আমার ডায়েরির পাতা থেকে… | ০৫
যেসব গুনাহ কাউকে বলতে পারি না
কিছু গুনাহ আছে, যেগুলোর কথা কাউকে বলতে পারি না। বলতেও চাই না। মানুষ জানুক, সেটাও চাই না। শুধু আমি জানি, আর আপনি জানেন, আল্লাহ।
কখনো বাইরে থেকে নিজের জীবনটা একদম স্বাভাবিকই লাগে। মানুষের সঙ্গে কথা বলি, হাসি, ভালো কথা শেয়ার করি। কেউ হয়তো আমাকে ভালোও ভাবে। কিন্তু নিজের কিছু গোপন ভুলের কথা মনে পড়লে হঠাৎ খুব লজ্জা লাগে। মনে হয়, মানুষ যদি আমার সবটা জানত, তাহলে কি এখনো একইভাবে দেখত?
তারপর মনে পড়ে, মানুষ না জানলেও আপনি তো জানেন। কোন জায়গায় আমি দুর্বল, কোন জিনিসটা ছাড়তে চেয়েও পুরোপুরি ছাড়তে পারিনি, কোন ভুলটার পর নিজেকেই আর ভালো লাগে না…. সবই তো আপনার জানা।
কখনো গুনাহ করার পর জায়নামাজে বসেও চুপ করে থাকি। কী বলব বুঝতে পারি না। “আস্তাগফিরুল্লাহ” বলতে গেলেও আগেরবারের কথা মনে পড়ে। তখনও তো বলেছিলাম, আর করব না। তারপর আবার করেছি। এই জায়গাটায় খুব লজ্জা লাগে, আল্লাহ। মনে হয়, এবার কীভাবে আবার ক্ষমা চাই? একই কথা কতবার বলব?
তারপরই আবার মনে হয়, না বলব তো কার কাছে? মানুষের কাছে গিয়ে তো বলতে পারব না, “আমি আবার সেই জায়গায় হেরে গেছি।” আর আপনাকে তো কিছু বলার আগেই আপনি জানেন। তাই কখনো খুব আস্তে শুধু এটুকুই বলি, “আল্লাহ, আমি আবারও ভুল করেছি।”
কোনো অজুহাত না দিয়ে। কারণ সত্যি বলতে, সবসময় পরিস্থিতির দোষ না। সবসময় অন্য কারও দোষও না। কিছু জায়গায় আমি নিজেই নিজের জন্য রাস্তা খোলা রেখেছি। যে জিনিস থেকে দূরে থাকা দরকার ছিল, তার কাছেই থেকেছি। যে জায়গায় থামা উচিত ছিল, সেখানে নিজেকেই বুঝিয়েছি, “আরেকটু হলে কী হবে?” তারপর ভুল হয়ে গেলে নিজেকেই জিজ্ঞেস করেছি, “আমি আবার এটা করলাম কেন?”
আল্লাহ, একই জায়গায় বারবার হেরে যেতে খুব কষ্ট হয়। কখনো মনে হয়, আমি কি সত্যিই বদলাতে চাই? নাকি শুধু গুনাহ করার পর যে অস্বস্তিটা হয়, সেটা থেকে বাঁচতে চাই? তাওবা কি আমার জীবনে সত্যিই কিছু বদলাচ্ছে, নাকি শুধু কয়েকটা কাঁদা কথা হয়ে থেকে যাচ্ছে?
কারণ আমি জানি, কিছু গুনাহ ছাড়তে হলে শুধু কাঁদলেই হবে না। কিছু দরজা বন্ধ করতে হবে। কিছু মানুষ, কিছু জায়গা, কিছু অভ্যাস, কিছু স্ক্রিন, কিছু সময় যেগুলো আমাকে বারবার একই দিকে টেনে নেয়, সেগুলো নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। শুধু “আল্লাহ, ক্ষমা করুন” বলব, আর গুনাহে ফেরার সব রাস্তা আগের মতো খোলা রাখব এভাবে তো আমি নিজেকেই ঠকাই।
তবুও আল্লাহ, একটা জায়গায় আমি আশাও পাই। এতবার ভুল করে ফিরে এসেছি, তবুও তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। তাই লজ্জায় আপনার কাছ থেকে পালিয়ে যাওয়াটাও তো ঠিক না। গুনাহের পর যদি আপনার কাছ থেকেই দূরে সরে যাই, তাহলে আমি যাব কোথায়?
তাই আবারও এসেছি। এইবার শুধু ক্ষমা চাইতে না, বদলানোর শক্তিও চাইতে। যে গুনাহ আমার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে, সেটাকে আবার গুনাহ হিসেবেই দেখতে চাই। যেটা আমাকে আপনার থেকে দূরে নেয়, সেটার প্রতি টান কমে যাক।
আর একটা জিনিস খুব চাই, আল্লাহ মানুষের সামনে আমি যেরকম হতে চাই, একা থাকলেও যেন অন্তত সেই মানুষ হওয়ার চেষ্টা করি। কারণ আসল পরীক্ষাটা তো অনেক সময় তখনই, যখন কেউ দেখছে না। কেউ জানবে না, কেউ প্রশংসা করবে না, কেউ ধরেও ফেলবে না। শুধু আপনি দেখছেন। এই “শুধু আপনি দেখছেন” কথাটা যেন আমার জন্য যথেষ্ট হয়।
আল্লাহ, আমার গোপন গুনাহগুলো মানুষের কাছ থেকে ঢেকে রেখেছেন এটা আপনার বড় রহমত। কিন্তু আমি শুধু ঢাকা পড়ে থাকতে চাই না। আমি সত্যি সত্যি বদলাতে চাই। এমন না হোক, মানুষ আমাকে ভালো ভাবে আর আমি নিজের গোপন জীবনের কথা মনে করে ভেতরে ভেতরে ভেঙে পড়ি।
আমাকে আমার নফসের হাতে ছেড়ে দেবেন না। একই ভুলের পর একই আফসোসে জীবনটা শেষ করে দিতে চাই না। এবার যদি ফিরি, তাহলে অন্তত একটা দরজা সত্যিই বন্ধ করার সাহস দিন। আমি জানি না কতবার পড়ে যাব, কিন্তু একটা জিনিস চাই পড়ে গিয়ে যেন আপনার কাছ থেকে পালিয়ে না যাই।
আল্লাহ, আমার এমন কিছু গুনাহ আছে যেগুলোর কথা কাউকে বলতে পারি না। আপনি জানেন। আমাকে শুধু ক্ষমা করবেন না, আমাকে সেগুলো থেকে সত্যি সত্যি বের করে আনুন।
মন্তব্য করুন