জীবন যখন আমানত | পর্ব ৯
একদিন নষ্ট হলে কেন আমরা পুরো সপ্তাহটাই ছেড়ে দিই?
সকালে দেরি করে উঠলেন। যে কাজটা করার কথা ছিল, হলো না। ফোনেও একটু বেশি সময় চলে গেল। পড়াটা বাদ পড়ল। দুপুর হতে হতে মনে হলো, “আজকে আর কিছু হবে না। কাল থেকে ঠিকভাবে শুরু করব।”
কিন্তু একটা প্রশ্ন করি—সকালটা পরিকল্পনামতো যায়নি বলে বিকেলটাও কি ছেড়ে দিতে হবে?
আমরা অনেক সময় এখানেই আটকে যাই। একটা কাজ বাদ পড়লে মনে হয় পুরো পরিকল্পনাই ভেঙে গেছে। এক ওয়াক্তের পরের সময়টা এলোমেলো হলে বাকি দিন নিয়েও আর চেষ্টা করতে ইচ্ছা করে না। সকালে পড়া হয়নি, তাই দুপুরে দশ মিনিট সময় পেলেও বই খুলি না। মনে হয়, “আজ যখন ঠিকভাবে হলোই না, এখন আর করে কী হবে?”
এই “পুরোটা না হলে কিছুই না” ভাবনাটাই অনেক সময় একটা ছোট ব্যত্যয়কে পুরো দিনের ক্ষতিতে পরিণত করে।
তবে এটাও মনে রাখা দরকার, পরিকল্পনামতো না চলা আর সময় নষ্ট করা এক জিনিস না। সন্তান অসুস্থ ছিল বলে নিজের পড়া হয়নি, আপনি ব্যর্থ হননি। শরীর খুব ক্লান্ত ছিল বলে প্রয়োজনীয় বিশ্রাম নিয়েছেন, সেটাও অলসতা না। হঠাৎ কোনো জরুরি দায়িত্ব এসে দিনের পরিকল্পনা বদলে দিলে দিনটা নষ্ট হয়নি। আপনি শুধু অন্য একটা প্রয়োজনীয় দায়িত্ব পালন করেছেন।
তাই দিনের শেষে শুধু “কী করতে পারিনি” দেখবেন না। কেন করতে পারিনি, সেটাও দেখুন।
কখনো সত্যিই পরিস্থিতি আমাদের পরিকল্পনা বদলে দেয়। আবার কখনো আমরা নিজেরাই একটা ভুলের পর বাকিটাও ছেড়ে দিই। এই দুইটার পার্থক্য বোঝা জরুরি।
ধরুন, সকালে এক ঘণ্টা পড়ার কথা ছিল। হয়নি। বিকেলে আপনার হাতে পনেরো মিনিট আছে। তখন দুটো পথ থাকে। এক, “আজ তো আর হলো না” বলে ফোনটা হাতে নেওয়া। দুই, বই খুলে পাঁচ পৃষ্ঠা পড়ে নেওয়া।
পাঁচ পৃষ্ঠা এক ঘণ্টার জায়গা পূরণ করবে না। কিন্তু একটা জিনিস করবে—আপনাকে পুরোপুরি সরে যেতে দেবে না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।”
সহিহ বুখারি, ৬৪৬৪; সহিহ মুসলিম, ৭৮৩
সবসময় বড় কিছু দিয়ে ফিরে আসতে হয় না। কখনো ফিরে আসা মানে শুধু পরের ভালো সিদ্ধান্তটা নেওয়া।
সকালের পড়া হয়নি? সন্ধ্যায় দশ মিনিট পড়ুন। ফোনে অনেকটা সময় চলে গেছে? তাই বলে বাকি রাতটাও scroll করতে হবে না। ঘর গুছানোর পরিকল্পনা ভেঙেছে? পুরো ঘর না, শুধু একটা জায়গা ঠিক করুন। কাজের তালিকার দশটার মধ্যে দুইটা হয়েছে? আগে দেখুন, বাকি আটটার মধ্যে কোনটা সত্যিই আজ জরুরি।
কারণ ফিরে আসা মানে সকালে যা হয়নি, রাতে সব পুষিয়ে নেওয়া না। এতে অনেক সময় আরও চাপ তৈরি হয়। বরং দেখুন, এখন আপনার সামনে যেটুকু সময় আছে, তার মধ্যে কোন দায়িত্বটা বাস্তবে করা সম্ভব।
কিছু কাজ আজই করতে হবে। কিছু কাল করা যাবে। কিছু নতুন সময় পাবে। সবকিছু একই রাতে কাঁধে তুলে নেওয়ার দরকার নেই।
আর একটা ব্যাপার খেয়াল করবেন। আমরা নিজের একটা ভুলকে খুব দ্রুত নিজের পরিচয় বানিয়ে ফেলি।
“আমি কোনো routine ধরে রাখতে পারি না।”
“আমার discipline নেই।”
“আমি এমনই।”
কিন্তু আজ সকালে আপনি যা করতে পারেননি, সেটা একটা ঘটনা। সেটা আপনার পুরো চরিত্র না।
হয়তো গত তিন দিনও ঠিক হয়নি। তবুও চতুর্থ দিনের পরের সিদ্ধান্তটা এখনও আপনার হাতে আছে।
আমরা নতুন করে শুরু করার জন্য সোমবার খুঁজি, নতুন মাস খুঁজি, কখনো নতুন বছরও খুঁজি। অথচ অনেক সময় নতুন শুরুর জন্য এত বড় কোনো তারিখের দরকার হয় না।
বিকেল ৪টা ১৭ মিনিটেও শুরু করা যায়।
রাত ৮টা ৩২ মিনিটেও একটা কাজ শেষ করা যায়।
একটা সালাতে মন বসেনি বলে পরের সালাতটাকে ছেড়ে দিতে হয় না।
একটা সকাল এলোমেলো হয়েছে বলে পুরো দিনটাকে তার সঙ্গে যেতে দিতে হয় না।
তাই পরেরবার মনে হলো, “আজ আর হবে না”, কথাটা একটু বদলে বলুন—
“পুরোটা হয়তো হবে না। কিন্তু এখন যে কাজটা করা সম্ভব, সেটা করতে পারি।”
সকালে যা হয়নি, তা হয়নি। সেই সময় ফিরে আসবে না। কিন্তু বিকেলের সুযোগটা তো এখনও আছে।
হয়তো সুশৃঙ্খল জীবন মানে দীর্ঘ একটা নিখুঁত streak না। বরং বারবার এমন মুহূর্ত আসবে, যখন পরিকল্পনা ভাঙবে—আর আপনি ঠিক করবেন, এখানেই সব ছেড়ে দেবেন, নাকি এই জায়গা থেকেই আবার ফিরবেন।
জীবন যখন আমানত, তখন একটা খারাপ ঘণ্টাকে পরের পাঁচ ঘণ্টাও দিয়ে দিতে হয় না।
যতটুকু সময় এখনও হাতে আছে, সেটুকুও তো আমানত।
মন্তব্য করুন