মূল লেখায় যান

Study Room লেখা

কুরআন শুধু কী বিশ্বাস করব তা শেখায় না, কীভাবে বাঁচব তাও শেখায়

বিষয়: · ·

কুরআন শুধু কী বিশ্বাস করব তা শেখায় না, কীভাবে বাঁচব তাও শেখায়।

আমরা অনেকেই কুরআন পড়ি, আয়াত শুনে আবেগাপ্লুত হই, ইসলামিক পোস্ট শেয়ার করি। কিন্তু একটা প্রশ্ন খুব কমই করি—কুরআন কি আমার কথা বলার ধরন বদলাচ্ছে? রাগের সময় আমাকে থামাচ্ছে? টাকা খরচ করার সময় মনে পড়ছে? মা-বাবার সঙ্গে আচরণে প্রভাব ফেলছে? কারও অনুপস্থিতিতে তার কথা বলতে গেলে জিহ্বাকে আটকে দিচ্ছে?

দ্বীন যদি শুধু জায়নামাজে থাকে, কিন্তু ঘরের ভাষা, ব্যবসার সততা, বন্ধুত্বের আড্ডা, প্রতিশ্রুতি, অহংকার, অপচয়—এসব জায়গায় না পৌঁছায়, তাহলে কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

কুরআনে জীবনের জন্য অসংখ্য নির্দেশনা আছে। আজ তার মধ্য থেকে ১৮টি শিক্ষা নিজের জীবনের ওপর বসিয়ে দেখি। হয়তো কয়েকটা পড়েই মনে হবে, “এই জায়গাটায় তো আমাকেই বলা হচ্ছে।”

১. বাবা-মায়ের সঙ্গে উত্তম আচরণ করুন। বাইরে সবার সঙ্গে ভদ্র, কিন্তু মা একই কথা দুবার বললে বিরক্ত—এটা আমাদের অনেকের বাস্তবতা। আল্লাহ শুধু তাঁদের যত্ন নিতে বলেননি, এমনকি বিরক্তির “উফ” শব্দটুকুও বলতে নিষেধ করেছেন। — সূরা আল-ইসরা, ১৭:২৩–২৪।

২. কথায় কোমলতা রাখুন। কাউকে সাহায্য করলেন, তারপর এমন কথা বললেন যে সাহায্যের চেয়ে অপমানটাই তার মনে রয়ে গেল। আল্লাহ বলেছেন, সুন্দর কথা ও ক্ষমা এমন দানের চেয়েও উত্তম যার পরে কষ্ট দেওয়া হয়। — সূরা আল-বাকারা, ২:২৬৩।

৩. গীবত করবেন না। বন্ধুর সঙ্গে বসে এমন একজনের কথা বলছেন, যে সেখানে নেই। আপনার কথাটা সত্য হলেও সে শুনলে কষ্ট পেত—এটাই গীবতের ভয়ংকর জায়গা। কুরআন একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছে। — সূরা আল-হুজুরাত, ৪৯:১২।

৪. যে বিষয়ে নিশ্চিত নন, তা মুখে মুখে ছড়াবেন না। “শুনেছি”, “কেউ বলেছে”, “হয়তো সত্য”—এই কয়েকটি শব্দেই একজন মানুষের সম্মান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ সতর্ক করেছেন, মানুষ এমন কথা মুখে মুখে ছড়ায় যার সম্পর্কে তার জ্ঞান নেই, অথচ আল্লাহর কাছে বিষয়টি গুরুতর। — সূরা আন-নূর, ২৪:১৫।

৫. প্রতিশ্রুতি রক্ষা করুন। “কাল পাঠাব”, “আমি আসব”, “আমি করে দেব”—আমাদের কাছে এগুলো সাধারণ কথা হতে পারে। কিন্তু কুরআন বলে, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। — সূরা আল-ইসরা, ১৭:৩৪।

