কখনো সালাত পড়ে উঠে মনে হয়, “কিছুই অনুভব করলাম না”? কুরআন খুলেন, দুপাতা পড়ার আগেই মন ফোনে চলে যায়। দু‘আ করতে বসেও মনে হয়, আগে যেমন মন নরম হতো এখন আর হয় না। তখন ভয় লাগে—আমি কি আল্লাহ থেকে দূরে চলে গেছি?
হয়তো গেছেন, হয়তো শুধু ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু একটা জিনিস মনে রাখুন—আল্লাহর কাছে ফিরে আসা শুধু কোনো বিশেষ অনুভূতির নাম না। এটা শুরু হয় আনুগত্য থেকে। রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা তাঁর নৈকট্য অর্জনের জন্য এমন কিছু করে না যা তাঁর কাছে ফরজ আমলের চেয়ে বেশি প্রিয়; এরপর নফল আমলের মাধ্যমে সে আরও কাছে আসতে থাকে। — সহিহ আল বুখারি, ৬৫০২।
১. প্রথমে সালাত ঠিক করুন। আমরা অনেক সময় আল্লাহকে কাছে অনুভব করতে চাই, কিন্তু আজানের পরও বলি, “এই কাজটা শেষ করি”, “আর পাঁচ মিনিট”, “পরে পড়ব।” নৈকট্য খুঁজতে গিয়ে ফরজ সালাতটাই যদি বারবার পিছিয়ে যায়, তাহলে শুরুটা ভুল জায়গা থেকে হচ্ছে। আল্লাহ সালাত কায়েম করতে, যাকাত দিতে এবং রাসূল ﷺ-এর আনুগত্য করতে বলেছেন, যাতে আমরা তাঁর রহমত লাভ করি। — সূরা আন নূর, ২৪:৫৬।
২. কুরআনকে শুধু তিলাওয়াতের বই বানাবেন না। প্রতিদিন কত কিছু পড়ি, কত কথা মাথায় ঢুকাই, কিন্তু আল্লাহ কী বলছেন সেটা বুঝে পড়ার সময় খুব কম দিই। অল্প পড়ুন, কিন্তু থামুন। একটি আয়াত পড়ে নিজেকে জিজ্ঞেস করুন, “এটা আমার জীবনে কোথায় লাগছে?” আল্লাহ বলেছেন, এই কুরআন এমন পথের দিকে নির্দেশ করে যা সবচেয়ে সঠিক। — সূরা আল ইসরা, ১৭:৯।
৩. দিনের ফাঁকা জায়গাগুলো পুরোটা ফোনকে দেবেন না। হাঁটছেন, রান্না করছেন, গাড়িতে বসে আছেন, অপেক্ষা করছেন—এই সময়গুলোর কিছুটা যিকিরে দিন। “সুবহানাল্লাহ”, “আলহামদুলিল্লাহ”, “আল্লাহু আকবার”, “আস্তাগফিরুল্লাহ”—মুখে বলুন, অর্থটাও মনে আনুন। আল্লাহ বলেছেন, “আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।” — সূরা আর রা‘দ, ১৩:২৮।
৪. একই গুনাহে আবার পড়ে গেলেও তাওবা ছেড়ে দেবেন না। অনেকের ভেতরের কথাটা এমন, “আমি তো কতবার তাওবা করেছি, আবারও করলাম। এবার আল্লাহর সামনে কীভাবে যাব?” ঠিক তখনই আবার যেতে হবে। আল্লাহ মুমিনদের সবাইকে তাঁর দিকে তাওবা করে ফিরে আসতে বলেছেন। — সূরা আন নূর, ২৪:৩১। তবে তাওবা শুধু “মাফ করুন” বলে শেষ না। যে দরজা দিয়ে বারবার পাপে ফিরছেন, সম্ভব হলে সেটাও বন্ধ করুন—কোনো app, কোনো সম্পর্ক, একাকী থাকার কোনো সময়, কোনো trigger, যেটাই হোক। আর মানুষ না দেখলেও হারাম থেকে সরে আসা—এটাই তো প্রমাণ, আপনি সত্যিই আল্লাহকে ভয় করেন।
৫. মানুষের উপকারকে ছোট আমল ভাববেন না। টাকা থাকলে সদকা দিন। টাকা না থাকলে কারও কাজ সহজ করুন, ভালো কথা বলুন, সময় দিন, কাউকে পথ দেখান, কষ্টের সময় পাশে দাঁড়ান। আল্লাহ তাঁর পথে ব্যয় করার উদাহরণ দিয়েছেন এমন বীজের মতো, যা বহু গুণে বেড়ে যায়। — সূরা আল বাকারা, ২:২৬১। আর রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ভালো কথা, কাউকে সাহায্য করা, সালাতের দিকে প্রতিটি পদক্ষেপ—এসবও সদকা। — সহিহ আল বুখারি, ২৮৯১।
৬. কষ্ট এলেই ধরে নেবেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। দু‘আ দেরি হচ্ছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, মানুষ বদলে গেছে, কিছুই নিজের মতো হচ্ছে না—এই সময়েই সবর আর তাওয়াক্কুলের আসল পরীক্ষা। সবর মানে কিছু না করে কষ্ট সহ্য করা নয়; আল্লাহর সীমা না ভেঙে স্থির থাকা। তাওয়াক্কুল মানে চেষ্টা বন্ধ করা নয়; চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, “সবর করো; নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।” আর, “যে আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।” — সূরা হূদ, ১১:১১৫; সূরা আত তালাক, ৬৫:৩।
৭. রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহকে শুধু কয়েকটি বাহ্যিক আমলে সীমাবদ্ধ করবেন না। কীভাবে কথা বলবেন, রাগ সামলাবেন, পরিবারকে সময় দেবেন, মানুষের হক রাখবেন, ক্ষমা করবেন, ইবাদত করবেন—এসবেও তাঁর পথ অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন, “তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন।” — সূরা আলে ইমরান, ৩:৩১।
এখন হয়তো মনে হচ্ছে, এত কিছু একসঙ্গে কীভাবে ঠিক করবেন। করতে হবে না। আজ শুধু একটা জায়গা ঠিক করুন। পরের সালাতটা সময়মতো পড়ুন। রাতে দশ মিনিট কুরআন পড়ুন। ঘুমানোর আগে কয়েকবার ইস্তিগফার করুন। যে গুনাহটা বারবার টেনে নেয়, তার একটা দরজা আজই বন্ধ করুন।
কারণ অনেক সময় আমরা আল্লাহকে কাছে পাওয়ার জন্য কোনো বড় অনুভূতির অপেক্ষা করি। অথচ আল্লাহ নিজেই বলেছেন, “আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” — সূরা আল বাকারা, ২:১৮৬।
তাই আজ “মন আসুক, তারপর শুরু করব” বলবেন না।
মন না এলেও শুরু করুন। পরের সালাতটা থেকেই।
মন্তব্য করুন