মূল লেখায় যান

Study Room লেখা

ফজরের প্রস্তুতি শুরু হয় আগের রাতের অভ্যাসে

বিষয়: ·

ফজরের অ্যালার্মটা ভোরে বাজে। কিন্তু অনেক সময় ফজর মিস হওয়ার প্রস্তুতিটা শুরু হয়ে যায় তার কয়েক ঘণ্টা আগেই।

রাত ১১টা। ভাবলেন, “আর দশ মিনিট ফোন দেখি, তারপর ঘুমাব।” একটা Reel থেকে আরেকটা, একটু YouTube, একটু chat, তারপর হঠাৎ ঘড়িতে ১২টা ৪০। তখন মনে হলো, “Alarm তো দেওয়া আছে।” ফোনটা রেখে ঘুমালেন। ভোরে alarm বেজেছে, হয়তো বন্ধও করেছেন, কিন্তু সকালে কিছুই মনে নেই। চোখ খুলে জানালা দিয়ে আলো দেখে বুকের ভেতর সেই পরিচিত ধাক্কা, “আবার ফজর চলে গেল…”

তারপর আমরা সমস্যাটা শুধু ভোরের পাঁচ মিনিটের মধ্যে খুঁজি। “Alarm শুনলাম না কেন?”, “আমি এত অলস কেন?”, “আমার ঈমান কি এত দুর্বল?” অথচ একটু পেছনে গেলে দেখা যায়, গল্পটা হয়তো ফজরের সময় শুরুই হয়নি। রাতের কয়েকটা ছোট সিদ্ধান্ত ভোরটাকে আগেই কঠিন করে রেখেছিল।

তবে এখানেই একটা ভারসাম্য জরুরি। যার ফজর ছুটেছে, সে অবশ্যই রাতে ফোন দেখে দেরি করেছে এমন নয়। অসুস্থতা আছে, ছোট শিশুর যত্ন আছে, shift duty আছে, প্রচণ্ড ক্লান্তি আছে, এমন অবস্থাও আছে যখন মানুষ যথাসাধ্য চেষ্টা করেও ঘুমিয়ে পড়ে। রাসূলুল্লাহ ﷺ শিখিয়েছেন, ঘুমের কারণে সালাত ছুটে গেলে জেগে ওঠার পর তা আদায় করতে হবে। একই সঙ্গে ঘুমিয়ে যাওয়া আর জেগে থেকেও সালাতের সময় পার করে দেওয়া এক বিষয় নয়। অনিচ্ছাকৃত ঘুমের জন্য মানুষকে সেইভাবে দায়ী করা হয় না, যেভাবে জাগ্রত অবস্থায় অবহেলা করলে হয়।

কিন্তু যাদের গল্পটা বারবার একই, তাদের নিজেদের সঙ্গে একটু সত্য কথা বলা দরকার।

আপনি কি সত্যিই ফজরে উঠতে পারছেন না, নাকি প্রতিরাতে এমনভাবে ঘুমাতে যাচ্ছেন যে উঠাটা নিজের জন্য অনেক কঠিন করে ফেলছেন?

প্রশ্নটা অস্বস্তিকর। কারণ তখন alarm clock কে দোষ দেওয়া সহজ থাকে না। দেখতে হয় রাত ১০টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত আমি কী করছি। এমন কী ছিল, যেটা আগামীকালের ফরজ সালাতের চেয়েও এত জরুরি হয়ে উঠেছিল?

সহিহ বুখারিতে এসেছে, রাসূলুল্লাহ ﷺ ইশার আগে ঘুমানো এবং ইশার পরে অপ্রয়োজনীয় কথাবার্তা পছন্দ করতেন না। সহিহ আল বুখারি, ৫৬৮। এর অর্থ এই নয় যে ইশার পরে কথা বললেই গুনাহ, কিংবা প্রয়োজনীয় কাজ করা যাবে না। কিন্তু আমাদের আজকের জীবনকে সামনে রেখে হাদিসটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, আমার রাতটা প্রয়োজনের কারণে লম্বা হচ্ছে, নাকি আমি নিজেই প্রয়োজনহীনভাবে লম্বা করছি?

