আমার ডায়েরির পাতা থেকে… | ০৮
আল্লাহ, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত…
কিছু দু‘আ আছে, যেগুলো এতদিন ধরে করছি যে কখন শুরু করেছিলাম সেটাই ঠিক মনে নেই। শুধু মনে আছে, অনেকবার একই কথা বলেছি। কখনো কান্না নিয়ে, কখনো অনেক আশা নিয়ে, কখনো একদম চুপচাপ। সময় বদলেছে, আমি বদলেছি, কিন্তু সেই দু‘আটা এখনো রয়ে গেছে।
কখনো মনে হয়, এবার হয়তো হবে। তারপর আবার কিছুই বদলায় না। বাইরে থেকে স্বাভাবিক থাকি, নিজের কাজ করি, মানুষের সