জীবন যখন আমানত | পর্ব ১১
ইবাদত শুরু করি, কিন্তু ধরে রাখতে পারি না কেন?
কখনো কি এমন হয়েছে, কোনো একটা দিন হঠাৎ খুব মন থেকে মনে হলো, এবার সত্যিই বদলাবেন? প্রতিদিন কুরআন পড়বেন, সকাল সন্ধ্যার যিকির করবেন, তাহাজ্জুদ চেষ্টা করবেন, সালাত আরও যত্নে পড়বেন। কয়েকদিন খুব ভালোও গেল। তারপর একদিন ঘুম কম হলো, কাজের চাপ বাড়ল, কোনো একটা আমল বাদ গেল। পরদিনও ঠিকমতো হলো না। কয়েকদিন পর কুরআনটা আবার আগের জায়গায় পড়ে আছে, আর নিজের ওপর বিরক্ত হয়ে মনে হচ্ছে, “আমি কেন কিছুই ধরে রাখতে পারি না?”
অনেক সময় সমস্যাটা ইবাদতের প্রতি ভালোবাসা না থাকার কারণে হয় না। সমস্যা হয়, শুরু করার সময় আমরা নিজের বর্তমান অবস্থাটা ভুলে যাই। যে মানুষ কয়েক মাস ধরে নিয়মিত কুরআন পড়তে পারেনি, সে হঠাৎ ঠিক করল প্রতিদিন এক পারা পড়বে। যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে না, সে ভাবল এখন থেকে প্রায় প্রতিরাতেই উঠবে। শুরুতে মন থাকে, নতুন কিছু করার আনন্দ থাকে। কিন্তু কয়েকদিন পর জীবন আবার তার স্বাভাবিক ব্যস্ততায় ফিরে আসে। তখন সেই বড় পরিকল্পনাটা আর টেকে না।
আর আমাদের একটা অভ্যাস আছে। যতটুকু পারি সেটা করার বদলে, পুরোটা না পারলে অনেক সময় কিছুই করি না। বিশ পৃষ্ঠা পড়ার কথা ছিল, আজ সময় নেই, তাই এক পৃষ্ঠাও পড়লাম না। দীর্ঘ যিকির করার পরিকল্পনা ছিল, আজ ক্লান্ত, তাই অল্প যিকিরও হলো না। তাহাজ্জুদে উঠতে পারিনি, তারপর এমন মন খারাপ হলো যেন আজ আর কিছু ভালো করারই অর্থ নেই।
অথচ ইবাদতে স্থির থাকা মানে প্রতিদিন একই পরিমাণ করা না। প্রতিদিন একই অনুভূতিও থাকবে না। কোনোদিন কুরআন খুলতেই মন চাইবে। কোনোদিন নিজের মনকে বসাতে হবে। কোনোদিন সালাতে অদ্ভুত শান্তি পাবেন। কোনোদিন মন বারবার অন্যদিকে যাবে, তবুও আপনি দাঁড়াবেন। কারণ আল্লাহর ইবাদত শুধু ভালো লাগার দিনের জন্য না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।
সহিহ বুখারি, ৬৪৬৪
সহিহ মুসলিম, ৭৮৩
এই “অল্প” কথাটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। মনে হয়, এতটুকু দিয়ে কী হবে? কিন্তু হয়তো সমস্যাটাই এখানে। আমরা এমন কিছু শুরু করি, যেটা তিনদিন খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু তিন মাস ধরে রাখা যায় না।
তবে ফরজ ইবাদতের বিষয় আলাদা। ফরজ সালাত বা অন্য ফরজ দায়িত্ব নিজের ইচ্ছামতো কমিয়ে দেওয়ার বিষয় নয়। অবশ্যই শরঈ ওজর এবং শরিয়তের দেওয়া ছাড়ের বিষয় আলাদা। এখানে কথা হচ্ছে নফল ইবাদত আর নিজের গড়ে তোলা ভালো অভ্যাসগুলো নিয়ে।
তাই নিজের জন্য এমন অল্প কিছু ঠিক করুন, যেটা ব্যস্ত দিনেও পুরোপুরি হারিয়ে যাবে না। কিন্তু শুধু “প্রতিদিন কুরআন পড়ব” বললে হবে না। কখন পড়বেন, সেটাও ঠিক করুন।
ফজরের পর এক পৃষ্ঠা কুরআন।
ইশার পর কয়েক মিনিট যিকির।
ঘুমানোর আগে কিছু ইস্তিগফার।
অথবা কোনো নির্দিষ্ট সালাতের পর একটা দু‘আ।
কারণ “সময় পেলে করব” বলা আমল অনেক সময় সময়ই পায় না। কিন্তু একটা পরিচিত সময়ের সঙ্গে জুড়ে দিলে মনে রাখাও সহজ হয়।
ভালো দিনে এক পৃষ্ঠার জায়গায় পাঁচ পৃষ্ঠা পড়ুন। সময় থাকলে যিকির একটু বেশি করুন। মন চাইলে আরও নফল ইবাদত করুন। কিন্তু এমন একটা ছোট অংশ রাখুন, যেটা খারাপ দিনেও আপনাকে পুরোপুরি দূরে যেতে দেবে না।
আর কোনোদিন বাদ পড়ে গেলে আরেকটা ভুল করবেন না। ভাববেন না, “এতদিন যা করেছিলাম সব শেষ। আবার নতুন করে শুরু করতে হবে।”
না। যেখানে থেমেছেন, সেখান থেকেই ফিরুন।
গতকাল কুরআন পড়েননি? আজ খুলুন।
তিনদিন যিকির হয়নি? আজ থেকে আবার করুন।
কয়েক রাত তাহাজ্জুদে উঠতে পারেননি? এজন্য অন্য নফল আমলও ছেড়ে দেবেন না।
সবকিছুকে শূন্যে নিয়ে গিয়ে আবার “Day 1” বানানোর দরকার নেই।
আর একটা জিনিস খুব জরুরি। নিজের আমলকে অন্য কারও আমলের সঙ্গে মাপবেন না। একজন হয়তো প্রতিদিন অনেক সময় কুরআন পড়তে পারেন। আরেকজন ছোট সন্তান সামলান। কেউ কাজের পর ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। কেউ অসুস্থতার মধ্যে আছেন। আল্লাহ প্রত্যেকের অবস্থা জানেন। আপনার দায়িত্ব হলো নিজের সামর্থ্যের মধ্যে অবহেলা না করা এবং সামর্থ্য বাড়লে ভালোটা বাড়ানোর চেষ্টা করা।
এক রাতে হয়তো খুব ক্লান্ত থাকবেন। আগে হলে ভাবতেন, “আজ থাক, কাল থেকে আবার শুরু করব।” এবার কুরআনটা খুলে শুধু এক পৃষ্ঠা পড়লেন।
খুব বড় কিছু মনে হলো না।
কিন্তু পরদিন আবার বইটা খুলতে আপনার নতুন করে সাহস জোগাড় করতে হলো না। কারণ আপনি পুরোপুরি সরে যাননি।
এটাই হয়তো অনেক সময় ধারাবাহিকতার আসল রহস্য। সবদিন অনেক করা না। এমন অল্প কিছু রেখে দেওয়া, যেটা ব্যস্ত দিনেও আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।
তাই আজ দশটা নতুন আমলের তালিকা করবেন না। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে একটা ছোট ইবাদত বেছে নিন। তারপর তার একটা নির্দিষ্ট সময় ঠিক করুন।
এমন কিছু, যা আগামীকালও করা সম্ভব। এক সপ্তাহ পরও। ব্যস্ত দিনেও।
কারণ আমাদের দরকার এমন ইবাদত না, যেটা কয়েকদিন খুব সুন্দর দেখায়। দরকার এমন কিছু, যেটা অনেকদিন পরেও জীবনে পাওয়া যায়।
কম হলেও আল্লাহর দিকে ফেরার পথটা খোলা রাখুন।
মন্তব্য করুন