সাধারণত ঝগড়া লাগে না। মানুষটা খুবই নিরীহ। চুপচাপ থাকে। তারপরও কখনো উত্তপ্ত বাক্যবিনিময় হলে, রাগ থামার পর প্রতিবারই স্বামী বলেন, জামাকাপড় ব্যাগ গুছিয়ে নাও। স্ত্রী বিনাবাক্যব্যয়ে প্রস্তুতি নিয়ে নেয়। প্রথমবার ঝগড়ার পর স্বামী যখন বলল: সবকিছু গুছিয়ে নাও, স্ত্রী ভীষণ কেঁপে উঠেছিল। মানুষটা তাকে কোথায় রেখে আসবেন? এখন আর ভয় পায় না।
স্ত্রীকে নিয়ে স্বামী শহরের শেষপ্রান্তে নদীর তীরে নিরিবিলি এক রেস্তোরাঁয় নিয়ে যান। সামর্থের সবটুকু দিয়ে স্ত্রীকে হোটেলের সবচেয়ে ভলো খাবার দিয়ে আপ্যায়িত করেন। স্ত্রী কখনো এ-বিষয়ে কিছু জানতে চাননি। স্বামীর বোন কৌতুহলী হয়ে ভাইয়ের কাছে জানতে চাইল। কারণটা কী?
ভাই বললেন,
-মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলে, মায়ের কাছে গিয়ে মনের কষ্ট প্রকাশ করে। অভিমান করে বাপের বাড়ি যায়। কয়েকদিন থেকে মনটা হালকা করে আসে। তোর ভাবির যে কেউ নেই। পুরোপুরি এতিম। এমনকি বাপের বাড়িও নেই। সারাজীবন ভাড়াবাড়িতে থেকে এসেছে। মা-বাবাও বেঁচে নেই। কার কাছে যাবে? তাই ঝগড়ার পর বাহির থেকে ঘুরিয়ে আনি। নদীর পাড়ে কিছুক্ষণ তাকে একাকি সময় কাটানোর সুযোগ করে দিই। খোলা আকাশের নিচে, নদীর তীরে দাঁড়ালে হয়তো মনের ভার কিছুটা হলেও হালকা হবে। বাপের বাড়িতে ঘুরিয়ে তো আর আনতে পারব না। অন্তত একটা বেলা মুক্তির স্বাদ পাইয়ে দেয়ার চেষ্টা তো করতে পারি, তুই কি বলিস?
~শায়েখ আতিক উল্লাহ হাফিঃ
মন্তব্য করুন