মূল লেখায় যান

Study Room লেখা

মাকে দোষ দেওয়ার বদলে তার বোঝা ভাগ করি

বিষয়: · ·

এই সমাজে মা হওয়ার একটা অদ্ভুত নিয়ম আছে। একজন মায়ের জীবনে যা-ই ঘটুক, শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে—সে আরেকটু ভালো মা হলে ঘটনাটা ঘটত না। বাচ্চা চিকন হলে মা খাওয়ায় না। বাচ্চা মোটা হলে মা জাঙ্ক ফুড খাওয়ায়। বাচ্চা চুপচাপ হলে মা সময় দেয় না, বাচ্চাটা নিশ্চয়ই ভেতরে ভেতরে ক-ষ্ট পাচ্ছে। বাচ্চা বেশি কথা বললে মা শাসন শেখায়নি। পরীক্ষায় খারাপ করলে মা খেয়াল রাখে না। খুব ভালো করলে মা নিশ্চয়ই অতিরিক্ত প্রেসার দেয়, বাচ্চার শৈশব শেষ করে ফেলেছে। মাঝামাঝি একটা জায়গা আছে কি না, যেখানে একজন মা দুই মিনিট দাঁড়িয়ে একটু পানি খেতে পারে—সেটা এখনও পরিষ্কার না।

আমাদের সমাজে মাতৃত্ব সম্ভবত একমাত্র চাকরি, যেখানে কোনো job description নেই, working hour নেই, annual leave নেই; কিন্তু performance review করার জন্য পুরো পৃথিবী বসে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, রিভিউয়ারদের কাছে সেই মায়ের ব্যাপারে কোনো তথ্যই নেই। তারা জানে না সেই মা গত রাতে কয় ঘণ্টা ঘুমিয়েছে। জানে না বাচ্চার জ্বর নিয়ে তিন রাত জেগেছে কি না। জানে না সংসারে তাকে কেউ সাহায্য করে কি না। জানে না সে নিজে অ-সুস্থ কি না, তার হাতে টাকা আছে কি না, তার মাথার ভেতর কতগুলো চিন্তা একসঙ্গে চলছে। তারা শুধু দেখেছে তার বাচ্চা সুপারমার্কেটের মেঝেতে শুয়ে চিৎ-কার করছে। ব্যস। রায় প্রস্তুত—মা শাসন করতে জানে না।

একজন বাবা বাচ্চার জন্মদিন ভুলে গেলে মানুষ হাসে। বলে, পুরুষ মানুষ তো! একজন মা স্কুলের পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাচ্চাকে লাল-সাদা জামা পরিয়ে পাঠাতে ভুলে গেলে তার নিজেরই মনে হয়, সে সম্ভবত মাতৃত্বে ফেল করেছে। কারণ মায়েদের শুধু কাজ করতে বলা হয় না, সবকিছু মনে রাখতেও বলা হয়। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, শিক্ষকের নাম, কোন বাচ্চা ডিমের কুসুম খায় না, কার জুতার সাইজ বদলেছে, আগামী বৃহস্পতিবার স্কুলে টিফিন নিয়ে যেতে হবে, শুক্রবার লাইব্রেরির বই ফেরত দিতে হবে। ছোটটার কাশি রাতে বাড়ে। বড়টার মন খারাপ কিন্তু সে বলছে না। মাঝেরটা আজকাল দরজা একটু জোরে বন্ধ করছে—কেন করছে, সেটাও মায়ের বোঝার কথা।

তারপর সেই মা যদি কোনো একদিন ক্লান্ত হয়ে বলে, “আমি পারছি না”, মানুষ তার দিকে এমনভাবে তাকায় যেন সে নিজের সন্তানদের বিরুদ্ধে কোনো অপরাধ স্বীকার করেছে। প্রশ্ন আসে, “বাচ্চা নেওয়ার আগে ভাবেনি?” এই বাক্যটা খুব ইন্টারেস্টিং। মানুষ চাকরিতে ক্লান্ত হলে তাকে বিশ্রাম নিতে বলা হয়। পড়াশোনায় ক্লান্ত হলে বিরতি নিতে বলা হয়। বিয়েতে সমস্যা হলে কাউন্সেলিংয়ের কথা বলা হয়। কিন্তু একজন মা ক্লান্ত হলে তাকে তার জীবনের বহু বছর আগের একটা সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে বলা হয়—সে তো এটা চেয়েছিল।

হ্যাঁ, চেয়েছিল। মানুষ সমুদ্র দেখতে চায় বলেই ডুবে যেতে চায় না। কাউকে ভালোবাসে বলেই তার যত্ন নিতে নিতে কখনো ক্লান্ত হবে না—এমন কোনো নিয়ম নেই।

মাতৃত্ব নিয়ে এই victim blaming আরও ভয়ং-কর হয় যখন কোনো বাচ্চার জীবনে সত্যিই খারাপ কিছু ঘটে। প্রথম প্রশ্ন প্রায়ই হয়—মা কোথায় ছিল? মা খেয়াল করেনি? মা বুঝল না কেন? মা আগে ব্যবস্থা নেয়নি কেন? অদ্ভুতভাবে খুব কম জিজ্ঞেস করা হয়, যে মানুষটা অন্যায় করেছে সে কেন করেছে। সমস্ত তদন্ত ঘুরেফিরে সেই মায়ের দিকে যায়। কারণ অপরাধীকে দায়ী করার চেয়ে একজন মায়ের মাতৃত্বে ত্রুটি খুঁজে বের করা অনেক সহজ।

মা চাকরি করলে বাচ্চাকে অন্যের কাছে ফেলে রেখেছে। চাকরি না করলে নিজের কোনো পরিচয় বানায়নি। ডিভোর্স দিলে বাচ্চার পরিবার ভেঙেছে। ডিভোর্স না দিলে এতদিন সহ্য করেছে কেন। বাচ্চার সমস্যা আগে বুঝলে অতিরিক্ত চিন্তা করে। দেরিতে বুঝলে কেমন মা, নিজের বাচ্চাকেই চেনে না? মায়ের জন্য কোনো সঠিক উত্তর রাখা হয়নি। শুধু প্রশ্ন রাখা হয়েছে।

মাঝে মাঝে মনে হয়, সমাজ আসলে ভালো মা চায় না। সমাজ এমন একজন মানুষ চায়, যার নিজের কোনো সীমাবদ্ধতা থাকবে না। যে ঘুমাবে কম, বুঝবে বেশি, ভুল করবে না, বিরক্ত হবে না, অসুস্থ হবে সুবিধামতো, কাঁদবে লুকিয়ে এবং সন্তানদের জীবনে যা কিছু খারাপ ঘটবে—তার দায় চুপচাপ নিজের কাঁধে নিয়ে নেবে। তারপর সেই মাকেই বলা হবে—মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি।

সুন্দর অবশ্যই। কিন্তু সুন্দর জিনিসও ভারী হতে পারে। আর কোনো ভার বহন করতে গিয়ে একজন মানুষের হাঁটু কেঁপে উঠলে, প্রথম কাজ তার হাঁটার ভঙ্গি নিয়ে সমালোচনা করা না। কখনো কখনো শুধু তার হাত থেকে কিছুটা ওজন নিয়ে নেওয়া।

—

বাচ্চা নেওয়ার আগে ভাবেনি?

নাবিলা নোশিন সেঁজুতি

~ রৌদ্রময়ী!

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।