মূল লেখায় যান

Study Room লেখা

সন্তান জন্মের আগে ইসলামী প্রস্তুতির ১৯টি বিষয়

বিষয়: ·

বাচ্চা আসার খবর জানার পর থেকেই একটা নতুন ব্যস্ততা শুরু হয়। ছোট ছোট জামা, ডায়াপার, কম্বল, বেবি কট, feeding essentials, হাসপাতালের ব্যাগ—একটার পর একটা তালিকা। বারবার মনে হয়, “কিছু যেন বাদ না পড়ে।”

কিন্তু এই প্রস্তুতির মাঝেই এমন কিছু বিষয় বাদ পড়ে যায়, যেগুলো কোনো shopping list-এ থাকে না।

যে ছোট্ট মানুষটিকে আল্লাহ আপনার হাতে আমানত হিসেবে দিতে যাচ্ছেন, তাকে কীভাবে গ্রহণ করবেন? তার জন্মের পর ইসলামীভাবে কী কী জানা দরকার? আর তার মা-বাবা হওয়ার জন্য আপনি নিজেকে কতটা প্রস্তুত করছেন?

আল্লাহ তাআলা বলেন,
“হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।”
সূরা আত তাহরীম, ৬৬:৬

সন্তানের জন্য নিরাপদ ঘর, চিকিৎসা, খাবার, পোশাকের প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনি তার দ্বীন, চরিত্র ও আখিরাতের ব্যাপারেও প্রস্তুত হওয়া মা-বাবার দায়িত্বের অংশ।

শিশুর জন্মের আগে তাই অন্তত এই ১৯টি বিষয়ে একটু একটু করে জেনে রাখুন।

১. অনাগত সন্তানের জন্য এখন থেকেই দু‘আ করুন
শুধু সুস্থতা বা সৌন্দর্যের জন্য নয়। আল্লাহর কাছে চাইুন, সন্তানকে ঈমানদার, সুস্থ, কল্যাণময় এবং আপনার চোখের শীতলতা বানিয়ে দিন। গর্ভে থাকা শিশুটিও এমন একজন মানুষ, যার ভবিষ্যৎ নিয়ে আপনি আজ থেকেই আল্লাহর কাছে বলতে পারেন।

২. নিজের জন্যও দু‘আ করুন
ভালো সন্তান চাওয়ার সঙ্গে ভালো মা-বাবা হওয়ার দু‘আও প্রয়োজন। কারণ একটি শিশুর সামনে ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, কোমল এবং আল্লাহভীরু অভিভাবক হয়ে থাকা সহজ নয়। অনেক সময় সন্তানকে শেখানোর আগেই আমাদের নিজেদের বদলাতে হয়।

৩. নবজাতক সম্পর্কিত মৌলিক ইসলামী বিধানগুলো আগে থেকেই শিখুন
শিশু জন্মানোর পর কোন আমল সুন্নাহ, কোনটি কখন করা হয়, কোন বিষয়ে বিস্তারিত মাসআলা রয়েছে—এসব তখন শারীরিক ক্লান্তি আর নতুন ব্যস্ততার মধ্যে খুঁজে বেড়ানোর চেয়ে আগে থেকেই বিশ্বস্ত আলেম বা নির্ভরযোগ্য বই থেকে জেনে রাখা অনেক সহজ।

৪. একটি সুন্দর ও অর্থবহ নাম ঠিক করুন
শুধু নামটা uncommon বা modern শোনাচ্ছে কি না, সেটাই যেন একমাত্র বিবেচনা না হয়। অর্থ কী, কোনো অনুচিত অর্থ আছে কি না, ইসলামীভাবে গ্রহণযোগ্য কি না—এসবও দেখে নিন। সন্তানের নাম তার সঙ্গে বহু বছর থাকবে।

৫. আকীকার বিধান জেনে রাখুন
আকীকা কী, কখন করা উত্তম, সামর্থ্য না থাকলে কী হবে, ছেলে ও মেয়ের ক্ষেত্রে কী বিধান—এসব আগেই জেনে রাখলে জন্মের পর পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি কমে যায়। সপ্তম দিনে আকীকা, নামকরণ এবং ছেলেশিশুর মাথার চুল মুণ্ডনের বিষয়ে হাদিসে বর্ণনা এসেছে।

৬. শিশুর মাথার চুল কাটার মাসআলা আলাদা করে জেনে নিন
এই বিষয়ে শুধু পরিবারে প্রচলিত কথা অনুসরণ না করে নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে সঠিক মাসআলা জেনে নিন। বিশেষ করে ছেলে ও মেয়েশিশুর ক্ষেত্রে আলেমদের ব্যাখ্যা একভাবে ধরে নেওয়া ঠিক নয়।

৭. তাহনীক কী, আগে থেকেই জানুন
অনেক মা-বাবা শিশুর জন্মের পর প্রথমবার “তাহনীক” শব্দটি শোনেন। অথচ নবজাতকের তাহনীকের প্রমাণ সহিহ হাদিসে রয়েছে। এর সঠিক পদ্ধতি ও প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্বস্ত আলেমের কাছ থেকে আগেই জেনে রাখুন।

