আল্লাহকে জানি | পর্ব ১৫
আমার রিযিক কি সত্যিই আল্লাহর হাতে?
মাসের শেষের দিকে কখনো কি হিসাব মিলাতে গিয়ে বুকটা একটু কেঁপে ওঠে? সামনে ভাড়া, বিল, পরিবারের খরচ, কোনো বকেয়া। কাজটা থাকবে তো? ব্যবসা চলবে তো? আগামী মাসে আয় কমে গেলে কী হবে? মুখে আমরা বলি, “আল্লাহ রিযিকদাতা।” কিন্তু হিসাবের খাতা খুললেই ভয়টা আবার ফিরে আসে।
এই ভয়টা শুধু টাকার না। এর ভেতরে আরও গভীর একটা প্রশ্ন থাকে, “যদি একদিন আমার ব্যবস্থা না থাকে?”
রিযিক আল্লাহ দেন—এটা আমরা জানি। কিন্তু জানার সাথে সত্যি সত্যি ভরসা করার মধ্যে পার্থক্য আছে। চাকরি ঠিক থাকলে কথাটা বলা সহজ। কঠিন হয় যখন চুক্তি শেষ হওয়ার খবর আসে, ব্যবসায় বিক্রি কমে যায়, হঠাৎ বড় একটা খরচ সামনে দাঁড়ায়, কিংবা অনেক চেষ্টা করেও কাজ পাওয়া যায় না।
আল্লাহ বলেন, “পৃথিবীতে এমন কোনো জীব নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর উপর নয়।”
সূরা হূদ, ১১:৬
আপনিও সেই সৃষ্টির একজন।
কিন্তু এই আয়াতের মানে এই নয় যে আপনি বসে থাকবেন, আর কোনো চেষ্টা করবেন না। চাকরি খুঁজবেন, ব্যবসা করবেন, নতুন কিছু শিখবেন, হিসাব করবেন, সুযোগের দরজায় যাবেন। চাকরি, ব্যবসা, মানুষ—সবই মাধ্যম। রিযিকের মালিক আল্লাহ।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিযিক দিতেন যেমন পাখিদের দেন; তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে।”
জামি‘ আত তিরমিযি, ২৩৪৪
পাখিটা বাসায় বসে থাকে না। সকালে বের হয়।
এখানেই তাওয়াক্কুলের একটা খুব বাস্তব শিক্ষা আছে। ভরসা করবেন আল্লাহর উপর, কিন্তু নিজের দায়িত্বটুকুও করবেন।
সমস্যা হয় যখন একটা মাধ্যম বন্ধ হয়ে গেলে মনে হয়, সবকিছুই শেষ। চাকরি চলে গেছে মানে রিযিক চলে গেছে। একজন মানুষ সাহায্য বন্ধ করেছে মানে আর কোনো রাস্তা নেই। ব্যবসা ক্ষতিতে গেছে মানে সামনে কিছু নেই।
তখন মনে রাখা দরকার, আপনি একটা দরজা বন্ধ হতে দেখেছেন। আল্লাহর সামর্থ্য একটা দরজার মধ্যে সীমাবদ্ধ নয়।
আল্লাহ বলেন, “যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিযিক দেন, যা সে কল্পনাও করেনি। আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।”
সূরা আত তালাক, ৬৫:২–৩
এর মানে তাকওয়া করলেই সবাই ধনী হবে—এমন নয়। রিযিক আল্লাহর হাতে মানে এটাও নয় যে প্রত্যেকের হাতে সমান পরিমাণ থাকবে। কে কত পাবে, কখন পাবে, কোন পথে পাবে—এসব তাঁর হিকমাহর অন্তর্ভুক্ত।
রিযিকও শুধু ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা না। আজকের খাবার, কাজ করার শক্তি, একটা নিরাপদ ঘর, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো একজন মানুষ, শেখার সুযোগ, সময়, সুস্থতা—এসবও আল্লাহর নিয়ামত।
তবুও অর্থের চিন্তা বাস্তব। “আল্লাহর উপর ভরসা করুন” বললেই বকেয়া বিল চলে যায় না। তাই হিসাব করবেন। অপ্রয়োজনীয় খরচ কমাবেন। নতুন হালাল সুযোগ খুঁজবেন। দরকার হলে সাহায্য চাইবেন।
কিন্তু ভয়টা যেন এমন জায়গায় না নেয়, যেখানে রিযিকের জন্য রিযিকদাতারই অবাধ্য হতে শুরু করেন।
কখনো চাপ এত বেড়ে যায় যে মনে হয়, একটু মিথ্যা বললে কী হবে? এই হারাম আয়টুকু না করলে চলব কীভাবে? সালাতটা পরে পড়ি, এখন কাজটা শেষ না করলে ক্ষতি হবে।
ঠিক তখন নিজের কাছে প্রশ্নটা কঠিন হয়ে যায়, “আমি কি রিযিক পাওয়ার জন্য আল্লাহর অবাধ্য হচ্ছি, অথচ সেই রিযিকটাই চাইছি আল্লাহর কাছ থেকে?”
হালাল পথ সবসময় সবচেয়ে সহজ পথ হবে না। কখনো খুব চাপ থাকবে। তবুও একজন মুমিনের চেষ্টা হলো—যতটা সম্ভব হালাল পথে থাকা এবং আল্লাহর কাছে সেই পথেই বরকত চাওয়া।
তারপর আসে তুলনা।
কেউ আপনার চেয়ে কম চেষ্টা করেও বেশি আয় করছে। কারও ব্যবসা খুব দ্রুত বড় হয়ে গেল। যে চাকরিটা আপনি চেয়েছিলেন, অন্য কেউ পেল। তখন ভিতরে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে, “ওকে এত দিলেন, আমাকে কম কেন?”
কিন্তু অন্যের রিযিক দেখে নিজের মূল্য ঠিক করবেন না। বেশি পাওয়া মানেই আল্লাহর কাছে বেশি প্রিয়—এমন নয়। কম পাওয়া মানেই ভুলে যাওয়া—এটাও নয়।
আপনার দায়িত্ব অন্যের হিসাব করা না। আপনার দায়িত্ব নিজের রিযিকের পথে হালাল চেষ্টা করা, যা আছে তার শুকর করা, আর যা নেই তার জন্য আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা না করা।
আজ যদি সামনে কীভাবে চলবে বুঝতে না পারেন, তাহলে ভয়টা অস্বীকার করবেন না।
আল্লাহকে বলুন, “ইয়া আল্লাহ, সামনে কী হবে আমি জানি না। আমি আমার অংশটুকু করার চেষ্টা করছি। আমাকে হালাল রিযিক দিন, হারাম থেকে বাঁচান, আর আমার হৃদয়কে কোনো মাধ্যমের সাথে এমনভাবে বেঁধে দেবেন না যেন আমি আপনাকেই ভুলে যাই।”
তারপর নিজের কাজটুকু করুন।
CV পাঠাতে হলে পাঠান। নতুন দক্ষতা শিখতে হলে শিখুন। ব্যবসার হিসাব বদলাতে হলে বদলান। সাহায্য দরকার হলে চান।
কিন্তু একটা চাকরি, একটা মানুষ বা একটা ব্যবসাকেই নিজের শেষ ভরসা বানাবেন না।
রিযিকের মালিক আল্লাহ।
আজ আপনার হাতে কত আছে, সেটা হয়তো কম। আগামী মাসে কী হবে, জানেন না। কিন্তু এই না জানার মধ্যেও আপনি তাঁর কাছেই চেষ্টা, ভয় আর আশা—সব নিয়ে ফিরতে পারেন।
মন্তব্য করুন