মূল লেখায় যান

Study Room লেখা

“মনের যিনা” কি? চিন্তা হঠাৎ আসা আর ইচ্ছা করে কল্পনায় ডুবে থাকা এক নয়

বিষয়: ·

“মনের যিনা” কি? চিন্তা হঠাৎ আসা আর ইচ্ছা করে কল্পনায় ডুবে থাকা এক নয়

আপনি কাউকে দেখলেন। চোখ সরিয়ে নিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পর সেই মানুষটাকে নিয়ে অশালীন চিন্তা মাথায় চলে এলো। হয়তো শারীরিক সম্পর্কের দৃশ্যও কল্পনায় ভেসে উঠল। তখন ভয় লাগে, “আমি কি গুনাহ করে ফেললাম?” প্রথমে এই পার্থক্যটা বুঝুন—কোনো চিন্তা হঠাৎ মাথায় চলে আসা আর আপনি নিজে ইচ্ছা করে সেই চিন্তাকে ধরে রেখে উপভোগ করা এক জিনিস নয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মানুষের মনে যে চিন্তা আসে, যতক্ষণ সে তা কাজে পরিণত না করে বা মুখে প্রকাশ না করে, আল্লাহ তা ক্ষমা করেছেন। তাই অনিচ্ছাকৃত অশ্লীল চিন্তা মাথায় এসেছে, আপনি সেটা অপছন্দ করেছেন এবং সরিয়ে দিয়েছেন—শুধু এজন্য নিজেকে নোংরা বা গুনাহে ডুবে যাওয়া মানুষ ভাববেন না।

কিন্তু এখানেই থেমে গেলে পুরো বিষয়টা বোঝা হবে না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, চোখের যিনা হলো কামনার দৃষ্টি; হৃদয় কামনা করে ও আকাঙ্ক্ষা করে, আর লজ্জাস্থান পরে সেটাকে বাস্তবায়ন করতে পারে অথবা তা থেকে বিরত থাকতে পারে। এর মানে এই নয় যে মনে একটি যৌন চিন্তা এলেই শরয়ি অর্থে পূর্ণ যিনা হয়ে গেল। শুধু চিন্তার কারণে যিনার হদ্দ বা নির্দিষ্ট দুনিয়াবি শাস্তি নেই। কিন্তু হাদিসটি আমাদের দেখায়, বড় গুনাহ অনেক সময় শরীর দিয়ে শুরু হয় না; শুরু হয় চোখ আর অন্তর থেকে।

আপনি কাউকে হঠাৎ দেখে ফেললেন, এটা অনিচ্ছাকৃত হতে পারে। কিন্তু এরপর আবার ফিরে তাকালেন, তার profile খুঁজলেন, ছবি দেখলেন, একা হলে তাকে নিয়ে ইচ্ছা করে কল্পনা চালিয়ে গেলেন, পরের দিন আবার সেই একই চিন্তার কাছে ফিরলেন—তখন সবকিছুকে “মনে তো এমনিই এসেছে” বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। রাসূলুল্লাহ ﷺ-কে হঠাৎ পড়ে যাওয়া দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি দৃষ্টি ফিরিয়ে নিতে বলেছেন।

এখানেই আসল পরীক্ষা। প্রথম চিন্তাটা হয়তো আপনার হাতে ছিল না। কিন্তু দ্বিতীয়বার আপনি সেখানে ফিরবেন কি না, সেটা অনেক সময় আপনার সিদ্ধান্ত।

আল্লাহ বলেন, “তোমরা যিনার কাছেও যেও না।” সূরা আল-ইসরা, ১৭:৩২। আল্লাহ শুধু শেষ কাজটাকে নিষেধ করেননি, তার কাছাকাছি নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে বলেছেন। আর মুমিন পুরুষদের প্রথম নির্দেশগুলোর একটি হলো দৃষ্টি সংযত রাখা। কারণ চোখে যেটাকে আপনি বারবার জায়গা দেন, সেটাই পরে মনে জায়গা চায়।

সমস্যাটা তখনই বড় হয়, যখন আপনি কল্পনাকে নিজেই খাবার দিতে থাকেন। একবার দেখা মানুষটার social media খুঁজলেন, পুরোনো ছবিগুলো দেখলেন, মনে মনে দৃশ্য বানালেন, রাতে আবার সেই একই কল্পনায় ফিরলেন। কিছুদিন পর দেখবেন, মানুষটাকে দেখলেই মাথা নিজে থেকেই ওইদিকে চলে যাচ্ছে। কারণ আপনি নিজের মনকে সেই পথে অভ্যস্ত করে ফেলেছেন। তারপর আরও ভয়ংকর একটা জিনিস ঘটে—যে চিন্তাটা প্রথমে আপনাকে লজ্জা দিত, সেটাই একসময় স্বাভাবিক মনে হতে শুরু করে।

