মূল লেখায় যান

Study Room লেখা

আপনার ছেলে শুধু আপনার কথা শুনছে না, আপনাকে দেখেও শিখছে

বিষয়: ·

আপনার ছেলে শুধু আপনার কথা শুনছে না, আপনাকে দেখেও শিখছে

আপনি হয়তো তাকে কোনোদিন বসিয়ে শেখাননি, “রাগ হলে এভাবে কথা বলতে হয়।” তবু সে শিখছে। আপনি কষ্ট পেলে কী করেন, রেগে গেলে কণ্ঠস্বর কেমন হয়, স্ত্রী বা পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হলে কীভাবে কথা বলেন, ভুল করলে স্বীকার করেন কি না—এই ছোট ছোট দৃশ্যগুলো তার চোখের সামনে জমতে থাকে। ছেলেরা আবেগ সামলানোর অনেকটাই বাবা-মাকে দেখে শেখে।

একদিন রাগের মাথায় আপনি দরজা জোরে বন্ধ করলেন। কিছুক্ষণ কারও সঙ্গে কথা বললেন না। হয়তো ঘটনাটা আপনার কাছে খুব বড় কিছু নয়। কিন্তু পাশে থাকা শিশুটি নিজের মতো করে একটা শিক্ষা নিয়ে ফেলতে পারে, “রাগ হলে এমনটাই করতে হয়।”

আবার কোনোদিন সে কেঁদে ফেলল। আপনি হয়তো ভালো উদ্দেশ্যেই বললেন, “ছেলেরা এভাবে কাঁদে না, শক্ত হও।” আপনি তাকে দুর্বল করতে চাননি, বরং শক্ত বানাতে চেয়েছেন। কিন্তু তার মনে যদি বসে যায়, “আমার কষ্ট কাউকে দেখানো যাবে না”, তাহলে কয়েক বছর পর সে মন খারাপ হলে কথা না বলে সব ভেতরে জমিয়ে রাখলে আমরা অবাক হয়ে প্রশ্ন করি, “ও আমাদের কিছু বলে না কেন?”

১. শক্ত হওয়া মানে অনুভূতি লুকিয়ে রাখা নয়

ইসলাম পুরুষকে দুর্বল হতে শেখায় না। আবার শক্ত হওয়ার অর্থ অনুভূতিহীন হয়ে যাওয়া—এটাও ইসলাম শেখায় না।

রাসূলুল্লাহ ﷺ তাঁর ছেলে ইবরাহীমের মৃত্যুর সময় কেঁদেছিলেন। সাহাবি রাদিয়াল্লাহু আনহু অবাক হলে তিনি এটাকে রহমত বলেছেন। এরপর বলেছেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় দুঃখিত হয়, তবে আমরা এমন কিছু বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে।
— সহিহ আল-বুখারি, হাদিস ১৩০৩

কী সুন্দর ভারসাম্য। কষ্ট আছে, কান্না আছে, কিন্তু সীমালঙ্ঘন নেই।

তাই আপনার ছেলে কাঁদলে সঙ্গে সঙ্গে “কাঁদবে না” বলার আগে জানতে চেষ্টা করুন, কী হয়েছে। হয়তো সে ভয় পেয়েছে, স্কুলে অপমানিত হয়েছে, বন্ধুর আচরণে কষ্ট পেয়েছে, অথবা এমন কিছু ঘটেছে যেটা তার ছোট্ট মনে অনেক বড়। তাকে শেখান, কষ্ট অনুভব করা লজ্জার নয়; কষ্টের সময় কীভাবে আল্লাহর দিকে ফিরতে হয় এবং অন্যায় না করে নিজেকে সামলাতে হয়, সেটাই আসল শক্তি।

২. আপনি রাগ সামলান যেভাবে, সে সেটাও দেখছে

আপনি তাকে শতবার বলতে পারেন, “রাগ করো না।” কিন্তু আপনি নিজে রাগ করলে যদি চিৎকার করেন, অপমান করেন, জিনিস ছুড়ে ফেলেন অথবা দিনের পর দিন কথা বন্ধ করে রাখেন, শিশুটি কথার চেয়ে আচরণটাই বেশি মনে রাখতে পারে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।”
— সহিহ আল-বুখারি, ৬১১৪; সহিহ মুসলিম, ২৬০৯

আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে।
— সূরা আলে ইমরান, ৩:১৩৪

ধরুন, কোনো ঘটনায় আপনার খুব রাগ হয়েছে। আপনি সন্তানের সামনে বললেন, “আমি এখন খুব রেগে আছি, একটু শান্ত হয়ে তারপর কথা বলি।” এই ছোট্ট দৃশ্যটা তার জন্য বড় শিক্ষা হতে পারে। সে বুঝতে শেখে, রাগ আসতেই পারে, কিন্তু রাগের হাতে নিজের আচরণের নিয়ন্ত্রণ তুলে দিতে হয় না।

৩. তাকে অনুভূতির ভাষা শেখান

অনেক ছেলে বড় হতে হতে নিজের ভেতরের প্রায় সব অস্বস্তিকে একটাই নামে চেনে—“রাগ।”

কিন্তু রাগের নিচে কখনো ভয় থাকে, কখনো অপমান, হতাশা, ঈর্ষা, একাকিত্ব, ক্লান্তি বা প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট। সে যদি এগুলোর পার্থক্যই বুঝতে না শেখে, তখন ভেতরের সব চাপ রাগ হয়েই বের হতে পারে।

স্কুল থেকে ফিরে সে চুপ হয়ে আছে। “কী হয়েছে?” বলার পর “কিছু না” শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে না দিয়ে নরমভাবে বলতে পারেন, “তোমাকে একটু মন খারাপ লাগছে মনে হচ্ছে, কেউ কিছু বলেছে?” অথবা, “তুমি কি খুব হতাশ হয়েছ?”

এতে আপনি তার প্রতিটি অনুভূতিকে সঠিক বলে দিচ্ছেন না। বরং তাকে বুঝতে সাহায্য করছেন, সে কী অনুভব করছে। এরপর সীমাটাও পরিষ্কার থাকবে: “তুমি রাগ করেছ, আমি বুঝতে পারছি। কিন্তু রাগ করে কাউকে মারতে পারবে না।”

তার কষ্টকে বুঝবেন, কিন্তু ভুল আচরণকে ঠিক বলবেন না।

৪. আপনার ভুলের পর কী করেন, সেটাও তার শিক্ষা

কিছু বাবা-মা মনে করেন, সন্তানের কাছে ক্ষমা চাইলে সম্মান কমে যায়। অথচ অনেক সময় শিশুর সামনে নিজের ভুল স্বীকার করাই তাকে দায়িত্বশীল হওয়ার সবচেয়ে বাস্তব শিক্ষা দেয়।

ধরুন, আপনি রাগের মাথায় প্রয়োজনের চেয়ে কঠিনভাবে কথা বলেছেন। পরে তাকে ডেকে বললেন, “তোমার ভুলটা ধরিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি যেভাবে বলেছি সেটা ঠিক হয়নি। আমাকে মাফ করো।”

সে তখন শুধু “sorry” শব্দটি শিখছে না। সে দেখছে, বড় মানুষও ভুল করে, ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না, এবং সম্পর্কের চেয়ে ego বড় নয়।

আর যদি বাবা-মায়ের কোনো মতবিরোধ সে দেখে ফেলে, সম্ভব হলে সম্পর্ক ঠিক করার অংশটাও তাকে দেখতে দিন। সে যেন শুধু উচ্চস্বরে কথা বলা বা অভিমান দেখেই শেষ না করে; দেখুক, পরে দুইজন শান্তভাবে কথা বলেছে, ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, সম্মান ফিরিয়ে এনেছে। এতে শিশুর মনে সম্পর্কের একটা বাস্তব ছবি তৈরি হয়—মতবিরোধ মানেই সম্পর্ক শেষ নয়, ভুলের পর repair-ও সম্ভব।

আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে বলেন, তারা ভুল করলে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায় এবং জেনেশুনে ভুলের ওপর অটল থাকে না।
— সূরা আলে ইমরান, ৩:১৩৫

সন্তানকে তাওবা শেখাব, কিন্তু সে যদি কখনো আমাদের নিজেদেরও ভুল থেকে ফিরে আসতে না দেখে, তাহলে তারবিয়াহর একটা গুরুত্বপূর্ণ অংশ অদৃশ্য থেকে যায়।

৫. ঘরটা কি তার জন্য সত্য বলার নিরাপদ জায়গা?

