সুযোগটা সামনে আসে। আপনি আগ্রহীও। তবু শেষ মুহূর্তে মনে হয়, “আমি কি সত্যিই পারব?”
একটা আবেদন লিখে রেখেছেন, submit করছেন না। কাউকে কিছু বলতে চান, কিন্তু messageটা বারবার edit করছেন। সিদ্ধান্ত নিয়েছেন, তবু একে একে কয়েকজনকে জিজ্ঞেস করছেন, “আমি ঠিক করছি তো?”
সমস্যা সবসময় এই নয় যে আপনি জানেন না কী করতে হবে। অনেক সময় আপনি জানেন। শুধু নিজের সিদ্ধান্তটার ওপর ভরসা হচ্ছে না।
তারপর ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি হয়। বড় সিদ্ধান্ত তো দূরের কথা, ছোট বিষয়েও অন্য কারো assurance না পাওয়া পর্যন্ত শান্তি আসে না। নিজের বিচারবুদ্ধির চেয়ে অন্যের মতামত বেশি নিরাপদ মনে হতে শুরু করে।
অবশ্যই সব দ্বিধা আত্মসন্দেহ নয়। কোথাও আরও তথ্য দরকার, কোথাও পরামর্শ দরকার, কোথাও প্রস্তুতিও কম থাকতে পারে। কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো জানার পরও যদি একই ভয় আপনাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনে, তখন প্রশ্নটা তথ্যের নয়। প্রশ্নটা নিজের ওপর আস্থার।
নিজের সীমাবদ্ধতা জানা ভালো। কিন্তু প্রতিবার নিজেকেই প্রথমে অযোগ্য ধরে নেওয়া বিনয় নয়।
আল্লাহ বলেন, “অতঃপর যখন তুমি সিদ্ধান্ত নেবে, তখন আল্লাহর ওপর ভরসা করো।”
সূরা আলে ইমরান, ৩:১৫৯
এই আয়াত আমাদের একটা ভারসাম্য শেখায়। ভাবুন, পরামর্শ নিন, প্রয়োজন হলে প্রস্তুতি নিন। কিন্তু সিদ্ধান্ত হয়ে গেলে অন্তহীন ভয়কে নতুন নতুন যুক্তি দিয়ে বাঁচিয়ে রাখবেন না। চেষ্টা করুন, তারপর আল্লাহর ওপর ভরসা করুন।
আত্মবিশ্বাস মানে এই নয় যে, “আমি ভুল করব না।” বরং এটা হতে পারে, “ভুল হলেও শিখব। না জানলে জিজ্ঞেস করব। কিন্তু শুধু ভয় পাচ্ছি বলে শুরুটাই ছেড়ে দেব না।”
একবার নিজের মুখোমুখি হয়ে ভাবুন, আমি কতগুলো সুযোগ হারিয়েছি সত্যিই অযোগ্য ছিলাম বলে, আর কতগুলো হারিয়েছি নিজেকে আগেই অযোগ্য ধরে নিয়েছিলাম বলে?
মন্তব্য করুন