আমরা তো কত ভালো কাজই করি, তাই না? অসুস্থ প্রতিবেশীর জন্য এক বাটি খাবার পাঠানো, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়া, কিংবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তাঁর পছন্দের কিছু একটা কিনে আনা।
আমলের পাল্লায় এই কাজগুলোর ওজন কতটুকু, তা কি আমরা কখনো মেপে দেখেছি? আমরা হয়তো ভাবি, এগুলো তো খুব ছোট ছোট কাজ, এর আর এমন কী মূল্য!
কিন্তু আমরা এমন এক জাদুর কথা ভুলে যাই, যা এই তুচ্ছ কাজগুলোকেও উহুদ পাহাড়ের সমান ভারী করে তুলতে পারে।
সেই জাদুর নামই হলো ‘ইখলাস’ বা একনিষ্ঠতা।
ব্যাপারটা খুব সহজ। আপনি যে কাজটাই করছেন, তা কার জন্য করছেন? মানুষের বাহবা পাওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্টের ঝড়ের জন্য? নাকি শুধুই আপনার রবকে খুশি করার জন্য? এই ‘কেন’ প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আপনার আমলের আসল মূল্য।
যখন একটা কাজ নিছক আল্লাহর জন্য করা হয়, তখন সেই কাজের বাহ্যিক আকারটা আর বিবেচ্য থাকে না, বিবেচ্য হয়ে ওঠে তার পেছনের নিয়তটা।
এক লোক হয়তো লক্ষ টাকা দান করে মানুষের কাছে ‘দানবীর’ উপাধি পেলেন, কিন্তু তার অন্তরে ছিল লোকদেখানোর উদ্দেশ্য। আরেকজন লোক হয়তো প্রচণ্ড অভাবের মধ্যেও লুকিয়ে একটা খেজুর দান করল, শুধু তার রবকে খুশি করার জন্য। আল্লাহর কাছে কোন আমলটা বেশি দামী হবে, বলুন তো? অবশ্যই সেই একটা খেজুর। কারণ সেখানে কোনো খাদ ছিল না, ছিল শুধু রবের জন্য নিখাদ ভালোবাসা।
এই ইখলাসই হলো সেই পরশপাথর, যা সাধারণ আমলকেও সোনায় পরিণত করে দেয়।
ইখলাস ছাড়া আমাদের বড় বড় আমলগুলোও দিনশেষে অন্তঃসারশূন্য হয়ে যেতে পারে। যে সালাত আদায় করা হয় মানুষকে দেখানোর জন্য, সেই সালাত তো শুধু শারীরিক ব্যায়াম ছাড়া আর কিছুই নয়। ইখলাস হলো আমলের আত্মা। আত্মা ছাড়া যেমন দেহ নিষ্প্রাণ, ইখলাস ছাড়াও আমাদের ইবাদতগুলো ঠিক তেমনই।
তাই প্রতিটি কাজ করার আগে নিজের অন্তরকে একবার প্রশ্ন করা উচিত— আমি এটা কার জন্য করছি? এই একটা প্রশ্নের উত্তরই আমাদের ছোট ছোট আমলগুলোকে আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত করতে পারে।
[বই : ‘রবের প্রিয় আমল’]
#সীরাহ
মন্তব্য করুন