আপনি সালাত পড়েন, কুরআন পড়ার চেষ্টা করেন, মাঝে মাঝে সদাকাহ করেন, দ্বীনের কিছু শিখছেন, অন্যকেও ভালো কথা বলছেন। নিজের ভেতরে একটা আশা আছে, আল্লাহর কাছে অন্তত কিছু তো জমছে। কিন্তু কখনো কি ভেবেছেন, যে নেক আমলগুলো এত যত্ন করে জমাচ্ছেন, সেগুলোর কিছু আপনি নিজের হাতেই নষ্ট করে ফেলছেন কি না?
সব ভুল একইভাবে নেক আমল নষ্ট করে না। কোথাও একটি নির্দিষ্ট আমল কবুল হয় না, কোথাও সদাকাহর সওয়াব নষ্ট হয়ে যায়, কোথাও মানুষের হক মেটাতে নিজের নেকি অন্যের কাছে চলে যায়। আর এমন কিছু বিষয়ও আছে, যা মানুষের পুরো আখিরাতকেই বিপদের মুখে ফেলে দেয়। ভয়ংকর ব্যাপার হলো, এগুলোর অনেক কিছুই খুব নীরবে ঘটে। আপনি তখনও সালাত পড়ছেন, ইসলামিক পোস্ট শেয়ার করছেন, মানুষ তখনও আপনাকে ভালো মানুষ হিসেবেই জানে। কিন্তু আল্লাহ তো শুধু কাজটা দেখছেন না। কেন করলেন, কাকে দেখানোর জন্য করলেন, কার হক নষ্ট করলেন, কাজটার পরে কী করলেন, সবই তাঁর জানা।
ধরুন, আপনি কাউকে সাহায্য করলেন, দ্বীনের একটা লেখা লিখলেন, কুরআন তিলাওয়াত করলেন বা ভালো কোনো কাজে অংশ নিলেন। কাজটা শেষ হওয়ার পর অজান্তেই ফোনটা হাতে নিলেন। কে দেখল? কে react করল? কেউ প্রশংসা করল না কেন? অমুক তো জানলই না আমি এত কিছু করেছি! মানুষের প্রশংসা ভালো লাগলেই যে আমল রিয়া হয়ে গেল, বিষয়টা এমন নয়। কিন্তু নিজের মনকে একটা প্রশ্ন করা যায়, কেউ যদি কোনোদিন এই কাজটার কথা না জানত, তবুও কি আমি এটা করতাম?
এই প্রশ্নটার উত্তর কাউকে বলতে হবে না। আমরা নিজেরাই জানি, কিছু কাজ একেবারে গোপনে করতে বললে হঠাৎ আগ্রহটা কমে যায়। কারণ সেখানে কেউ দেখবে না, প্রশংসা করবে না, “মাশাআল্লাহ” বলবে না। অথচ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই তো এখানে। হাদীসে কুদসীতে আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি এমন আমল করে যাতে তাঁর সঙ্গে অন্য কাউকেও উদ্দেশ্যের অংশ বানায়, আল্লাহ সেই ব্যক্তি ও তার শিরক থেকে মুক্ত। (সহীহ মুসলিম ২৯৮৫)
আরেকটি হাদীস আরও ভয়ংকর। একজন ইলম শিখেছে ও শিখিয়েছে, একজন কুরআন পড়েছে, একজন সম্পদ ব্যয় করেছে। আমাদের চোখে এগুলো কত সুন্দর আমল! কিন্তু যদি ইলম শেখার পেছনে উদ্দেশ্য থাকে মানুষ তাকে আলিম বলুক, কুরআন পড়ার পেছনে থাকে মানুষ তাকে কারী বলুক, দানের পেছনে থাকে মানুষ তাকে উদার বলুক, তাহলে বাহ্যিকভাবে সুন্দর সেই আমলই আখিরাতে ভয়ংকর পরিণতির কারণ হতে পারে। (সহীহ মুসলিম ১৯০৫a) তাই মাঝে মাঝে নিজের আমলের চেয়ে নিজের নিয়তটাকেও দেখে নেওয়া দরকার। আমি কি আল্লাহর জন্য কাজটা করছি, নাকি আল্লাহর জন্য শুরু করেছিলাম কিন্তু ধীরে ধীরে মানুষের চোখটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে?
