শুক্রবার এলেই মনটা কেন যেন একটু অন্যরকম হয়ে যায়। আসলে শুক্রবার শুরু হওয়ার আগেই তার অনুভূতিটা চলে আসে। বৃহস্পতিবার সারাদিন হয়তো অন্য দিনের মতোই কাটে। কাজ, ঘর, সন্তান, ফোন, চিন্তা, দায়িত্ব—সবই থাকে। কিন্তু মাগরিব হয়ে গেলেই মনে হয়, আচ্ছা… জুমু‘আর রাত তো শুরু হয়ে গেল।
সালাত শেষ করে সুরা কাহফটা খুলে বসি। এই সময়টায় এসে প্রায়ই একটা কথা মনে হয়—সারাটা সপ্তাহ কত কিছুই তো পড়লাম। কত মেসেজ, কত পোস্ট, কত খবর। এবার একটু আল্লাহর কালামের সামনে বসি। সুরা কাহফ পড়া শেষ হলে রাতটা আর অকারণে দীর্ঘ করতে ইচ্ছে করে না। যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। কারণ সামনে ফজর আছে, আর আল্লাহ তাওফিক দিলে তার আগেই হয়তো তাহাজ্জুদের জন্য উঠতে পারব।
তাহাজ্জুদ শুক্রবার রাতের জন্য আলাদা কোনো বিশেষ ইবাদত নয়। কিন্তু যে মানুষটা রাতের শেষ ভাগে ওঠার চেষ্টা করে, তার কাছে জুমু‘আর রাতটাও সেই প্রিয় সুযোগগুলোর একটি। সবাই যখন ঘুমিয়ে, তখন ওযু করে জায়নামাযে দাঁড়ানোর অনুভূতিটা আসলেই অন্যরকম। দিনের বেলায় যে কথাগুলো কাউকে বলা হয় না, সিজদায় গিয়ে সেগুলোও বলা যায়। কখনো অনেক কথা হয়, কখনো আবার কিছুই বলা হয় না। শুধু মনে হয়—আল্লাহ তো জানেন।
তারপর ফজর। ফজরের পর সকালের যিকির, মাসনূন দু‘আ। একটু কুরআন। বাইরে তখন ধীরে ধীরে আলো হচ্ছে। তাড়াহুড়ো না থাকলে এই সময়টুকু খুব যত্ন করে ধরে রাখতে ইচ্ছে করে। সূর্য ওঠার পর সুযোগ হলে ইশরাকের সালাত। তারপর আবার সেই পরিচিত জীবন শুরু হয়ে যায়। রান্না করতে হবে, কাজে যেতে হবে, ঘর সামলাতে হবে, সন্তানকে দেখতে হবে, বাজার থাকতে পারে, কারো পড়াশোনা আছে, কারো ব্যবসা।
কিন্তু শুক্রবারে আমার কাছে পার্থক্যটা এখানেই। দুনিয়ার কাজ বন্ধ হয়ে যায় না, বরং কাজের মাঝেই বারবার মনে পড়ে—আজ শুক্রবার। কাজ করতে করতে দরুদ পড়া যায়। গাড়িতে বসে ইস্তিগফার করা যায়। রান্নাঘরে দাঁড়িয়েও আল্লাহকে মনে করা যায়। ব্যস্ততার মাঝখানে হঠাৎ মনে পড়ে যায়, দিনটা যেন এমনিই চলে না যায়।
বিশেষ করে দরুদ। শুক্রবারে রাসূলুল্লাহ ﷺ-এর ওপর বেশি বেশি দরুদ পাঠানোর কথা মনে হলে দিনের মাঝখানে বারবার ফিরে আসা যায় এই ছোট্ট আমলটার কাছে।
এরপর জুমু‘আর প্রস্তুতি। গোসল। পরিচ্ছন্ন হওয়া। পুরুষদের জন্য মিসওয়াক, সুগন্ধি ব্যবহার করে যথাসম্ভব আগে মসজিদে যাওয়া, মন দিয়ে খুতবা শোনা—এগুলোও তো এই দিনের সৌন্দর্যের অংশ। আর যারা ঘরে সালাত আদায় করি, তাদের জন্যও এই সময়টা অন্য দিনের মতো তাড়াহুড়ো করে পার না করে একটু সচেতনভাবে কাটানোর সুযোগ।
