুরোনো শিক্ষার কাছেই ফিরতে হয়: চোখের হিফাজত, কানের হিফাজত, হৃদয়ের হিফাজত, অনর্থক বিষয় থেকে দূরে থাকা, মানুষের প্রতি রহমত, আল্লাহর স্মরণ এবং তাঁর রহমত থেকে নিরাশ না হওয়া।
“Brain rot” শব্দটা আজকের।
কিন্তু নিজের অন্তরে কী ঢুকতে দিচ্ছেন, সেই দায়িত্বটা নতুন নয়।
আজ শুধু screen time দেখে হিসাব করবেন না যে ফোন আপনাকে কত ঘণ্টা নিয়েছে।
একবার এটাও জিজ্ঞেস করুন:
আজ আমার ফোন আমার হৃদয় থেকে কী নিয়ে গেছে, আর কী রেখে গেছে?
উত্তরটা ভালো না লাগলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। পরের swipe থেকেই অন্য সিদ্ধান্ত নেওয়া যায়।
আল্লাহ আমাদের চোখ, কান, মন ও হৃদয়কে এমন সব বিষয় থেকে হেফাজত করুন যা ধীরে ধীরে আমাদের ঈমান, চরিত্র ও চিন্তাকে দুর্বল করে। আমাদের উপকারী জ্ঞান, জীবিত হৃদয়, সালাতে খুশু এবং তাঁর স্মরণে প্রশান্তি দান করুন। আমিন।
গবেষণা সূত্র: Yousef AMF, Alshamy A, Tlili A, Metwally AHS. Demystifying the New Dilemma of Brain Rot in the Digital Era: A Review. Brain Sciences, 2025; 15(3):283.
মন্তব্য করুন