কারণ রাতের scrolling দেখতে খুব harmless। একটা series দেখা, বন্ধুর সঙ্গে কথা বলা, study, entertainment, এগুলোর অনেকটাই নিজে নিজে নিষিদ্ধ নয়। কিন্তু বৈধ কোনো অভ্যাসও যদি বারবার এমন জায়গা দখল করে নেয় যে ফরজ সালাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন শুধু “এটা হালাল না হারাম?” প্রশ্নটাই যথেষ্ট নয়। তখন আরেকটা প্রশ্ন আসে, “আমার অগ্রাধিকার ঠিক আছে তো?”

ভাবুন, আগামীকাল ভোর পাঁচটার flight। আপনি কি আগের রাতে ২টা পর্যন্ত casually scrolling করবেন? খুব important interview থাকলে কাপড় আগেই গুছিয়ে রাখেন, alarm দেন, কাউকে বলে রাখেন। Airport যেতে হলে কখন বের হতে হবে হিসাব করেন। কারণ মনে থাকে, “এটা miss করা যাবে না।”

কিন্তু ফজরের ক্ষেত্রে কখনো আমরা একটা alarm দিয়েই নিজের দায়িত্ব শেষ মনে করি।

তারপর alarm বন্ধ হয়ে গেলে বলি, “উঠতে পারলাম না।”

তাকদির অবশ্যই সত্য। কিন্তু তাকদির কারণ গ্রহণ করা ছেড়ে দেওয়ার শিক্ষা নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যা তোমার উপকারে আসে তার জন্য সচেষ্ট হও, আল্লাহর সাহায্য চাও এবং অসহায় হয়ে বসে থেকো না। সহিহ মুসলিম, ২৬৬৪। তাই সালাত রক্ষার জন্য আমার হাতে যে প্রস্তুতিগুলো আছে, সেগুলো নেওয়াও দায়িত্বেরই অংশ।

আর ফজর কোনো ordinary morning appointment নয়। আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই ফজরের সালাত প্রত্যক্ষ করা হয়।” সূরা আল ইসরা, ১৭:৭৮। অর্থাৎ এই সালাতে ফেরেশতাদের উপস্থিতির বিশেষ মর্যাদা রয়েছে। যে সালাতের জন্য বিছানা ছেড়ে উঠতে আমরা লড়াই করি, আল্লাহ সেটিকে কুরআনে আলাদা করে উল্লেখ করেছেন।

তাই হয়তো প্রশ্নটা শুধু, “Alarm কয়টায় দেব?” নয়।

প্রশ্নটা হচ্ছে, “আমি আজ রাতে কীভাবে ঘুমাতে যাচ্ছি?”

ফোনটা কি বিছানার একদম পাশে থাকবে? Alarm বন্ধ করতে কি সত্যিই আমাকে উঠে দাঁড়াতে হবে? ঘুমানোর আগে কি আবার “আর একটা video” শুরু করব? যে কাজটা কাল করলেও চলবে, সেটা কি আজ রাতেই শেষ করা জরুরি? পরিবারের কাউকে কি বলা যায়, “আমি না উঠলে একটু ডাকবেন”? ঘুমানোর আগের আধঘণ্টাটা কি screen থেকে একটু দূরে নেওয়া যায়?

সবকিছুর সমাধান এক রাতে করতে হবে না। কখনো ফজর ঠিক করার শুরুটা বড় কোনো spiritual routine দিয়ে হয় না। শুরুটা হতে পারে শুধু রাতটা একটু আগে শেষ করার সিদ্ধান্ত দিয়ে।

রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন, মানুষ ঘুমালে শয়তান তার মাথার পেছনে তিনটি গিঁট দেয় এবং বলে, “রাত অনেক লম্বা, ঘুমিয়ে থাকো।” সে জেগে আল্লাহকে স্মরণ করলে একটি গিঁট খুলে যায়, ওযু করলে আরেকটি, সালাত আদায় করলে তৃতীয়টিও খুলে যায়। তখন সে সকালে প্রাণবন্ত ও ভালো অবস্থায় ওঠে। অন্যথায় অলস ও খারাপ মেজাজে ওঠে। সহিহ আল বুখারি, ১১৪২।

দৃশ্যটা খুব পরিচিত।

Alarm বাজছে। মাথা বলছে, “আর পাঁচ মিনিট।” পাঁচ মিনিট পরে আবার, “আজ খুব ঘুম পেয়েছে।” তারপর, “আগামীকাল থেকে ঠিক করব।”