সালাতের পর খাওয়া। সুযোগ থাকলে একটু বিশ্রাম। তারপর আবার প্রয়োজনীয় কাজগুলো। কিন্তু আসরের পর আমার ভেতরে আবার অন্য একটা অনুভূতি শুরু হয়। মনে হয়—দিনটা তো শেষ হয়ে আসছে। সারাদিনে যা হয়েছে হয়েছে। এখন অন্তত এই সময়টুকু যেন হাতছাড়া না হয়।
শুক্রবারে দু‘আ কবুলের একটি বিশেষ সময় রয়েছে। সেই সময়টি নির্ধারণে আলেমদের একাধিক মত থাকলেও আসরের পর দিনের শেষ সময়টিকে বিশেষভাবে দু‘আর জন্য ধরে রাখার শক্তিশালী বর্ণনা রয়েছে। তাই আসরের পর থেকে মাগরিবের আগের সময়টা যতটা সম্ভব দু‘আয় কাটাতে ইচ্ছে করে।
এই সময়টাতে দু‘আর জন্য খুব সুন্দর ভাষাও লাগে না। মা বাবার কথা মনে পড়ে। স্বামী বা স্ত্রীর কথা। সন্তানদের কথা। নিজের রিযিক, ঈমান, ভবিষ্যৎ, ভয়, গুনাহ—একটার পর একটা মনে আসে। কোনো একটা গুনাহ হয়তো অনেক চেষ্টা করেও ছাড়তে পারছি না। কোনো একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে চিন্তায় আছি। কোনো একটা দু‘আ বছরের পর বছর ধরে করছি, এখনো উত্তরটা চোখে দেখিনি। কোনো মানুষের দেওয়া কষ্ট হয়তো এখনো ভেতরে থেকে গেছে।
সব নিয়ে আবার আল্লাহর কাছে বসি। কারণ মানুষের কাছে একটা কথা বললে পুরো ঘটনাটা বুঝিয়ে বলতে হয়। কেন কষ্ট পেয়েছি, কী হয়েছিল, আমি আসলে কী চেয়েছিলাম—সব ব্যাখ্যা করতে হয়। আল্লাহর কাছে সেটা লাগে না। কখনো শুধু এটুকুই বলা যায়, “ইয়া আল্লাহ, আপনি তো সব জানেন।”
তারপর নিজের জন্য চাই। পরিবারের জন্য চাই। ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য চাই। হালাল রিযিক চাই। গুনাহ থেকে বাঁচার শক্তি চাই। কবরের শান্তি চাই। হিসাব সহজ হওয়ার দু‘আ করি। জান্নাত চাই। আর এর মধ্যেই কখন যেন মাগরিবের সময় চলে আসে।
তখন সত্যি একটু খারাপ লাগে। মনে হয়, এত দ্রুত শুক্রবারটা শেষ হয়ে গেল?
আর সম্ভবত এই জায়গাটাতেই আমি বুঝি, শুক্রবারকে এত ভালো লাগে কেন। শুধু এজন্য নয় যে এই দিনে অনেক আমল আছে। বরং এই দিনটা সপ্তাহের ব্যস্ততার ভেতর আমাকে আবার মনে করিয়ে দেয়—আমি শুধু কাজ, দায়িত্ব, সংসার আর চিন্তার মধ্যে আটকে থাকা একজন মানুষ নই। আমার একজন রব আছেন। সারাটা সপ্তাহ যতই এলোমেলো হোক, তাঁর দিকে ফিরে যাওয়ার পথটা এখনো খোলা।
কত শুক্রবার যে জীবনে চলে গেছে, কোনো অনুভূতি ছাড়াই। হয়তো সামনের শুক্রবারটাও খুব ব্যস্ততার মধ্যে আসবে। সব আমল নিখুঁতভাবে করাও হয়তো সম্ভব হবে না। তবু যদি দিনটার ভেতরে একটু সচেতনভাবে বাঁচতে পারি—একটু বেশি কুরআন, একটু বেশি দরুদ, কিছুটা নিরিবিলি দু‘আ আর বারবার আল্লাহর দিকে ফিরে আসা—তাহলেই হয়তো শুক্রবার শেষে মনে হবে, আলহামদুলিল্লাহ। আরেকটা শুক্রবার আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি অন্তত চেষ্টা করেছি, দিনটা শুধু পার করে না দিতে।
মন্তব্য করুন