মূল লেখায় যান

Study Room লেখা

গর্ভাবস্থায় নির্দিষ্ট সূরা ও পরীক্ষিত আমলের দাবি

বিষয়: · ·

“গর্ভাবস্থায় কোন সূরা পড়ব? এমন কোনো পরীক্ষিত আমল আছে, যাতে বাচ্চা সুস্থ থাকে আর ডেলিভারি সহজ হয়?”

প্রশ্নটা খুব পরিচিত। কারণ গর্ভে সন্তান আসার পর একজন মায়ের চিন্তাগুলোও বদলে যায়। আগে নিজের শরীর খারাপ হলে যতটা ভয় লাগত, এখন বাচ্চার নড়াচড়া একটু কম মনে হলেও বুকটা ধক করে ওঠে। রিপোর্টের দিন কাছে এলে দুশ্চিন্তা হয়। রাতে ঘুম ভেঙে পেটে হাত রেখে মনে হয়, “আমার বাচ্চাটা ঠিক আছে তো?” আবার ডেলিভারির কথা মনে পড়লে অজানা একটা ভয় এসে বসে।

এই সময়েই আশপাশ থেকে নানা আমলের কথা শোনা যায়। কেউ বলেন সূরা মারইয়াম এতবার পড়ুন, প্রসব সহজ হবে। কেউ বলেন সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে। কেউ আবার নির্দিষ্ট আয়াত নির্দিষ্ট সংখ্যায় পড়লে নির্দিষ্ট ফল হবে—এভাবে বলে দেন। তাই প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি।

“পরীক্ষিত আমল” বলতে আমরা এমন আমল বুঝব, যার ভিত্তি কুরআন ও সহিহ বা গ্রহণযোগ্য সুন্নাহতে আছে। কারও ব্যক্তিগত অভিজ্ঞতাকে শরিয়তের নির্ধারিত আমল বানাব না।

সূরা মারইয়াম পড়বেন, সূরা ইউসুফ পড়বেন, পুরো কুরআনই পড়বেন। কুরআনের প্রতিটি অংশই কল্যাণের। কিন্তু “সূরা মারইয়াম পড়লে প্রসব সহজ হবেই” বা “সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবেই”—এমন বিশেষ ফলের কথা সহিহ দলিল ছাড়া বলা ঠিক নয়।

১. প্রথমে পাঁচ ওয়াক্ত সালাতকে আগলে রাখুন।
গর্ভাবস্থায় সব দিন একরকম যায় না। কোনো দিন বমিভাব, কোনো দিন প্রচণ্ড ক্লান্তি, কোনো দিন শরীর এত ভারী লাগে যে স্বাভাবিক কাজও কঠিন হয়ে যায়। এই সময় নিজের ওপর অনেক নফল আমলের চাপ দেওয়ার আগে ফরজ সালাত ঠিক রাখার চেষ্টা করুন। সালাত শেষে কয়েক মিনিট বসে সন্তানের জন্য দোয়া করুন। খুব সুন্দর আরবি জানতেই হবে এমন নয়। বলুন, “আল্লাহ, আমার সন্তানকে সুস্থ রাখুন। নেক বানান। ঈমানের সঙ্গে বড় করুন। আমার গর্ভকাল ও প্রসব নিরাপদ করুন।” এটুকুও দোয়া।

২. প্রতিদিন কুরআনের সঙ্গে থাকুন।
এক পারা সম্ভব হলে এক পারা পড়ুন। না পারলে কয়েক পৃষ্ঠা। সেটাও না পারলে কয়েক আয়াত। সূরা মারইয়াম পড়তে ভালো লাগলে পড়ুন, সূরা ইউসুফ পড়ুন, সূরা বাকারা পড়ুন—যেটুকু পারেন নিয়মিত পড়ুন। কুরআনকে শুধু “কোন সূরা পড়লে কী পাওয়া যাবে”—এই হিসাবের মধ্যে আটকে ফেলবেন না। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্কটাই আসল। সূরা আল-ফাতিহা রুকইয়াহ হিসেবে প্রমাণিত। নিজের জন্য পড়ে আল্লাহর কাছে শিফা, নিরাপত্তা ও হিফাজত চাইতে পারেন।