কেউ দেখছে না। বাইরে কোনো বড় যুদ্ধও মনে হচ্ছে না। আপনি শুধু কম্বলের ভেতর শুয়ে আছেন। কিন্তু সেই কয়েক মিনিটে শরীর একদিকে টানছে, আর ঈমান বলছে, “ওঠো।”

তাই ফজরকে শুধু ভোরের battle বানাবেন না। Battle টা রাতেই একটু সহজ করে রাখুন।

রাত ১১টার প্রতিটি সিদ্ধান্ত অবশ্যই mechanical ভাবে ভোরের result নির্ধারণ করে না। আপনি সব ঠিক করেও কোনোদিন অনিচ্ছাকৃতভাবে oversleep করতে পারেন। কিন্তু নিজের হাতে থাকা কারণগুলো তো নেওয়া যায়। একটু আগে ঘুমানো, অপ্রয়োজনীয় screen time কমানো, একাধিক alarm, ফোন দূরে রাখা, কাউকে বলতে রাখা, সময়মতো কাজ গুছানো, আর ঘুমানোর আগে সত্যি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

তারপরও কোনোদিন ঘুমিয়ে গেলেন?

জেগে উঠে হতাশ হয়ে বসে থাকবেন না। সালাত আদায় করুন। রাসূলুল্লাহ ﷺ ঘুমের কারণে সালাত ছুটে গেলে জেগে ওঠার পর তা আদায় করতে বলেছেন। সহিহ মুসলিম, ৬৮৪। তারপর শান্তভাবে গত রাতটা দেখুন। কোথায় সমস্যা হয়েছিল? কী বদলানো যায়? কারণ guilt যদি শুধু বলে, “আমি খুব খারাপ,” তাহলে সেটা অনেক সময় মানুষকে আরও দুর্বল করে। কিন্তু সেই কষ্ট যদি বলে, “আজ রাতটা একটু অন্যভাবে সাজাব,” তাহলে সেটাই পরিবর্তনের শুরু হতে পারে।

আমাদের অনেকের ফজর হয়তো আরও সহজ হয়ে যাবে, যদি আমরা ভোরকে ঠিক করার আগে রাতকে একটু ঠিক করি।

আজ রাতে খুব বড় কিছু করার দরকার নেই। ফোনটা একটু আগে সরিয়ে রাখুন। যেটা কাল করা সম্ভব, সেটা কাল করুন। Alarm এমন জায়গায় রাখুন যেখানে বন্ধ করতে উঠতে হয়। তারপর নিজের ভাষায় আল্লাহকে বলুন,

“ইয়া আল্লাহ, আমাকে ফজরের জন্য জাগিয়ে দিন। আর জেগে ওঠার পর যেন ঘুমকে আপনার ডাকার ওপর বেছে না নিই।”

এটা কোনো নির্দিষ্ট মাসনূন দু‘আর উদ্ধৃতি নয়। নিজের প্রয়োজন আল্লাহর কাছে নিজের ভাষায় বলুন। কারণ আল্লাহ জানেন আপনি প্রতিদিন কোথায় হারছেন, কোথায় চেষ্টা করছেন, আর কোথায় আবার শুরু করতে চান।

ফজরের সময় পৃথিবীর অনেক মানুষ তখনও ঘুমিয়ে থাকে। অথচ আল্লাহ আপনাকে আরেকটা সকাল দিয়েছেন, আর সেই সকালের শুরুতেই তাঁর সামনে দাঁড়ানোর সুযোগ রেখেছেন।

প্রশ্নটা শুধু আপনি কয়টায় উঠবেন, তা নয়। প্রশ্নটা হলো, আজ রাতে আপনি কোন জিনিসটাকে আগামী ফজরের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

আল্লাহ আমাদের সালাতকে জীবনের ফাঁকে জায়গা দেওয়ার বদলে জীবনকে সালাতের চারপাশে সুন্দরভাবে সাজানোর তাওফিক দিন। আমাদের রাতকে সংযত করুন, ঘুমে বরকত দিন, ফজরের ডাকে সাড়া দেওয়ার শক্তি দিন। কোনোদিন অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে হতাশ না হয়ে সালাত আদায় করে আবার চেষ্টা করার তাওফিক দিন। আমিন।

📌 আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার নিজেকে জিজ্ঞেস করুন, “আমি এখন যা করতে যাচ্ছি, সেটা কি আগামী ফজরকে সহজ করবে, নাকি আরও কঠিন?”

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।