আমার ডায়েরির পাতা থেকে… | ০৯
আল্লাহ, আমি কি সত্যিই আপনাকে ভালোবাসি?
আল্লাহ, এই প্রশ্নটা নিজের কাছেই করতে ভয় লাগে—আমি কি সত্যিই আপনাকে ভালোবাসি?
মুখে বলি, অবশ্যই ভালোবাসি। দু‘আয় বলি। আপনার কথা শুনলে মন নরম হয়, কখনো চোখও ভিজে আসে। কিন্তু নিজের জীবনটার দিকে তাকালে মাঝে মাঝে খুব অস্বস্তি হয়।
সত্যি কথা হলো, দরকারের সময় আপনাকে আমি বেশি ডাকি। কষ্ট হলে দু‘আ লম্বা হয়, ভয় পেলে ইস্তিগফার বাড়ে, কিছু খুব চাইলে রাতেও আপনার কাছে বসতে পারি। কিন্তু যখন সব ঠিক থাকে, তখন সেই তাড়াটা সবসময় থাকে না।
এটা লিখতে লজ্জা লাগছে।
আমি শান্তি চাই, রিজিক চাই, ভালো মানুষ চাই, নিরাপত্তা চাই, আমার দু‘আগুলো কবুল হোক চাই। আপনার কাছ থেকে কত কিছু চাই। কিন্তু কখনো থেমে ভাবি না—আমি কি শুধু আপনার দেওয়া জিনিসগুলোর জন্যই আপনার কাছে আসছি?
কখনো আজান শুনেও সঙ্গে সঙ্গে উঠি না। মনে হয়, এই কাজটা শেষ করি। অথচ ফোনে একটা notification এলে সঙ্গে সঙ্গে দেখি। কুরআন খুলতে আলাদা মন বানাতে হয়, কিন্তু কত অপ্রয়োজনীয় জিনিসের জন্য কোনো প্রস্তুতিই লাগে না।
এই তুলনাটা আমার নিজের কাছেই খুব খারাপ লাগে।
আর কিছু জায়গায় তো আরও পরিষ্কার বুঝি। আমি জানি আপনি কী পছন্দ করেন, তবুও নিজের ইচ্ছাটাকেই বেছে নিই। জানি কোনো জিনিস থেকে দূরে থাকা উচিত, তবুও তার কাছাকাছি যাই। পরে এসে বলি, “আল্লাহ, আমাকে ক্ষমা করুন।”
তখন মনে হয়, আমার ভালোবাসার দাবিটা এত সহজ না।
কারণ ভালোবাসা শুধু অনুভূতি হলে তো আমি অনেক রাতেই আপনাকে খুব ভালোবাসি। কিন্তু সকালে সেই ভালোবাসা আমার সিদ্ধান্তে কতটুকু থাকে?
এই জায়গাটায় এসে আমি আর বড় কোনো দাবি করতে পারি না।
আমি বলতে পারি না, “আল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি”—কারণ আমার জীবন সবসময় সেই কথার সাক্ষ্য দেয় না।
তবে একটা কথা সত্যি।
আমি আপনাকে ভালোবাসতে চাই।
শুধু কষ্টের সময় না। শুধু কিছু চাইলে না। শুধু কোনো ইসলামিক লেখা পড়ে আবেগী হলে না। স্বাভাবিক দিনেও। যখন কোনো সমস্যা নেই, তখনও। যখন আমার দু‘আ এখনো কবুল হয়নি, তখনও। যখন নিজের ইচ্ছা আর আপনার সন্তুষ্টির মধ্যে একটা বেছে নিতে হবে, তখনও।
আমি চাই, আমার ভালোবাসার একটু প্রমাণ থাকুক।
সালাতের জন্য উঠে দাঁড়ানোর মধ্যে। এমন একটা গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে, যেটা আমি অনেকদিন ধরে ছাড়তে পারছি না। কেউ না দেখলেও ভুল কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মধ্যে। ভালো সময়েও আপনাকে মনে রাখার মধ্যে।
আমি জানি, আমি নিখুঁত হব না। আজ ভালো থাকব, কাল আবার দুর্বল হয়ে যেতে পারি। কোনোদিন খুব কাছে মনে হবে, কোনোদিন নিজের গাফেলতাই আমাকে লজ্জা দেবে। কিন্তু আমি চাই না এই ওঠানামার মধ্যে আমার সম্পর্কটা শুধু প্রয়োজনের সম্পর্ক হয়ে যাক।
আল্লাহ, আমি শুধু আপনার কাছে কিছু নিতে আসতে চাই না।
আপনার সন্তুষ্টির জন্যও আপনার কাছে আসতে চাই।
কিছু না চেয়েও দু‘আ করতে চাই। শুধু শুকরিয়া বলতে চাই। শুধু বলতে চাই, “আল্লাহ, আজ আমার কিছু দরকার নেই। তবুও আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে।”
হয়তো এই জায়গায় আমি এখনো পৌঁছাইনি।
কিন্তু পৌঁছাতে চাই।
আর একটা ভয় আছে—আমি যেন আপনাকে ভালোবাসার কথা বলতে বলতে নিজের নফসকেই বেশি ভালোবেসে না বসি। যখন আমার ইচ্ছা আর আপনার হুকুম মুখোমুখি হবে, তখনই তো বোঝা যাবে আমি কাকে বেশি গুরুত্ব দিচ্ছি।
আল্লাহ, আমি জানি না আমার ভালোবাসা কতটুকু সত্যি।
কিন্তু এটুকু জানি, আমি চাই এটা শুধু মুখের দাবি হয়ে না থাকুক।
আমার কাজগুলোকে আমার কথার সঙ্গে মিলিয়ে দিন। এমনভাবে আপনাকে ভালোবাসতে শেখান, যাতে শুধু “আমি আপনাকে ভালোবাসি” বলতেই না হয়—আমার জীবনেও তার একটু প্রমাণ থাকে।
মন্তব্য করুন