৩. সকাল ও সন্ধ্যার মাসনুন যিকিরগুলো ধরে রাখুন।
বিশেষভাবে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস সকাল ও সন্ধ্যায় প্রতিটি তিনবার পড়ার আমল হাদিসে এসেছে। এটি শুধু গর্ভবতী নারীর জন্য নয়; সকল মুসলিমের জন্য সুন্নাহর আমল। গর্ভাবস্থায়ও নিয়মিতভাবে এগুলো পড়তে পারেন।

৪. ঘুমানোর আগে কয়েকটি সহজ সুন্নাহর আমল রাখুন।
আয়াতুল কুরসি পড়ুন। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে দুই হাতে হালকা ফুঁ দিয়ে মাথা, মুখ এবং শরীরের যতটুকু সম্ভব মুছে নিন। রাসূল ﷺ থেকে এসব আমল প্রমাণিত। এগুলো pregnancy-specific নয়, বরং সাধারণ সুন্নাহর আমল।

৫. গর্ভের সন্তানের জন্য কুরআনের দোয়াগুলো করুন।

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
রব্বি হাব লী মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ, ইন্নাকা সামী‘উদ দু‘আ।
অর্থ: “হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।”
📖 সূরা আলে ইমরান: ৩৮

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউন, ওয়াজ‘আলনা লিল মুত্তাকীনা ইমামা।
অর্থ: “হে আমাদের রব, আমাদের স্ত্রী-সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানান।”
📖 সূরা আল-ফুরকান: ৭৪

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
রব্বিজ‘আলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতী, রব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ।
অর্থ: “হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন।”
📖 সূরা ইবরাহিম: ৪০

আর সন্তানের সংশোধন ও কল্যাণের জন্য পড়তে পারেন—
وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي
ওয়া আসলিহ লী ফী যুররিয়্যাতী।
অর্থ: “আমার জন্য আমার সন্তান-সন্ততিকে সংশোধন করে দিন।”
📖 সূরা আল-আহকাফ: ১৫

আমরা সন্তানের জন্য সুস্থতা চাই, সুন্দর ভবিষ্যৎ চাই। কিন্তু এর সঙ্গে আরও একটি দোয়া যোগ করুন—“আল্লাহ, আমার সন্তানকে ভালো মানুষ বানান। আপনার অনুগত বান্দা বানান।”

৬. নিজের ভাষায় অনেক দোয়া করুন।
অনেক মা মনে করেন, আরবিতে সুন্দর করে বলতে না পারলে হয়তো দোয়া ঠিক হলো না। এমন নয়। আপনি বাংলায় বলুন, “আল্লাহ, আমার গর্ভের সন্তানকে হেফাজত করুন। তাকে পূর্ণ সুস্থতায় পৃথিবীতে আনুন। তার শরীর, ঈমান ও চরিত্র সুন্দর করুন। তাকে সালাতের মানুষ বানান। কুরআনকে ভালোবাসার তাওফিক দিন। খারাপ সঙ্গ, হারাম ও ভুল পথ থেকে বাঁচান। আমার গর্ভকাল ও প্রসব সহজ ও নিরাপদ করুন। আমাকে ধৈর্য দিন। মা ও সন্তান দুজনকেই আপনার হিফাজতে রাখুন।”

কতবার বলতে হবে? যতবার ইচ্ছে। কোনো দোয়াকে নিজের পক্ষ থেকে ৭ বার, ১১ বার, ৪১ বার পড়তেই হবে—এমন নিয়ম বানানোর প্রয়োজন নেই, যদি তার পক্ষে নির্দিষ্ট দলিল না থাকে।

৭. ইস্তিগফার ও তাওবার অভ্যাস বাড়ান।
গর্ভাবস্থা শুধু সন্তানের জন্য কিছু পড়ার সময় নয়। নিজের জীবনটাও একটু গুছিয়ে নেওয়ার সময়। কোন সালাতটা বারবার দেরি হচ্ছে, কোন গুনাহটা ছাড়তে হবে, কোন অভ্যাসটা বদলানো দরকার—এসব নিয়েও আল্লাহর কাছে ফিরুন। আমরা সন্তানের জন্য নেক পরিবেশ চাই। সেই পরিবেশটা তার জন্মের আগেই আমাদের ঘর ও আমাদের জীবন থেকে শুরু হতে পারে।