৮. breastfeeding সম্পর্কেও ইসলামের দৃষ্টিভঙ্গি জানুন
কুরআনে যারা দুধপানের মেয়াদ পূর্ণ করতে চান, তাদের জন্য দুই বছর পর্যন্ত দুধ পান করানোর কথা এসেছে। একই আয়াতে মা-বাবার পারস্পরিক পরামর্শ ও দায়িত্বের কথাও বলা হয়েছে।
সূরা আল বাকারা, ২:২৩৩

তাই breastfeeding-কে শুধু “মায়ের একার দায়িত্ব” মনে না করে, বাবার সহযোগিতা ও পরিবারের সহানুভূতির বিষয় হিসেবেও দেখুন।

৯. সন্তানের অধিকারগুলো শিখুন
সন্তানের হক শুধু খাবার, পোশাক আর ভালো স্কুল নয়। ভালোবাসা, নিরাপত্তা, ন্যায়সঙ্গত আচরণ, দ্বীনি শিক্ষা, সুন্দর চরিত্রের পরিবেশ এবং সম্মানজনক আচরণও তার অধিকারের অংশ।

একদিন আপনার সন্তান হয়তো মনে রাখবে না কোন brand-এর কাপড় পরেছিল। কিন্তু সে খুব গভীরভাবে বহন করবে—তার সঙ্গে কীভাবে কথা বলা হয়েছিল, কীভাবে তাকে ভালোবাসা হয়েছিল এবং ঘরে ইসলামকে সে কেমন দেখেছিল।

১০. নিফাসের মৌলিক মাসআলা শিশুর জন্মের আগেই শিখুন
প্রসবের পর রক্তপাতের সময় সালাত, সিয়াম, পবিত্রতা ইত্যাদি নিয়ে অনেক নতুন মা বিভ্রান্ত হয়ে পড়েন। তখন শারীরিক ক্লান্তির মধ্যে সবকিছু শেখা কঠিন হয়। তাই নিজের অনুসৃত ফিকহ অনুযায়ী নিফাসের প্রয়োজনীয় মাসআলা আগে থেকেই জেনে রাখুন।

১১. নিফাসের সময় এবং পবিত্র হওয়ার পর সালাতের বিধান পরিষ্কার করে নিন
নিফাস অবস্থায় নারী সালাত আদায় করেন না। পবিত্র হওয়ার পর আবার সালাত শুরু করতে হয়। কখন পবিত্র ধরা হবে, অনিয়মিত রক্তপাত হলে কী করবেন—এই ধরনের বাস্তব প্রশ্ন আগে থেকেই বিশ্বস্ত আলেমা বা আলেমের কাছে জেনে রাখলে পরে অস্থিরতা কমবে।

আর স্বামীও বিষয়টি জানুন। নতুন মায়ের recovery, feeding এবং শিশুর যত্নের মধ্যে সালাতের সময়টুকু যেন সহজ হয়, সে জন্য সাহায্য করাও পরিবারের দায়িত্ববোধের অংশ।

১২. নিফাস শেষ হওয়ার পর ফরজ গোসলের নিয়ম জেনে রাখুন
কখন গোসল ফরজ হবে এবং ফরজ গোসলের সঠিক পদ্ধতি কী—এই basic বিষয়টাও আগেই পরিষ্কার থাকুক।

১৩. মা-বাবার ইসলামী দায়িত্বগুলো নিয়ে এখন থেকেই পড়ুন
Parenting শুরু হয় সন্তান কথা বলা শেখার পরে নয়। জন্মের পর থেকেই সে একটি পরিবেশের মধ্যে বড় হয়।

আর কয়েক বছর পর যখন তাকে ইসলাম শেখাতে যাবেন, তার আগেই সে আপনার আচরণ দেখে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখে ফেলবে।

আপনি রাগের সময় কেমন, স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে কেমন কথা বলেন, সালাতের সময় কী হয়, ভুল করলে কীভাবে ক্ষমা চান—এসবই তার প্রথম পাঠ।

১৪. যে দৈনন্দিন দু‘আগুলো সন্তানকে শেখাতে চান, নিজেরাই আগে শিখুন
খাওয়ার আগে, ঘুমের সময়, ঘর থেকে বের হওয়ার সময়, টয়লেটে প্রবেশের আগে, ভয় পেলে, অসুস্থ হলে—এসব দু‘আ শুধু বই খুলে একদিনে মুখস্থ করানো যায় না। ঘরের জীবনের স্বাভাবিক অংশ বানাতে হয়।

তাই সন্তানের আগে মা-বাবার মুখেই সেগুলো অভ্যাস হয়ে উঠুক।

১৫. সন্তানের জন্য শরয়ী রুকইয়াহ কীভাবে করবেন, শিখে রাখুন
কুরআন এবং সহিহ দু‘আভিত্তিক শরয়ী রুকইয়াহ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখুন। কোন আমল প্রমাণিত এবং কোন পদ্ধতির নির্ভরযোগ্য ভিত্তি নেই—সেটাও জেনে রাখুন।