এভাবেই হায়া দুর্বল হয়, প্রতিরোধ কমে, তারপর গুনাহকে আর আগের মতো বড় মনে হয় না। তাই “আমি তো কিছু করছি না, শুধু ভাবছি” এই কথাটা নিজের জন্য নিরাপদ অজুহাত বানাবেন না।

আবার উল্টো দিকেও যাবেন না। যদি অনিচ্ছাকৃতভাবে অশ্লীল বা বিরক্তিকর চিন্তা বারবার মাথায় আসে, আপনি সেটা চান না, বরং কষ্ট পান, তাহলে সেটাকে ইচ্ছাকৃত কামনা লালন করার সঙ্গে এক করে নিজেকে গুনাহগার ভেবে ভেঙে পড়বেন না।

তাহলে কী করবেন?

১. দৃষ্টি সামলান। হঠাৎ দেখে ফেললে চোখ ফিরিয়ে নিন। দ্বিতীয়বার তাকানো, profile খোঁজা, ছবি দেখা বা online activity দেখা বন্ধ করুন।

২. চিন্তাটাকে গল্প বানাবেন না। মাথায় দৃশ্য শুরু হলে “এরপর কী” দেখতে থাকবেন না। উঠে অন্য কাজে যান, জায়গা বদলান, ওযু করুন, হাঁটুন বা কাজে ঢুকে পড়ুন।

৩. যে জিনিস বারবার কামনা জাগায়, সেটা সামনে রেখে নিজেকে পরীক্ষা করবেন না। কিছু account, reel, series বা ছবি যদি আপনাকে বারবার একই জায়গায় নিয়ে যায়, সেগুলো সরিয়ে দিন।

৪. যদি ওই ব্যক্তিকে পড়াশোনা বা কাজের কারণে নিয়মিত দেখতেই হয়, প্রয়োজনীয় কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকুন। অকারণ message, একান্ত আলাপ, বাড়তি তাকানো বা পরে social media-তে খোঁজ নেওয়া থেকে বিরত থাকুন।

৫. সামর্থ্য থাকলে বিয়েকে অযথা পিছিয়ে দেবেন না। আর সামর্থ্য না থাকলে রাসূলুল্লাহ ﷺ যুবকদের রোজা রাখার পরামর্শ দিয়েছেন; এটি দৃষ্টি ও যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. ইচ্ছা করে এসব কল্পনায় ডুবে থাকলে তাওবা করুন। কিন্তু “আমি তো শেষ” ভেবে ইবাদত ছেড়ে দেবেন না। তাওবার অংশ হলো শুধু ক্ষমা চাওয়া নয়, যে পথ দিয়ে বারবার সেখানে ফিরছেন সেই পথটাও বন্ধ করা।

যৌন আকর্ষণ থাকা নিজে পাপ নয়। আল্লাহ মানুষকে এই প্রবৃত্তি দিয়েই সৃষ্টি করেছেন। ইসলাম এটাকে মেরে ফেলতে বলেনি; সঠিক জায়গায় রাখতে শিখিয়েছে। তাই কাউকে দেখে আকর্ষণ অনুভব করেছেন বলে নিজেকে খারাপ মানুষ ভাববেন না। কিন্তু সেই আকর্ষণকে বসিয়ে বসিয়ে বড় করবেন না।

আপনি একা ছিলেন। চাইলে আবার ছবিটা দেখতে পারতেন, দেখেননি। চাইলে কল্পনাটা চালিয়ে যেতে পারতেন, থামিয়ে দিয়েছেন। কেউ জানল না। আল্লাহ জানেন। এই না-দেখা লড়াইটাও তাঁর কাছে অজানা নয়।

আজ নিজের কাছে শুধু একটি প্রশ্ন রাখুন—যে চিন্তাটা আমাকে বারবার হারামের দিকে টানে, আমি কি সত্যিই সেটা ছাড়তে চাই, নাকি সুযোগ পেলেই নিজেই আবার তার কাছে ফিরে যাই?

উত্তরটা কাউকে বলতে হবে না। নিজের কাছে সত্য বললেই পরিবর্তনের শুরু হবে।

আল্লাহ আমাদের দৃষ্টি, অন্তর ও লজ্জাস্থান হেফাজত করুন। গোপন গুনাহ থেকে বাঁচার শক্তি দিন, যুবকদের হালাল পথে স্থির রাখুন এবং আমাদের অন্তরকে পবিত্র করুন। আমিন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।