৬. অহংকার ও বড়াই থেকে দূরে থাকুন। ডিগ্রি, টাকা, সৌন্দর্য, জ্ঞান, সামাজিক অবস্থান—এসব কিছুই কাউকে ছোট করে দেখার অধিকার দেয় না। আল্লাহ দাম্ভিকতা ও অহংকার পছন্দ করেন না। — সূরা লুকমান, ৩১:১৮।

৭. ধৈর্য ধরুন এবং ভালো পথে অবিচল থাকুন। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়। সত্যের পথে থাকা কঠিন হলেও সেই পথ না ছেড়ে দেওয়াও ধৈর্যের অংশ। — সূরা আলে ইমরান, ৩:২০০।

৮. মাপ ও ওজনে ন্যায়বিচার করুন। ব্যবসায় সামান্য কম দেওয়া, promised quality না দেওয়া, কাজের সময় কমিয়ে পুরো পারিশ্রমিক নেওয়া—“এতটুকুতে কী হবে” বলে আমরা ছোট ভাবতে পারি। কিন্তু আল্লাহ পূর্ণ মাপ ও সঠিক ওজনের নির্দেশ দিয়েছেন। — সূরা আল-ইসরা, ১৭:৩৫।

৯. অপচয় করবেন না। খাবার প্লেটে নিয়ে ফেলে দিলাম, প্রয়োজন নেই তবু কিনলাম, শুধু দেখানোর জন্য খরচ করলাম—এসবও চরিত্রের অংশ। আল্লাহ নিয়ামত ব্যবহার করতে দিয়েছেন, অপচয় করতে নয়। — সূরা আল-ইসরা, ১৭:২৬–২৭।

১০. অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবেন না। কারও টাকা আটকে রাখা, প্রতারণা, ঘুষ, মিথ্যা অজুহাতে অন্যের অধিকার নেওয়া—টাকা হাতে এলেই সেটা হালাল হয়ে যায় না। — সূরা আল-বাকারা, ২:১৮৮।

১১. অভাবীকে খাবার দিন। আমরা নিজের খাবারের ছবি তুলতে পারি, নতুন restaurant try করতে পারি, কিন্তু পাশের কারও ঘরে আজ খাবার আছে কি না জানি না। কুরআন দুর্ভিক্ষ ও অভাবের দিনে এতিম ও দরিদ্রকে খাবার দেওয়াকে মহৎ কাজ হিসেবে তুলে ধরেছে। — সূরা আল-বালাদ, ৯০:১৪–১৬।

১২. দ্বীনের ব্যাপারে জোরজবরদস্তি করবেন না। সত্য পৌঁছাতে হয় হিকমাহ, সুন্দর চরিত্র ও স্পষ্টতার মাধ্যমে। ঈমান কাউকে জোর করে হৃদয়ে ঢুকিয়ে দেওয়া যায় না। — সূরা আল-বাকারা, ২:২৫৬।

১৩. ক্ষমা করতে শিখুন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাই সারাজীবন সেই ক্ষত ধরে রাখতেই হবে—কুরআন এমন শিক্ষা দেয় না। আল্লাহ ক্ষমা ও উপেক্ষার কথা বলার পর প্রশ্ন করেন, “তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন?” — সূরা আন-নূর, ২৪:২২।

১৪. উপকার করে খোঁটা দেবেন না। “আমি না থাকলে তুমি পারতে?”, “মনে আছে কে তোমাকে সাহায্য করেছিল?”—এই কথাগুলো সদকার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। কুরআন খোঁটা ও কষ্ট দিয়ে দান নষ্ট করতে নিষেধ করেছে। — সূরা আল-বাকারা, ২:২৬৪।

১৫. বাবা-মায়ের সঙ্গে রূঢ় হবেন না। বাইরের মানুষের কাছে আমাদের সবচেয়ে সুন্দর version দেখা যায়, অথচ ঘরে এসে মা-বাবার ওপরই বিরক্তি ঝরে। কুরআন তাঁদের সঙ্গে সম্মানজনক ও কোমল ভাষায় কথা বলতে বলেছে। — সূরা আল-ইসরা, ১৭:২৩।

