প্রিয় কাউকে হারানোর পরও যদি তার নাম শুনলে বুকটা ভারী হয়ে যায়, হঠাৎ চোখে পানি আসে, পুরোনো কোনো কথা মনে পড়ে আবার কষ্ট হয়, তখন হয়তো নিজের কাছেই প্রশ্ন করেন, “এতদিন পরও আমি এমন কেন?”
কাঁদছেন বলে আপনার সবর নেই, এমন নয়। রাসূলুল্লাহ ﷺ নিজের ছেলে ইবরাহীমের মৃত্যুর সময় কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় দুঃখিত হয়, কিন্তু আমরা এমন কথা বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। [সহিহ বুখারি: ১৩০৩]
সবর মানে চোখের পানি আটকে রাখা নয়। কষ্টের সময় নিজেকে আল্লাহর সীমার ভেতরে রাখা। আর রাসূল ﷺ বলেছেন, “প্রকৃত সবর হলো বিপদের প্রথম আঘাতের সময়।” [সহিহ বুখারি: ১৩০২]
কারণ প্রথম ধাক্কাটাই সবচেয়ে কঠিন। খবরটা শোনার মুহূর্ত, হাসপাতালের সেই ফোন, জানাজার পর খালি ঘরে ফেরা, অথবা হঠাৎ বুঝতে পারা মানুষটা আর ফিরবে না। সেই সময় মুখ থেকে কী বের হচ্ছে, অন্তর কোন দিকে যাচ্ছে, সেটাই বড় পরীক্ষা।
ইয়াকূব আ. ইউসুফ আ. থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলেন। তাঁর শোক এত গভীর হয়েছিল যে কুরআন বলছে, দুঃখে তাঁর চোখ সাদা হয়ে গিয়েছিল। তবু তিনি বলেন, “আমি আমার দুঃখ ও বেদনা শুধু আল্লাহর কাছেই পেশ করছি।” পরে তিনিই বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ: ৮৪ থেকে ৮৭]
অর্থাৎ আল্লাহর কাছে নিজের কষ্ট বলতে লজ্জা নেই। “ইয়া আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে।” এই কথাটাও দোয়া হতে পারে।
নূহ আ. নিজের ছেলেকে বন্যায় হারিয়েছেন। পিতার হৃদয় থেকে তিনি ছেলের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করেছিলেন। আল্লাহ যখন তাঁকে সংশোধন করলেন, তিনি নিজের অবস্থান বুঝলেন এবং ক্ষমা ও রহমত চাইলেন। [সূরা হূদ: ৪২ থেকে ৪৭]
কখনো আপনি কাউকে খুব ভালোবাসবেন, তবু আল্লাহর ফয়সালা তাকে আপনার কাছে রাখবে না। তখন কষ্ট না পাওয়া সবর নয়। কষ্ট নিয়েই আল্লাহর ফয়সালার সামনে মাথা নত করাটাই পরীক্ষা।
আইয়ূব আ. কঠিন বিপদের মধ্যে বলেছিলেন, “দুঃখ আমাকে স্পর্শ করেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।” [সূরা আম্বিয়া: ৮৩ থেকে ৮৪] তিনি নিজের ব্যথা অস্বীকার করেননি। আবার ব্যথার কারণে রবের দরজাও ছাড়েননি।
ইবরাহীম আ. নিজের বাবার কাছ থেকেই প্রত্যাখ্যান ও হুমকির মুখে পড়েছিলেন। তবু অসম্মান করে জবাব দেননি। শান্তভাবে সরে গেছেন এবং নিজের রবের দিকে ফিরেছেন। [সূরা মারইয়াম: ৪৬ থেকে ৪৮]
সব কষ্ট মৃত্যু থেকে আসে না। কোনো কষ্ট আসে বিচ্ছেদ থেকে, কোনোটা প্রত্যাখ্যান থেকে, কোনোটা এমন একজনের কাছ থেকে যার কাছেই নিরাপত্তা পাওয়ার কথা ছিল।
আর ভালোবাসার মানুষ চলে গেলে তাকে ভুলে যেতেই হবে, ইসলাম এমন কথাও বলে না। খাদিজা রা. ইন্তেকালের অনেক পরেও রাসূল ﷺ তাঁকে স্মরণ করতেন। এমনকি তাঁর বান্ধবীদের প্রতিও ভালোবাসা ও সম্মান দেখাতেন। [সহিহ বুখারি: ৩৮১৮]
তাই কারও কথা মনে পড়ে এখনও চোখ ভিজে গেলে নিজেকে দুর্বল ভাববেন না। প্রশ্নটা অন্য জায়গায়। এই শোক আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, নাকি তাঁর কাছেই ফিরিয়ে দিচ্ছে?
মানুষটাকে মনে করতে পারেন। তার অভাব অনুভব করতে পারেন। কোনো কোনো দিন কষ্টটা আবার নতুন করে জেগে উঠতে পারে। কিন্তু হতাশ হয়ে আল্লাহকে ছেড়ে দেবেন না। তাঁর ফয়সালার বিরুদ্ধে এমন কথা বলবেন না যা তাঁকে অসন্তুষ্ট করে।
সবর মানে “আমার কষ্ট নেই” বলে অভিনয় করা নয়। সবর হলো কষ্টটা নিয়েই আল্লাহর দিকে ফিরে বলা, “ইয়া আল্লাহ, কষ্টটা এখনও আছে। তবু আমি আপনার কাছেই ফিরছি।”
মন্তব্য করুন