স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা আল্লাহর নিআমত। যাদের জীবনে এই নিআমত নেই তারা বোঝে জীবন কতটা বিষাক্ত হতে পারে। ভালোবাসাহীন সম্পর্ক যেন জীবিত থেকেও প্রতিদিন একবার করে মারা যাওয়া।
আমরা আধুনিক যুগের ভালোবাসাবাসির চর্চা দেখি। কিন্তু এই ভালোবাসাগুলো আড়ম্বরে ভরা। গল্প উপন্যাস কিংবা নাটক সিনেমার রঙ মাখা। ভালোবাসাবাসি সাহাবায়ে আজমাইন রাদিআল্লাহু আনহুমের মধ্যেও ছিলো। তাদের ভালোবাসার কথাও এসেছে তাদের জীবনীতে। যেমনটা এসেছে সাহাবিয়া উম্মে কুলসুম বিনতে আবি বকরের কথা। তিনি বিয়ের আগে দু‘আ করতেন :
“হে আল্লাহ! তুমি আমাকে এমন একজন স্বামী দান করো যে আমার উপর অঝোর ধারায় ভালোবাসা ঢালবে এবং সে আল্লাহর ইবাদতগুজার বান্দা হবে।”
আল্লাহ তা‘আলা উম্মে কুলসুমের দু‘আ কবুল করেন। তার জীবনে স্বামী হয়ে আসেন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিআল্লাহু আনহু। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবীদের একজন। কি বিরাট ব্যাপার স্যাপার! উম্মে কুলসুমের ধারণায়ও ছিলো না যে তার মত সাধারণ একজন নারীর স্বামী বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আগাম খোশখবর পাওয়া খোশনসীবদের একজন। শুধু এতটুকুই নয়। তালহা প্রাণ দিয়ে ভালোবাসতেন উম্মে কুলসুমকে। উম্মে কুলসুম নিজেই বলেছেন :
তিনি যখন আমায় দেখতেন খুশিতে উদ্বেল হতেন। আমার আওয়াজ শুনে মুচকি মুচকি হাসতেন। আমি কাঁদলে তিনিও কাঁদতেন। আমার বিছানায় আমার বুকে মাথা রেখে শান্ত হওয়া ছাড়া তিনি ঘুমাতেন না। তার কোনো সালাত এমন ছিলো না যার পর তিনি আমার জন্য দু‘আ করতেন না। আমি অসুস্থ হলে আমার ব্যথা যেন তার নিজের ব্যথাকে ছাড়িয়ে যেত। যেন অসুস্থতা তার শরীরেই। তিনি আমাকে একা ছেড়ে যেতেন না। বরং আমার পাশে বসে থাকতেন। তিনি যখন খেতেন আগে নিজ হাতে লোকমা তুলে আমাকে খাওয়াতেন।
আমি ছিলাম তার কাছে একদিকে গর্ব ও মর্যাদা আর অন্যদিকে তিনি আমার সান্ত্বনা ও আশ্রয়।
একদিন তালহা রাদিআল্লাহু আনহু ঘরে এলে উম্মে কুলসুম দেখলেন স্বামীর মুখে কেমন যেন দুঃখের ছাপ। তিনি ব্যকুল হয়ে জানতে চাইলেন : প্রিয়তম! আমার কোনো আচরণ কি আপনাকে কষ্ট দিয়েছে?
তালহা বললেন : না গো। তোমার মত নারী একজন মুসলিম পুরুষের জন্য কত বড় যে নিআমত!
এমন ঘটনা আরো আছে। আরেকটা বলে শেষ করে দিই। আলী-ফাতিমা রাদিআল্লাহু আনহুমার ভালোবাসার কথা আমরা কেই বা না জানি। একদিন হলো কী জানেন? ফাতিমা মিসওয়াক করছিলেন। তা দেখে আলী সেই মিসওয়াককে উদ্দেশ্য করে কবিতা আবৃত্তি করলেন :
حظيت يا عود الأراكِ بثغرها
أما خفت يا عود الأراك أراكَ
لو كنت من أهـل القتال قتلتك
ما فـاز منـي يا سِواكُ سِواكَ
ওহে আরাকের ডাল! তুমি তো তার ঠোঁটের ছোয়ার সৌভাগ্য পেয়েছো!
বল তো! হে আরাকের কাঠি! আমায় দেখে কি তুমি ভয় পাও না?
যদি তুমি যোদ্ধা হতে তবে তোমাকে মেরেই ফেলতাম!
হে সিওয়াক! আমার কাছ থেকে জয়ী হয়েছে কেবল তুমিই!
উম্মে কুলসুমের মত করে দু‘আ করলে আল্লাহ তা‘আলা কি এমন জীবনসঙ্গী দান করতে পারেন না?
~আম্মারুল হক (হাফিজাহুল্লাহ)
মন্তব্য করুন