১৬. মানুষকে নিয়ে উপহাস করবেন না। কারও গায়ের রং, উচ্চারণ, শরীর, পোশাক, আয়, শিক্ষা বা দুর্বলতা নিয়ে হাসা খুব সহজ। কিন্তু যাকে আপনি ছোট করছেন, সে আল্লাহর কাছে আপনার চেয়েও উত্তম হতে পারে। — সূরা আল-হুজুরাত, ৪৯:১১।

১৭. ইবাদত ও নেক কাজ আল্লাহর জন্য খাঁটি রাখুন। মানুষ দেখল কি না, প্রশংসা করল কি না, কে জানল—এসব যদি আমলের আসল কারণ হয়ে যায়, তাহলে নিয়তের জায়গায় সমস্যা আছে। আল্লাহ তাঁর জন্য দ্বীনকে খাঁটি করে ইবাদত করতে বলেছেন। — সূরা আল-বাইয়্যিনাহ, ৯৮:৫।

১৮. বিনয়ের সঙ্গে চলুন, অজ্ঞতার জবাবে ঝগড়া বাড়াবেন না। সব কথার উত্তর দিতে হয় না, প্রতিটি অপমানের প্রতিশোধও নিতে হয় না। রহমানের বান্দাদের পরিচয় হলো তারা বিনয়ের সঙ্গে চলে এবং অজ্ঞরা কটু কথা বললে শান্তির ভাষায় সরে যায়। — সূরা আল-ফুরকান, ২৫:৬৩।

এখন একটু নিজের জীবনটার দিকে তাকান। আপনি হয়তো নিয়মিত কুরআন পড়েন, ইসলামিক lecture শোনেন, অনেক মাসআলা জানেন। কিন্তু মা কিছু বললে আপনার কণ্ঠস্বর কেমন হয়? বন্ধুর অনুপস্থিতিতে তার সম্মান আপনার জিহ্বার কাছে নিরাপদ তো? ব্যবসায় লাভ আর সততার মধ্যে বেছে নিতে হলে কোনটা জেতে? কেউ অপমান করলে আপনার নফস সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করতে চায় কি না? কাউকে সাহায্য করার পর সেটা আবার মনে করিয়ে দেন কি না?

কুরআনের সঙ্গে সত্যিকারের সম্পর্ক এখানেই দেখা যায়। শুধু কত পৃষ্ঠা পড়লাম, কতবার খতম করলাম—সেটাতেই নয়; বরং একটি আয়াত আমার আচরণের কতটুকু বদলাল, সেটাতেও।

আজ ১৮টা একসঙ্গে বদলানোর দরকার নেই। যে point-টা পড়ার সময় আপনার ভেতরে অস্বস্তি হয়েছে, সেটাই বেছে নিন। যদি গীবত হয়, আজ একটা আড্ডায় নিজেকে থামান। যদি বাবা-মায়ের সঙ্গে আচরণ হয়, আজ কণ্ঠস্বরটা নরম করুন। যদি প্রতিশ্রুতি হয়, বহুদিনের একটা কথা পূরণ করুন। যদি অহংকার হয়, আজ কাউকে ছোট না দেখে নিজের নিয়ামতগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন।

কারণ কুরআন পড়ে “সুবহানাল্লাহ” বলা সুন্দর, কিন্তু আরও সুন্দর হলো—কুরআনের একটি নির্দেশ আপনার জীবনের একটি অভ্যাস বদলে দিল।

আল্লাহ আমাদের কুরআন শুধু তিলাওয়াত করার নয়, বুঝে গ্রহণ করার এবং জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন। আমাদের জিহ্বা, লেনদেন, সম্পর্ক, চরিত্র ও নিয়তকে কুরআনের আলোয় সুন্দর করে দিন। আমিন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।