আজান শুরু হলে আমরা আসলে কী করি?
হয়তো রান্না করছেন, কারও সঙ্গে কথা বলছেন, অফিসের কাজ করছেন, অথবা ফোনে এমনভাবে ডুবে আছেন যে সময়ের কথাই মনে নেই। হঠাৎ পাশের মসজিদ থেকে ভেসে এলো, “আল্লাহু আকবার…”। আপনি শুনলেন ঠিকই, কিন্তু হাতের কাজটা চলতেই থাকল। কিছুক্ষণ পর আজান শেষ হলো, আর জীবন আবার আগের গতিতে ফিরে গেল। অথচ এই কয়েক মিনিটের জন্য রাসূলুল্লাহ ﷺ আমাদের এমন কিছু ছোট ছোট আমল শিখিয়েছেন, যেগুলো জানলে আজান আর শুধু “সালাতের সময় হয়েছে” এই notification হয়ে থাকে না।
আজান নিয়ে আমাদের সমাজে আবার কিছু ধারণাও প্রচলিত আছে। আজান শুরু হলে কথা বলা একেবারে নিষিদ্ধ, খাওয়া বন্ধ করতেই হবে, কিংবা ঘরে একা থাকা নারীকেও মাথা ঢাকতে হবে—এগুলো আজান শোনার শর্ত নয়। শুধু আজান শোনার কারণে নারীর মাথা ঢাকার বাধ্যবাধকতা নেই, আর সাধারণ অবস্থায় আজানের সময় খাওয়া বা কথা বলাও হারাম হয়ে যায় না। তবে সুন্নাহ হলো অন্য কাজে ডুবে না থেকে মুয়াজ্জিনের জবাব দেওয়া; আর রোজার দিনে সত্য ফজর শুরু হয়ে গেলে খাওয়া দাওয়ার বিধান অবশ্যই আলাদা।
তাহলে আজান শুরু হলে কী করবেন?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমরা যখন মুয়াজ্জিনকে শুনবে, সে যা বলে তোমরাও তা বলো।” তাই মুয়াজ্জিন “আল্লাহু আকবার” বললে আপনিও বলবেন “আল্লাহু আকবার”, শাহাদাতের বাক্যগুলো বললে আপনিও সেগুলো বলবেন। অর্থাৎ আজানকে শুধু কানে শোনা নয়, মুখ দিয়েও তার জবাব দেওয়া। — সহিহ মুসলিম, ৩৮৩।
শুধু দুটি জায়গায় জবাবটা বদলে যায়। মুয়াজ্জিন যখন বলেন “হাইয়া ‘আলাস সালাহ” এবং “হাইয়া ‘আলাল ফালাহ”, তখন একই কথা না বলে বলবেন:
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। — সহিহ মুসলিম, ৩৮৫।
এই জায়গাটার অর্থ কখনো ভেবে দেখেছেন? আপনাকে ডাকা হচ্ছে, “সালাতের দিকে এসো, সফলতার দিকে এসো।” আর আপনার মুখে দেওয়া হচ্ছে, “আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো শক্তি নেই।” যেন দিনের মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য মানুষ নিজের অসহায়ত্ব স্বীকার করছে—আল্লাহ, আমি ভালো হতে চাই, আপনার ডাকে উঠতে চাই, কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি পারব না।
আমাদের জীবনের কত জায়গায় এই কথাটাই সত্য! সালাত ঠিক করতে চাই, কিন্তু পারি না। কোনো গুনাহ ছাড়তে চাই, আবার ফিরে যাই। রাগ কমাতে চাই, নিজেকে বদলাতে চাই, নিয়মিত হতে চাই—কিন্তু শুধু ইচ্ছাশক্তি দিয়ে সবসময় হয় না। আজানের মাঝেই তাই একটি ছোট বাক্য আমাদের মনে করিয়ে দেয়, নিজের দুর্বলতা বুঝে আল্লাহর সাহায্য চাইতে শেখাও ইবাদতের অংশ।
ফজরের আজানে মুয়াজ্জিন যখন বলেন “আস সালাতু খাইরুম মিনান নাওম” — সালাত ঘুমের চেয়ে উত্তম, তখন সাধারণ নির্দেশ অনুযায়ী আপনিও একই বাক্য বলবেন। “হাইয়া ‘আলাস সালাহ” ও “হাইয়া ‘আলাল ফালাহ” ছাড়া আজানের অন্য বাক্যগুলো অনুসরণ করার নির্দেশই এখানে প্রযোজ্য।
আজান শুনে আরেকটি সুন্দর যিকিরও সহিহ হাদিসে এসেছে:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রদীতু বিল্লাহি রব্বান, ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, ওয়া বিল ইসলামি দ্বীনা।
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই; মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব হিসেবে, মুহাম্মাদ ﷺ কে রাসূল হিসেবে এবং ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি। এই যিকিরের জন্য হাদিসে গুনাহ ক্ষমার সুসংবাদ এসেছে। — সহিহ মুসলিম, ৩৮৬।
