কখনো কি মা-বাবার একই কথা বারবার শুনে আপনার বিরক্ত লাগে? ফোন করলে একটু বেশি সময় কথা বলতে চান, ছোট একটা বিষয় নিয়েও কয়েকবার জিজ্ঞেস করেন, কোথাও যেতে হলে ধীরে প্রস্তুত হন। তখন মুখে কিছু না বললেও ভেতরে হয়তো আসে, “আবার শুরু করল…” কিংবা তাড়াহুড়ো করে বলি, “আচ্ছা পরে কথা বলি।”
একসময় কিন্তু আপনি নিজেই একই প্রশ্ন শতবার করেছেন। একই গল্প শুনতে চেয়েছেন। রাতে কেঁদেছেন, খেতে চাননি, হাঁটতে গিয়ে পড়ে গেছেন। তারা তখন বলেননি, “আর পারছি না।” আপনার ছোট ছোট প্রয়োজনও তাদের কাছে বিরক্তির ছিল না। আজ বয়সের সঙ্গে যখন তাদের ধৈর্য কমছে, স্মৃতি দুর্বল হচ্ছে, শরীর ধীর হচ্ছে—তখন আপনার আচরণটাই বলে দিচ্ছে, আপনি সত্যিই তাদের কতটা সম্মান করেন।
আল্লাহ মা-বাবার বার্ধক্যের কথা বলতে গিয়ে শুধু খরচ বহন করতে বলেননি। বলেছেন, তাদের “উফ” পর্যন্ত বলো না, ধমক দিও না, সম্মানের সঙ্গে কথা বলো। তারপর বলেছেন, “রহমতের কারণে তাদের সামনে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।” — সূরা আল-ইসরা, ১৭:২৩–২৪।
একটু নিজের ঘরের দৃশ্যগুলো মনে করুন। মা একই কথা দ্বিতীয়বার বললে আপনার কণ্ঠস্বর বদলে যায় কি? বাবা কোনো কাজ বুঝতে দেরি করলে আপনি তাকে এমনভাবে উত্তর দেন কি, যেভাবে বাইরের একজন মানুষকে কখনো দিতেন না? ফোনে তারা কথা বলছেন, আর আপনি শুধু “হুম… আচ্ছা…” বলতে বলতে অন্য কিছু দেখছেন? আমরা অনেকেই মা-বাবাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা সবসময় আমাদের ব্যবহারে পৌঁছায় না।
রাসূলুল্লাহ ﷺ কঠিনভাবে সতর্ক করেছেন সেই মানুষকে, যে মা-বাবার একজন বা দুজনকে বার্ধক্যে পেয়েও জান্নাতে প্রবেশের এই বড় সুযোগ হারিয়ে ফেলে। — সহিহ মুসলিম, ২৫৫১। অর্থাৎ তাদের বৃদ্ধ বয়স শুধু তাদের দুর্বলতার সময় নয়; এটা আমাদের আখিরাতেরও একটা বড় পরীক্ষা।
তাই আজ তারা বেঁচে থাকলে বড় কিছু করার অপেক্ষা করবেন না। কথা বলার সময় একটু ধীর হন। একই কথা আবার বললেও বিরক্তি চেপে শুনুন। কোনো কাজে সাহায্য চাইবার আগেই বুঝে করলে করুন। কখনো কণ্ঠ উঁচু হয়ে গেলে “আমি তো অনেক কিছুই করি” বলে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা না করে গিয়ে নরমভাবে কথা বলুন। কারণ টাকা দেওয়া দায়িত্বের একটা অংশ; কিন্তু সম্মান, ধৈর্য আর কোমলতা—এসবও তাদের হক।
একদিন হয়তো আপনার ফোনে তাদের নামটা থেকেই যাবে। কিন্তু ওপাশ থেকে আর কেউ বলবে না, “কেমন আছিস?”
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা।
হে আমার রব, আমার মা-বাবার প্রতি দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন-পালন করেছেন।
মন্তব্য করুন