“আমার ওপর কি কেউ কিছু করেছে?”
এই প্রশ্নটা অনেক সময় একদিনে মাথায় আসে না। কিছুদিন ধরে সংসারে অশান্তি চলছে। শরীরটাও ভালো যাচ্ছে না। কোনো কাজে যেন বরকত নেই। ঘুম অস্বস্তিকর, মনটাও কেমন ভার হয়ে থাকে। এর মধ্যে কেউ একজন বলে দিল, “আমার মনে হয় তোমার ওপর কিছু করা হয়েছে।” তারপর থেকেই মাথায় ঘুরতে থাকে—কে করল? কেন করল? ওই আত্মীয়টা না তো? অমুকের সঙ্গে ঝামেলার পর থেকেই তো এসব শুরু…
একসময় দেখা যায়, সমস্যার চেয়ে ভয় আর সন্দেহটাই মানুষকে বেশি খেয়ে ফেলছে। সিহর বা জাদুর অস্তিত্ব সত্য। ইসলাম এটাকে অস্বীকার করে না। কুরআনে সিহরের কথা এসেছে, এমনকি এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টার কথাও বলা হয়েছে। কিন্তু একই আয়াতে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন—“আল্লাহর অনুমতি ছাড়া তারা কারও কোনো ক্ষতি করতে পারে না।”
সূরা আল-বাকারা, ২:১০২
এই জায়গাটা ভুলে গেলে ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। জাদু সত্য। কিন্তু জাদু স্বাধীন কোনো শক্তি নয়। কারও হাতে আপনার তাকদীরের চাবি নেই। কেউ আপনার ক্ষতি করতে চাইলেও আল্লাহর ইচ্ছার বাইরে একচুল যেতে পারবে না।
আর তাই জীবনের প্রতিটি সমস্যাকে জাদু ভেবে বসাও ঠিক নয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ যাচ্ছে মানেই জাদু নয়। বিয়ে দেরি হচ্ছে মানেই কেউ আটকে রেখেছে, এমন নয়। ব্যবসায় ক্ষতি, দীর্ঘদিনের অসুস্থতা, অস্থিরতা, দুঃস্বপ্ন, মন খারাপ—এসবের প্রত্যেকটিরই বাস্তব কারণ থাকতে পারে। হয়তো চিকিৎসা দরকার। হয়তো দীর্ঘদিনের মানসিক চাপ কাজ করছে। হয়তো সম্পর্কের এমন কিছু সমস্যা আছে, যেগুলো নিয়ে বসে কথা বলা দরকার। এগুলো খুঁজে দেখা তাওয়াক্কুলের বিপরীত নয়।
কিন্তু মনে সত্যিই সিহরের আশঙ্কা থাকলে? তাহলেও একজন মুমিনের প্রথম কাজ আতঙ্কিত হয়ে “কে করেছে?” খুঁজে বেড়ানো নয়। আল্লাহর দিকে ফিরে যাওয়া। নিজের ওপর নিজেই শরঈ রুকইয়াহ করুন। সূরা আল-ফাতিহা পড়ুন। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ুন। ঘুমানোর আগে এই তিন সূরা পড়ে দুই হাতে হালকা ফুঁ দিয়ে মাথা, মুখ এবং শরীরে যতটুকু সম্ভব মুছে নিন। নবী ﷺ এভাবে করতেন এবং তিনবার করতেন। সহিহ আল-বুখারি
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। সকাল-সন্ধ্যার মাসনূন যিকর নিয়মিত করুন। সালাত ঠিক রাখুন। কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ান। দু‘আ করুন। এগুলো কোনো “emergency treatment” নয় যে ভয় লাগলেই শুধু করবেন। এগুলো একজন মুমিনের প্রতিদিনের জীবনের অংশ।
আর একটা জায়গায় খুব সাবধান। কেউ যদি বলে, “আমি বলে দিতে পারব কে জাদু করেছে”, “কোথায় পুঁতে রেখেছে বলে দেব”, “অমুকের নাম বের হয়েছে”—সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। গণক, জাদুকর, গায়েব জানার দাবিদার কিংবা অজানা মন্ত্র, চিহ্ন, সংখ্যা বা শিরকযুক্ত পদ্ধতিতে চিকিৎসা করে এমন কারও কাছে যাবেন না। রাসূল ﷺ গণকের কাছে গিয়ে প্রশ্ন করার ব্যাপারেও কঠোরভাবে সতর্ক করেছেন। সহিহ মুসলিম
আর প্রমাণ ছাড়া কাউকে দায়ী করবেন না। কারণ আপনি হয়তো মনে মনে এমন একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেললেন, যে আসলে কিছুই করেনি। আপনার সন্দেহ থেকে সম্পর্ক নষ্ট হলো, আত্মীয়তা ভাঙল, ঘরে অশান্তি বাড়ল।
তারপরও যদি ভয় বা সমস্যা থেকে যায়, কুরআন-সুন্নাহ মেনে চলেন এমন বিশ্বস্ত ও জ্ঞানী কারও পরামর্শ নিন। শারীরিক সমস্যা হলে চিকিৎসক দেখান। মানসিক কষ্ট দীর্ঘদিন ধরে চললে সেটাকেও “শুধু জাদু” বলে ফেলে রাখবেন না।
একটা বিষয় মনে রাখলেই অনেক অস্থিরতা কমে যাবে—আপনার সমস্যার কারণ সিহর কি না, আপনি হয়তো নিশ্চিত নন। কিন্তু আপনার করণীয় কী, সেটা পরিষ্কার। আল্লাহর দিকে ফিরুন। সালাত ও যিকর ঠিক করুন। শরঈ রুকইয়াহ করুন। প্রয়োজন হলে চিকিৎসা নিন। কাউকে প্রমাণ ছাড়া সন্দেহ করবেন না। আর “কে করেছে?” এই প্রশ্নের পেছনে নিজের জীবন নষ্ট করবেন না।
কারণ শেষ পর্যন্ত আপনার নিরাপত্তা কোনো মানুষের হাতে নয়। কেউ ক্ষতি করতে চাইলেও আল্লাহর অনুমতি ছাড়া পারবে না। আর যিনি আপনাকে রক্ষা করার জন্য যথেষ্ট—তিনি আল্লাহ।
মন্তব্য করুন