মূল লেখায় যান

Study Room লেখা

একজন মুসলিমের ৫টি অভ্যাস ধরে রাখা উচিত, আর ৩টি ছেড়ে দেওয়া উচিত

বিষয়: ·

একজন মুসলিমের ৫টি অভ্যাস ধরে রাখা উচিত, আর ৩টি ছেড়ে দেওয়া উচিত

সালাতের জন্য দশ মিনিট বের হয় না, কিন্তু ঘুমানোর আগে ফোন হাতে নিয়ে কখন যে চল্লিশ মিনিট চলে যায় টেরও পাই না। কুরআন পড়াটা “কাল থেকে” শুরু হবে, অথচ দিনের প্রথম স্ক্রলটা ঠিকই বাদ যায় না।

সমস্যা সবসময় সময়ের অভাব নয়। অনেক সময় আমরা কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দিচ্ছি, সমস্যাটা সেখানে।

১. নিজের দিনকে সালাতের চারপাশে সাজান
আমরা সাধারণত আগে কাজ, ক্লাস, বাজার, আড্ডা সব ঠিক করি, তারপর দেখি নামাজটা কোথায় পড়া যায়। একটু উল্টো করে দেখুন। আগে সালাতের সময় মাথায় রাখুন, তারপর বাকি কাজ বসান। সালাত দিনের ফাঁকা জায়গার কাজ নয়। আল্লাহ বলেছেন, সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ। সূরা আন নিসা, ৪:১০৩।

২. কুরআনের সঙ্গে ছোট হলেও প্রতিদিনের সম্পর্ক রাখুন
প্রতিদিন এক জুয না পারলে সমস্যা নেই। এক পৃষ্ঠা পড়ুন। সেটাও না পারলে কয়েক আয়াত। কিন্তু এমন যেন না হয়, “ভালোভাবে শুরু করব” বলতে বলতে সপ্তাহ কেটে গেল। রাসূলুল্লাহ ﷺ জানিয়েছেন, আল্লাহর কাছে সেই আমল বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। তাই অনেক পড়ার অপেক্ষায় না থেকে অল্পটা ধরে রাখুন। সম্ভব হলে অর্থও বুঝে পড়ুন।

৩. মাঝে মাঝে নিজের নিয়তটা নতুন করে ঠিক করুন
ভালো কাজ করতে করতেও মানুষের প্রশংসা ভালো লাগতে শুরু করতে পারে। পোস্ট দিলাম, কেউ দেখল কি না। সাহায্য করলাম, কেউ জানল কি না। কাজটা বাইরে থেকে একই থাকে, কিন্তু ভেতরের উদ্দেশ্য আস্তে আস্তে বদলে যেতে পারে। তাই মাঝে মাঝে নিজেকে মনে করিয়ে দিন, “আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি।” রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমল নিয়তের ওপর নির্ভরশীল।

৪. দ্বীন শেখাকে শুধু রিলস আর ছোট ভিডিওতে আটকে রাখবেন না
একটা reel আপনাকে কোনো ভালো কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু দশটা reel দেখে দশটা বিচ্ছিন্ন কথা জানা আর দ্বীন শেখা এক জিনিস নয়। একটা নির্ভরযোগ্য বই ধরুন, যোগ্য শিক্ষকের কাছ থেকে শিখুন, কোনো গোছানো কোর্স অনুসরণ করুন। প্রতিদিন দশ মিনিট হলেও চলবে। আর শেখার পর নিজের জীবনে কী বদলাল, সেটাও দেখুন। শুধু information জমলে মানুষ আলেম হয়ে যায় না।

৫. কিছু ভালো কাজ এমন রাখুন, যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন
সব সদাকাহর ছবি দরকার নেই। সব সাহায্যের গল্পও বলতে হয় না। কাউকে গোপনে সাহায্য করুন। কারও জন্য এমনভাবে দু‘আ করুন, সে জানবেও না। এমন কিছু আমল রাখুন যার জন্য মানুষের প্রশংসা পাওয়ার সুযোগই নেই। গোপন সদাকাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। সূরা আল বাকারা, ২:২৭১।

এবার তিনটা অভ্যাস, যেগুলো ছাড়ার চেষ্টা করা দরকার।

৬. একদিন নষ্ট হলেই পুরো রুটিন ছেড়ে দেওয়া বন্ধ করুন
আজ কুরআন পড়া হয়নি, কাল আবার পড়ুন। তাহাজ্জুদ মিস হয়েছে, আবার চেষ্টা করুন। কোনো গুনাহ হয়ে গেছে, তাওবাহ করুন। একদিন বাদ গেছে বলে সাতদিন বাদ দেওয়ার কোনো অর্থ নেই। একটা ভুল আপনার পুরো পথের পরিচয় নয়। আল্লাহ তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। সূরা আয যুমার, ৩৯:৫৩।

৭. একটু ফাঁকা পেলেই ফোন হাতে নেওয়া বন্ধ করুন
ঘুম থেকে উঠে ফোন। লিফটের অপেক্ষায় ফোন। কারও reply আসছে না, ফোন। পাঁচ মিনিট একা বসার সুযোগ পেয়েছেন, অজান্তেই আবার scrolling শুরু। একটা notification দেখতে গিয়ে দশ মিনিট পর বুঝলেন আপনি এমন কিছু দেখছেন, যেটা দেখার ইচ্ছাই ছিল না।

সব ফাঁকা সময় ইবাদতেই কাটাতে হবে, এমন কথা নয়। কিন্তু নিজের জীবনে কিছু নীরব সময় ফিরিয়ে আনুন। কয়েকবার ইস্তিগফার করুন, কয়েক আয়াত পড়ুন, অথবা শুধু ফোনটা নামিয়ে রাখুন। প্রতিটি খালি মুহূর্ত স্ক্রিনকে দিয়ে দেওয়ার দরকার নেই।

৮. সবাইকে খুশি রাখতে গিয়ে সবকিছুতে “হ্যাঁ” বলা বন্ধ করুন
মানুষ কী ভাববে, রাগ করবে কি না, আমাকে খারাপ মনে করবে কি না, এসব ভেবে এমন অনেক কিছুতে রাজি হয়ে যাই যেগুলোর জন্য পরে নিজেরই কষ্ট হয়। প্রতিটি দাওয়াত গ্রহণ করা, প্রতিটি অনুরোধ রাখা, প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া আপনার দায়িত্ব নয়। কাউকে হতাশ না করতে গিয়ে যদি নিজের ফরজ, পরিবার, শরীর বা প্রয়োজনীয় দায়িত্বের হক নষ্ট হয়, সেই “হ্যাঁ” সবসময় ভালো কাজ নয়। প্রয়োজন হলে ভদ্রভাবে “না” বলুন।

আজ আটটা বিষয় একসঙ্গে ঠিক করার দরকার নেই। শুধু নিজের দিনটার দিকে একটু তাকান।

কোন অভ্যাসটা আপনাকে আল্লাহর দিকে টানছে? আর কোন অভ্যাসটা প্রতিদিন একটু একটু করে সময়, মন আর দ্বীনের জায়গা খেয়ে ফেলছে?

উত্তরটা হয়তো আপনি আগেই জানেন।

এখন শুধু একটা জায়গা থেকে শুরু করুন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।