আজ সে ছোট একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছে। হয়তো স্কুলে কোনো ভুল করেছে, কিছু ভেঙে ফেলেছে, কারও সঙ্গে ঝগড়া হয়েছে। তখন আপনার প্রথম প্রতিক্রিয়াটা ছোট মনে হলেও তার মনে অনেকদিন থেকে যেতে পারে।

সে যদি সত্য বলার পরই অপমান, বিদ্রূপ বা ভয় পায়, ধীরে ধীরে শিখে যেতে পারে, “সত্য বলার চেয়ে লুকানো নিরাপদ।”

নিরাপদ ঘর মানে নিয়মহীন ঘর নয়। ভুলের consequence থাকবে, শাসনও থাকবে। কিন্তু তাকে এমনভাবে ভেঙে দেওয়া হবে না যে পরেরবার বড় কোনো সমস্যায় পড়লে সে বাবা-মায়ের কাছে আসতেই ভয় পায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “কোমলতা যে জিনিসে থাকে, তাকে সুন্দর করে; আর যেখান থেকে কোমলতা তুলে নেওয়া হয়, তাকে ত্রুটিপূর্ণ করে।”
— সহিহ মুসলিম, ২৫৯৪

কোমলতা মানে সবকিছু মেনে নেওয়া নয়। বরং সন্তান যেন জানে, “আমি ভুল করলেও আমার বাবা-মা আমাকে শুনবেন, বুঝবেন, তারপর সঠিকটা শেখাবেন।”

আল্লাহ তাআলা বলেন, “তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।”
— সূরা আত-তাহরীম, ৬৬:৬

সন্তানকে আগুন থেকে রক্ষা করার চেষ্টা শুধু তাকে হালাল-হারামের তালিকা শেখানো নয়। তার চরিত্র, রাগ, ভাষা, সত্যবাদিতা, লজ্জা, মানুষের সঙ্গে আচরণ, ভুলের পর ফিরে আসা—এসবও তার তারবিয়াহর অংশ।

এখন একটু নিজের ঘরটার কথা ভাবুন। আপনার ছেলে যখন আপনাকে রাগতে দেখে, তখন সে কী শেখে? আপনি কষ্ট পেলে কী করেন? স্ত্রী বা পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হলে আপনার ভাষা কেমন হয়? ভুল করলে আপনি ক্ষমা চান, নাকি বিষয়টা এমনভাবে চালিয়ে যান যেন বড়রা কখনো ভুল করে না? সে যখন নিজের ভয় বা কষ্ট নিয়ে আপনার কাছে আসে, আপনার কাছে বসে থাকতে স্বস্তি পায় তো?

এই প্রশ্নগুলো নিজেকে দোষী বানানোর জন্য নয়। কোনো বাবা-মাই নিখুঁত নন। বরং সন্তান যদি দেখে তার বাবা-মাও নিজেদের সংশোধন করছেন, রাগ সামলাতে শিখছেন, ভুল হলে ফিরে আসছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন—এটাও তার জন্য গভীর তারবিয়াহ।

হয়তো একদিন আপনার ছেলে আপনার অনেক উপদেশই ভুলে যাবে। কিন্তু তার মনে থেকে যেতে পারে, রাগের সময় বাবা কীভাবে কথা বলতেন, মা কষ্ট পেলেও কীভাবে নিজেকে সামলাতেন, ভুল হলে এই ঘরে ক্ষমা চাওয়া হতো কি না, আর ভয় পেলে সে কোথায় গিয়ে নিরাপদ বোধ করত।

আপনার সন্তান শুধু আপনি তাকে কী হতে বলছেন তা শিখছে না; প্রতিদিন আপনাকে দেখে মানুষ হওয়াটাও শিখছে।

আল্লাহ আমাদের সন্তানদের জন্য এমন উদাহরণ হওয়ার তাওফিক দিন, যাদের আচরণ দেখে তারা ধৈর্য, কোমলতা, আত্মসংযম, সত্যবাদিতা এবং আল্লাহর দিকে ফিরে আসা শেখে। আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের ঘরকে এমন জায়গা বানিয়ে দিন, যেখানে দ্বীন শুধু কথায় নয়, আচরণেও দেখা যায়। আমিন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।