বর্তমান সময়ের বিবাহগুলো এত ঠুনকো হয়ে উঠেছে যে, অনেক ক্ষেত্রে দু’বছরও টেকে না। আজকাল কেউ যদি কোনরকম দু’বছর পার করতে পারে, সেটাকেই সফল বিবেচনা করা হয়। যেন তার বিয়ে অনেক দিন টিকে গেলো৷
এর প্রধান কারণ হচ্ছে— আবেগপ্রবণ হয়ে বা না বুঝে বিয়ে করা। আবার বিবাহিত জীবনের বা এর প্রস্তুতির পরামর্শ দিচ্ছে হেল্প সিকিং গ্রুপে অবিবাহিত ছেলে মেয়েরা৷
বিবাহিত জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতা প্রায় আট বছর রানিং। অনেক আগে একটি লেখা লিখেছিলাম, সেটা আবার শেয়ার দিচ্ছি:
সূরা আর রূমের ২১ নম্বর আয়াতের আলোকে যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে বুঝি,
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো। এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।” (সূরা রূম, আয়াত ২১)
এই আয়াত থেকে স্বামী-স্ত্রীর সম্পর্ক তিনটি ধাপে ব্যাখ্যা করা যায়—
১. তাসকুনু: প্রশান্তি
“যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক।”
এই আয়াতে ‘শান্তি’র জন্য ব্যবহার করা হয়েছে ‘তাসকুনু’ শব্দটি, যার মূল অর্থ হলো সুকুন বা প্রশান্তি।
একজন মানুষের জীবনে শান্তির প্রধান উৎস তার জীবনসঙ্গী। ভালোবাসার মানুষটির পাশে থাকার মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, সেটিই দাম্পত্য জীবনের প্রথম ধাপ।
২. মাওয়াদ্দাহ: গভীর ভালোবাসা
“তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক সম্প্রীতি।”
এখানে ‘সম্প্রীতি’র জন্য ব্যবহৃত শব্দ ‘মাওয়াদ্দাহ’, যা আল্লাহর সুন্দর নাম ‘আল-ওয়াদূদ’ থেকে এসেছে। এটি বোঝায় গভীর আবেগময় ভালোবাসা, যা সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে তোলে।
তবে বাস্তব জীবনে সময়ের সাথে আবেগের তীব্রতা কমতে থাকে। দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, ভুল-ত্রুটি, এবং বাস্তবতা সম্পর্ককে অন্য রকম রূপ দেয়। এই পর্যায়ে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসে।
৩. রাহমা: দয়া ও মমতা
“এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন দয়া।”
তৃতীয় ধাপটি হলো ‘রাহমা’, অর্থাৎ দয়া, মমতা বা স্নেহ।
জীবনের প্রতিকূল মুহূর্তগুলোতে এই ‘রাহমা’ই সম্পর্ক টিকিয়ে রাখে। যখন ভালোবাসার আবেগ কমে যায়, তখনও দয়া এবং মমতার কারণে একে অপরকে ক্ষমা করা, সহানুভূতি দেখানো সম্ভব হয়।
দাম্পত্য জীবনের চ্যালেঞ্জগুলো যেমন— ঝগড়া, ভুল বোঝাবুঝি, অর্থনৈতিক টানাপোড়েন বা সন্তান সংক্রান্ত পরীক্ষাগুলো, এগুলোতে ‘রাহমা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামারি হলো –
বিয়ে একটা ইবাদাত৷ যে ইবাদতে রোমাঞ্চকর এবং যেখানে ফ্যান্টাসি আছে৷ কিন্তু বিয়ে মানেই রোমান্স আর ফ্যান্টাসি না৷
আল্লাহ তায়ালা যখন শান্তি (সুকুন) দান করেন, তখন তা উপভোগ করতে হবে। সম্পর্কের প্রতি দায়িত্বশীল থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আবার, যখন দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ আসে, তখন ধৈর্য ধরে ‘রাহমা’ প্রদর্শন করতে হবে।
আল্লাহ আমাদের তাওফিক দিন, তাঁর দেওয়া সুকুন, মাওয়াদ্দাহ এবং রাহমা অর্জন করার। আমীন। – তন্ময় ভাই
মন্তব্য করুন