তারপর আছে সালাত। কাজ ছিল, ক্লান্তি ছিল, ফোনে সময় চলে গেল, একটা কাজ শেষ করতে করতে আরেকটা এসে পড়ল। আসর চলে গেল। আমরা অনেক সময় এমনভাবে সালাত হারিয়ে ফেলি, যেন একটা সাধারণ কাজ বাদ গেছে। অথচ রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার আমল নষ্ট হয়ে যায়।” (সহীহ আল বুখারী ৫৫৩) এই হাদীস কাউকে নিয়ে ফয়সালা করার জন্য নয়, নিজের জন্য ভয় পাওয়ার জন্য। যে সালাতকে আমি কখনো কাজের পরে, ফোনের পরে, ঘুমের পরে, দুনিয়ার সবকিছুর পরে রাখছি, সেই সালাতের ব্যাপারে রাসূল ﷺ কত কঠিন সতর্কবাণী দিয়েছেন, সেটুকু অন্তত ভাবা দরকার।
আরেকটা বিষয় অনেক সময় কৌতূহল দিয়ে শুরু হয়। “একবার দেখি তো লোকটা কী বলে”, “আমার ভবিষ্যৎ সম্পর্কে কী বলে শুনি”, “বিশ্বাস করছি না, শুধু মজা করে জিজ্ঞেস করছি।” রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎবক্তার কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করে, তার চল্লিশ রাতের সালাত কবুল হয় না। (সহীহ মুসলিম ২২৩০) এর অর্থ এই নয় যে সে চল্লিশ দিন সালাত ছেড়ে দেবে। ফরজ সালাত তাকে পড়তেই হবে। কিন্তু বিষয়টা যে “শুধু একটু মজা” করার মতো নয়, হাদীসের সতর্কতাই তা বুঝিয়ে দেয়।
এর চেয়েও বড় বিষয় শিরক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যাঁর কাছে আপনি সালাতে দাঁড়ান, দুআ করেন, যাঁর কাছেই ফিরে যেতে হবে, ইবাদতের কোনো অংশে তাঁর সঙ্গে অন্য কাউকে শরিক করার বিষয় কখনো ছোট নয়। আল্লাহ বলেন, “আপনি যদি শিরক করেন, তবে অবশ্যই আপনার আমল নিষ্ফল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।” (সূরা আয যুমার ৩৯:৬৫)
কিন্তু নেক আমল হারানোর এমন একটা দরজা আছে, যা আমাদের প্রতিদিনের সম্পর্কের ভেতরেই লুকিয়ে থাকে। মানুষের হক। মনে করুন, কয়েক বছর আগে আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আজ তার সঙ্গে ঝগড়া হলো। রাগের মাথায় বলে ফেললেন, “তোমার ওই সময় কে পাশে ছিল ভুলে গেছ?” একটা বাক্য। কয়েক সেকেন্ডের রাগ। অথচ আল্লাহ বলেছেন, “তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদাকাহ নষ্ট করো না।” (সূরা আল বাকারা ২:২৬৪) যেদিন সাহায্য করেছিলেন, সেদিন হয়তো মনে হয়েছিল আখিরাতের জন্য কিছু পাঠিয়ে দিলেন। বহুদিন পরে নিজের মুখেই সেই আমলের ক্ষতি করে ফেললেন।
আমাদের জিহ্বার হিসাবও আছে। কারও সঙ্গে মনোমালিন্য হলো, একজন বন্ধুকে ফোন করে তার সব দোষ বলে দিলেন। পরিবারের কারও ব্যক্তিগত ভুল অন্যদের কাছে বলে বেড়ালেন। স্বামী বা স্ত্রীর এমন বিষয় প্রকাশ করলেন, যা গোপন থাকা উচিত ছিল। কারও সম্মান নিয়ে হাসলেন, কাউকে অপমান করলেন। আবার কখনো বিষয়টা কথার চেয়েও বড়। কারও টাকা আপনার কাছে পড়ে আছে, কর্মচারীর পাওনা আটকে রেখেছেন, ব্যবসায় কারও প্রাপ্য দেননি, ক্ষমতার সুযোগ নিয়ে কারও ওপর জুলুম করেছেন। তারপর মনে হলো, “আমার তো অনেক নেক আমল আছে।”
