আমরা অনেকেই সালাত আদায় করি, কিন্তু সালাতের ভেতরের কিছু ছোট অভ্যাসের দিকে খেয়াল করি না। কখনো প্রচণ্ড ঘুম নিয়ে দাঁড়াই, কখনো মন অন্যদিকে চলে যায়, কখনো তাড়াহুড়ো করে রুকু ও সিজদাহ শেষ করি। অথচ সালাত শুধু কয়েকটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার নাম নয়; এটি বান্দার সঙ্গে তার রবের একান্ত সাক্ষাৎ।
আল্লাহ তাআলা সফল মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তারা নিজেদের সালাতে বিনয়ী ও মনোযোগী থাকে। অর্থাৎ খুশু সালাতের সৌন্দর্যের অতিরিক্ত কোনো অংশ নয়, বরং মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।
সালাতে দাঁড়ানোর আগে তাই কয়েক মুহূর্ত নিজেকে প্রস্তুত করা দরকার। ফোনটি নীরব করে রাখা, প্রয়োজনীয় কাজ শেষ করা, ধীরস্থিরভাবে ওযু করা এবং মনে আনা যে আমি এখন মানুষের সামনে নয়, আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। মন বারবার অন্যদিকে চলে গেলেও হতাশ না হয়ে আবার সালাতের দিকে ফিরিয়ে আনতে হবে।
প্রচণ্ড ঘুম বা তন্দ্রার অবস্থায় সালাতে দাঁড়ানোও ঠিক নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কেউ সালাতের মধ্যে এতটাই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে যে সে কী বলছে তা বুঝতে পারছে না, তার উচিত বিশ্রাম নেওয়া এবং ঘুম কেটে গেলে সালাত আদায় করা। কারণ তন্দ্রার মধ্যে সে ক্ষমা চাইতে গিয়ে নিজের জন্য অনাকাঙ্ক্ষিত কিছু বলে ফেলতে পারে।
সূত্র সহিহ বুখারি ২১২।
এখানে সাধারণ ক্লান্তির কথা বলা হয়নি। মানুষ ক্লান্ত হলেও যদি সচেতন থাকে এবং নিজের তিলাওয়াত ও যিকর বুঝতে পারে, সে সালাত আদায় করবে। সতর্কতা সেই অবস্থার জন্য, যখন চোখ বন্ধ হয়ে আসছে, জিহ্বা জড়িয়ে যাচ্ছে এবং মানুষ কী পড়ছে তা আর বুঝতে পারছে না।
সালাতের মধ্যে অনর্থক কথা বলা থেকেও বিরত থাকতে হবে। সাহাবিগণ প্রথম দিকে প্রয়োজনের কথা সালাতের মধ্যেও বলতেন। পরে আল্লাহর সামনে একাগ্র আনুগত্যের সঙ্গে দাঁড়ানোর নির্দেশ আসলে তাঁদের নীরব থাকতে বলা হয় এবং সালাতে কথা বলা নিষেধ করা হয়।
আমরা হয়তো সালাতের মধ্যে মুখে কথা বলি না, কিন্তু অনেক সময় পাশের মানুষকে নিয়ে হাসাহাসি, অপ্রয়োজনীয় নড়াচড়া কিংবা বারবার চারপাশে তাকানোর মাধ্যমে সালাতের গাম্ভীর্য নষ্ট করি। সালাতে বিনয়ী থাকা মানে একেবারে অনুভূতিহীন হয়ে দাঁড়ানো নয়; বরং নিজের দেহ, কথা ও মনকে যতটা সম্ভব আল্লাহর দিকে ফিরিয়ে রাখা।
সালাত সময়মতো আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের ওপর ফরজ করা হয়েছে।
কাজ শেষ হলে পড়ব, একটু পরে পড়ব, এই ভিডিওটি শেষ করে পড়ব, অতিথি চলে গেলে পড়ব, এমন করতে করতে অনেক সময় ওয়াক্তের শেষ প্রান্তে চলে যায়। কখনো আবার ওয়াক্তই শেষ হয়ে যায়। অথচ দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য আমরা সময় নির্ধারণ করি, অ্যালার্ম দিই এবং আগেভাগে প্রস্তুত হই। সালাতের সময় এলে যেন সেটিই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ appointment হয়।
এর অর্থ এই নয় যে বাস্তব কোনো ওযর বা অনিবার্য পরিস্থিতিকে উপেক্ষা করতে হবে। কিন্তু অলসতা, স্ক্রলিং বা গুরুত্বহীন ব্যস্ততার কারণে নিয়মিত সালাত পিছিয়ে দেওয়া একজন মুমিনের জন্য উদ্বেগের বিষয়। নিজের দৈনন্দিন কাজকে সালাতের সময়ের চারপাশে সাজানো উচিত, সালাতকে অন্য সব কাজের ফাঁকে জায়গা দেওয়া নয়।
আরেকটি সাধারণ ভুল হলো রুকু ও সিজদাহ খুব দ্রুত শেষ করা। রাসূলুল্লাহ ﷺ একজন ব্যক্তিকে সালাত শেখানোর সময় তাকে রুকুতে স্থির হতে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে, সিজদাহে প্রশান্ত হতে এবং দুই সিজদাহর মাঝে স্থিরভাবে বসতে নির্দেশ দিয়েছিলেন।
সূত্র সহিহ বুখারি ৭৫৭।
রুকুতে গেলাম এবং সঙ্গে সঙ্গে উঠে গেলাম, সিজদাহে কপাল ছুঁইয়ে আবার তুলে ফেললাম, এভাবে শরীরের কিছু অবস্থান সম্পন্ন হতে পারে, কিন্তু সালাতের প্রশান্তি হারিয়ে যায়। প্রতিটি রুকু, কাওমা, সিজদাহ ও বৈঠকে শরীর স্থির হওয়ার মতো সময় দেওয়া দরকার। দ্রুত শেষ করাই ভালো সালাতের পরিচয় নয়; যত্নসহকারে সম্পন্ন করাই আসল।
সালাত সুন্দর করার জন্য একদিনে সব পরিবর্তন করতে হবে না। আজ থেকে একটি বিষয় ঠিক করুন। হয় ঘুম ঘুম অবস্থায় দাঁড়াবেন না, নয়তো সালাত সময়মতো পড়বেন, অথবা রুকু ও সিজদাহে একটু বেশি স্থির হবেন। একটি অভ্যাস ঠিক হলে পরেরটির দিকে মনোযোগ দিন।
মনে রাখবেন, সালাতে আমরা কোনো আনুষ্ঠানিক উপস্থিতি পূরণ করি না। আমরা সেই রবের সামনে দাঁড়াই, যিনি আমাদের মনের কথাও জানেন। তাই সালাত দ্রুত শেষ করার কাজ নয়; এটি ধীরে ধীরে হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনার ইবাদত।
আল্লাহ আমাদের সালাতে খুশু, বিনয় ও প্রশান্তি দান করুন। সময়মতো সালাত আদায়, অনর্থক কাজ থেকে বিরত থাকা এবং রুকু ও সিজদাহ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দিন। আমাদের সালাতের ভুলগুলো ক্ষমা করে তা কবুল করুন। আমিন।
মন্তব্য করুন