তাহলে একটা সহজ দৈনিক routine কেমন হতে পারে?
🌿 সকালে: তিন কুল তিনবার + সকালবেলার মাসনুন যিকির + সন্তানের জন্য কয়েক মিনিট দোয়া।
🌿 দিনের মধ্যে: সামর্থ্য অনুযায়ী কুরআন তিলাওয়াত + ইস্তিগফার + নিজের ভাষায় দোয়া।
🌿 সন্ধ্যায়: তিন কুল তিনবার + সন্ধ্যার মাসনুন যিকির।
🌿 ঘুমানোর আগে: আয়াতুল কুরসি + সূরা বাকারার শেষ দুই আয়াত + তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে শরীরে মুছে নেওয়া।
আর পাঁচ ওয়াক্ত সালাতের পর যখনই মনে পড়ে, সন্তানের জন্য দোয়া করুন। এটুকু দিয়েই খুব সুন্দরভাবে শুরু করা যায়।

আর একটি কথা খুব জরুরি—দোয়া ও চিকিৎসা একে অপরের বিকল্প নয়। চেকআপ, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ এবং চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হলে সেগুলো গুরুত্বের সঙ্গে নিন। আল্লাহর ওপর ভরসা করার অর্থ বৈধ উপায় ছেড়ে দেওয়া নয়।

আর কোনো দিন যদি শরীর এত খারাপ থাকে যে আপনার ঠিক করা আমলের অর্ধেকও করতে পারলেন না, তখন নিজেকে দোষী বানাবেন না। গর্ভাবস্থা কোনো আমলের প্রতিযোগিতা নয়। কেউ প্রতিদিন অনেক কুরআন পড়তে পারবেন, কেউ প্রচণ্ড বমিভাব আর দুর্বলতার মধ্যে কয়েক আয়াত পড়েই থেমে যাবেন। কেউ অনেকক্ষণ দোয়া করতে পারবেন, আবার কোনো মায়ের মুখ দিয়ে শুধু এতটুকু বের হবে—“আল্লাহ, আমার বাচ্চাটাকে ভালো রাখবেন।” এটাও দোয়া।

তাই এই নয় মাস শুধু “আর কোন সূরা পড়ব?” “আর কী করলে বাচ্চার জন্য ভালো হবে?”—এই খোঁজে কাটাবেন না। চেষ্টা করুন, এই সময়টায় আপনার সালাত একটু সুন্দর হোক, ঘরে কুরআনের তিলাওয়াত বাড়ুক, সকাল-সন্ধ্যার যিকির নিয়মিত হোক, গুনাহ থেকে ফিরে আসা সহজ হোক, আর আপনার সন্তানের জন্য দোয়া প্রতিদিনের অভ্যাস হয়ে যাক।

বাচ্চার কাপড় গুছিয়ে রাখা, নাম ঠিক করা, হাসপাতালের ব্যাগ প্রস্তুত করা—এসব প্রয়োজনীয় প্রস্তুতি। কিন্তু এর পাশাপাশি আরেকটি প্রস্তুতিও চলুক—সন্তান পৃথিবীতে আসার আগেই তার মা তার জন্য আল্লাহর কাছে নেক হায়াত, ঈমান, সালাত, উত্তম চরিত্র ও হিদায়াত চেয়ে যাচ্ছেন।

আল্লাহ সকল গর্ভবতী মাকে সুস্থ ও নিরাপদ রাখুন। তাঁদের গর্ভের সন্তানদের পূর্ণ সুস্থতা ও কল্যাণ দান করুন। সন্তানদের নেক, সালাতপ্রিয় এবং মা-বাবার চোখের শীতলতা বানান। প্রসব সহজ ও নিরাপদ করুন এবং মা ও শিশুকে তাঁর রহমত ও হিফাজতে রাখুন। আমিন। 🤲

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।