রাসূল ﷺ প্রকৃত নিঃস্ব মানুষের কথা বলেছেন। সে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, কারও রক্ত ঝরিয়েছে, কাউকে আঘাত করেছে। তখন তার নেকিগুলো মজলুমদের দেওয়া হতে থাকবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপানো হবে। (সহীহ মুসলিম ২৫৮১)
এখন একটু নিজের জীবনে ফিরে আসুন। কারও নাম কি মনে পড়ছে? এমন কেউ, যার সঙ্গে আপনি অন্যায় করেছেন কিন্তু কখনো ঠিক করেননি? এমন কেউ, যার টাকা বা প্রাপ্য এখনো আপনার কাছে? এমন কেউ, যাকে আপনি এমনভাবে অপমান করেছেন যে সে হয়তো আজও ভুলতে পারেনি? এমন কারও দোষ কি আপনি অন্যদের কাছে বলেছেন, অথচ তার সামনে গেলে স্বাভাবিকভাবেই কথা বলেন?
আমরা সাধারণত নতুন নেক আমলের তালিকা বানাই। আরও কুরআন পড়ব, আরও সদাকাহ করব, আরও নফল পড়ব, আরও যিকির করব। এগুলো অবশ্যই দরকার। কিন্তু আজ হয়তো নতুন কোনো নফল আমল শুরু করার আগে পাঁচ মিনিট চুপচাপ বসা দরকার। আমার পুরোনো নেকিগুলোর কোথাও ফুটো হয়ে যাচ্ছে না তো? আমি যে দান করেছি, পরে কি সেটা দিয়ে মানুষকে খোঁটা দিচ্ছি? যে ইলম শিখছি, সেখানে কি আল্লাহর সন্তুষ্টির চেয়ে পরিচিতি বড় হয়ে যাচ্ছে? কারও হক কি আমার কাছে পড়ে আছে? আমার জিহ্বার কারণে কি কোনো মানুষ কিয়ামতের দিন আমার নেকির দাবিদার হয়ে দাঁড়াবে? আর আমার এমন কোনো ভালো কাজ আছে কি, যার কথা পৃথিবীর কেউ জানে না?
শেষ প্রশ্নটা নিজের জন্য খুব দরকার। কারণ গোপন আমল অনেক সময় আমাদের হৃদয়ের আসল অবস্থাটা দেখিয়ে দেয়। তাই কিছু আমল শুধু আল্লাহর জন্য গোপন রাখি। কাউকে সাহায্য করে পরে তাকে ছোট না করি। যার হক আছে, তার হক ফিরিয়ে দিই। কারও সম্মান নষ্ট করে থাকলে বিষয়টাকে হালকা না নিই। সালাতকে “সময় থাকলে” করা কাজের তালিকা থেকে বের করে আবার জীবনের কেন্দ্রের জায়গায় আনি। আর নিজের নিয়তকে বারবার আল্লাহর দিকে ফিরিয়ে নিই।
কারণ কিয়ামতের দিন নতুন করে আর একটি নেকিও অর্জন করার সুযোগ থাকবে না। সেদিন যা সঙ্গে থাকবে, সেটুকুই থাকবে। তাই শুধু নেক আমল করার দুআ নয়, আল্লাহর কাছে এটাও চাই, তিনি যেন আমাদের নেক আমলগুলো আমাদের নিজেদের হাত থেকেই হেফাজত করেন।
হে আল্লাহ, আমাদের আমলে ইখলাস দান করুন। শিরক, রিয়া, জুলুম, খোঁটা, মানুষের হক নষ্ট করা এবং জিহ্বার গুনাহ থেকে আমাদের রক্ষা করুন। যেসব মানুষের হক আমাদের ওপর আছে, তা দুনিয়াতেই আদায় করার তাওফীক দিন। আমাদের নেক আমলগুলো কবুল করুন এবং কিয়ামতের দিন সেগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।
মন্তব্য করুন