খেয়াল করুন, কথাগুলো শুধু মুখস্থ করার মতো কিছু শব্দ নয়। “আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি।” দিনের মাঝখানে দাঁড়িয়ে এই বাক্য বলা মানে যেন আবার নিজের পরিচয় মনে করা। আমি কার বান্দা? কার নির্দেশে আমার জীবন চলবে? আমার সফলতার সংজ্ঞা কে ঠিক করবেন? আজানের কয়েক মিনিটের মধ্যেই তাওহীদ, রিসালাত আর নিজের দ্বীনের প্রতি অঙ্গীকার আবার মনে পড়ে যায়।
কিন্তু আজান শেষ হলো মানেই কাজও শেষ নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মুয়াজ্জিনের জবাব দেওয়ার পর তাঁর ওপর সালাত পাঠাতে। তিনি ﷺ বলেছেন, যে তাঁর ওপর একবার সালাত পাঠায়, আল্লাহ তার ওপর দশবার সালাত পাঠান। এরপর তাঁর জন্য আল্লাহর কাছে আল ওয়াসীলাহ চাইতে বলেছেন—জান্নাতের একটি বিশেষ মর্যাদা। — সহিহ মুসলিম, ৩৮৪।
এরপর পড়বেন আজানের পরের পরিচিত দুআ:
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দা‘ওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল ক্বা’ইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ, ওয়াব‘আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া‘আদতাহু।
অর্থ: হে আল্লাহ, এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠিত হতে যাওয়া সালাতের রব, মুহাম্মাদ ﷺ কে ওয়াসীলাহ ও মর্যাদা দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন। রাসূলুল্লাহ ﷺ এই দুআ পাঠকারীর জন্য কিয়ামতের দিন তাঁর শাফাআতের সুসংবাদ দিয়েছেন। — সহিহ আল বুখারি, ৬১৪।
এখানে এসে আমরা সাধারণত আবার ফোন হাতে নিই। কিন্তু হয়তো এই জায়গাটাই সবচেয়ে বেশি আমাদের দরকার ছিল। কারণ আজান ও ইকামতের মাঝের সময় সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এই সময়ের দুআ প্রত্যাখ্যাত হয় না। — জামে আত তিরমিযি, ২১২।
তাই আজান শেষ হওয়ার পর নিজের কথাটাও আল্লাহকে বলুন। যে কথাটা কয়েকদিন ধরে বুকের মধ্যে নিয়ে ঘুরছেন, যে সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন না, যে সন্তানের জন্য ভয় হয়, যে রিযকের দরজা খুলছে না, যে সম্পর্ক আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে ফেলেছে, যে গুনাহটা ছাড়ার জন্য নিজের ওপরই রাগ হয়—বলুন। সুন্দর আরবি জানতেই হবে এমন নয়; নিজের ভাষায়, নিজের কষ্টের ভাষায় আল্লাহর কাছে চান।
ভাবুন তো, আমাদের দিনে কতগুলো notification আসে। কোনোটা delivery-এর, কোনোটা message-এর, কোনোটা social media-এর। প্রায় সবগুলোরই আমরা কোনো না কোনোভাবে response দিই। অথচ প্রতিদিন যে ডাকটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সবচেয়ে বড়, সালাতের দিকে এসো, সফলতার দিকে এসো—সেই ডাকটাই অনেক সময় কানে আসে, কিন্তু আমাদের ভেতরে কোনো response তৈরি করে না।
পরেরবার আজান শুরু হলে তাই সবকিছু নাটকীয়ভাবে বদলাতে হবে না। শুধু কয়েক মিনিট সচেতন হয়ে যান। মুয়াজ্জিনের জবাব দিন, “হাইয়া”র সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন, সুযোগমতো রদীতু বিল্লাহি রব্বান… পড়ুন, আজান শেষে রাসূল ﷺ এর ওপর দরূদ পাঠান, ওয়াসীলাহর দুআ করুন, তারপর নিজের প্রয়োজনগুলো আল্লাহর সামনে খুলে দিন।
হয়তো এতদিন আপনি প্রতিদিন আজান শুনেছেন।
এবার চেষ্টা করুন, আজানের উত্তর দিতে।
কারণ আল্লাহর দিকে ফিরে আসা সবসময় বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না। কখনো কখনো শুরু হয় এমন একটি সুন্নাহ দিয়ে, যেটা প্রতিদিন আমাদের খুব কাছ দিয়ে চলে যাচ্ছিল—আর আমরা খেয়ালই করছিলাম না।
আল্লাহ আমাদের আজানের ডাকে মন দিয়ে সাড়া দেওয়ার, সালাতকে ভালোবাসার এবং ছোট ছোট সুন্নাহগুলোকে জীবনের অংশ বানানোর তাওফিক দিন। আমিন।
মন্তব্য করুন