১৬. সন্তান পালনের বিষয়ে স্বামী-স্ত্রী আগেই কথা বলুন
শিশু জন্মের পর sleep deprivation আর নতুন দায়িত্বের মধ্যে প্রথমবার parenting নিয়ে মতবিরোধ শুরু করার চেয়ে আগে কথা বলা অনেক ভালো।

কে কী দায়িত্ব নেবেন? মা বিশ্রাম পাবেন কীভাবে? discipline-এর ক্ষেত্রে দুজনের দৃষ্টিভঙ্গি কী? screen, দ্বীনি পরিবেশ, আত্মীয়দের ভূমিকা—সব সিদ্ধান্ত এখনই নিতে হবে না। কিন্তু দুজন একই দিকে হাঁটতে চান কি না, সেটা এখনই পরিষ্কার হতে পারে।

১৭. সন্তানের আদব শেখানোর প্রস্তুতি নিজের আদব দিয়ে শুরু করুন
“সালাম দাও”, “বিসমিল্লাহ বলো”, “মিথ্যা বলো না”, “মানুষকে সম্মান করো”—এসব সন্তানকে বলা সহজ।

কিন্তু সে সবচেয়ে বেশি শেখে যখন দেখে মা-বাবাই সেগুলো পালন করছেন।

তাই সন্তানের চরিত্র গড়ার প্রস্তুতির একটা বড় অংশ হলো নিজের চরিত্রের দিকে তাকানো।

১৮. আল্লাহর কাছে বিশেষভাবে সালিহ সন্তান চান
সন্তানের স্বাস্থ্য, মেধা, ভবিষ্যৎ—সবকিছুর জন্য দু‘আ করুন। কিন্তু একটি দু‘আ যেন বারবার ফিরে আসে:

“ইয়া আল্লাহ, আমার সন্তানকে আপনার অনুগত বানান। তার হৃদয়কে ঈমানের ওপর স্থির রাখুন। পৃথিবী তাকে যতদূরই টানুক, সে যেন আপনাকে হারিয়ে না ফেলে।”

আপনি সন্তানকে সুন্দর পরিবেশ দিতে পারবেন, শিক্ষা দিতে পারবেন, চেষ্টা করতে পারবেন। কিন্তু হিদায়াতের মালিক আল্লাহ।

১৯. সন্তান জন্মানোর পর শেখা বন্ধ করবেন না
Motherhood বা parenthood এমন কোনো course নয়, যেটা একবার complete হয়ে গেল।

আজ newborn-এর মাসআলা। কয়েক বছর পর সালাত শেখানো। তারপর আদব, বন্ধুত্ব, screen, puberty, identity, ঈমান, সমাজ—প্রশ্ন বদলাবে, দায়িত্বও বদলাবে।

সন্তানের সঙ্গে সঙ্গে আপনাকেও শিখতে হবে।

সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত করা হয়তো সম্ভব হবে না। সবচেয়ে দামি cot না থাকলেও সন্তান বড় হবে। সব baby item কেনা না হলেও জীবন থেমে থাকবে না।

কিন্তু কাপড়, hospital bag, stroller, feeding essentials সব প্রস্তুত করতে করতে আপনার হৃদয়, জ্ঞান আর দু‘আ যেন প্রস্তুতির তালিকার বাইরে না থেকে যায়।

কারণ আপনি শুধু একটি শিশুকে পৃথিবীতে আনছেন না।

আল্লাহ চাইলে আপনার ঘরে এমন একজন মানুষ আসছে, যে একদিন সিজদা করবে, কুরআন পড়বে, মানুষের উপকার করবে এবং আপনার জন্য দু‘আ করবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া। তার একটি হলো সালিহ সন্তান, যে তার জন্য দু‘আ করে।
সহিহ মুসলিম, ১৬৩১

আজ যে ছোট্ট মানুষটির জন্য আপনি জামা ভাঁজ করছেন, একদিন সেই মানুষটিই হয়তো আপনার মৃত্যুর পর হাত তুলে বলবে,
“ইয়া আল্লাহ, আমার মা-বাবাকে ক্ষমা করুন।”

তাই শিশুর জন্মের প্রস্তুতি শুধু এই প্রশ্নে আটকে না থাকুক,
“আর কী কী কিনতে হবে?”

একবার নিজেকেও জিজ্ঞেস করুন,

“আল্লাহ যে আমানতটি আমার হাতে দিতে যাচ্ছেন, তাকে গ্রহণ করার জন্য আমি নিজেকে কতটা প্রস্তুত করছি?”

আল্লাহ প্রত্যেক অনাগত শিশুকে সুস্থ, নিরাপদ ও নেককার বানান। মা-বাবাকে তাদের জন্য রহমত, উত্তম উদাহরণ ও হিদায়াতের মাধ্যম বানান। আমাদের সন্তানদের চোখের শীতলতা এবং আখিরাতের পাথেয় করে দিন। আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।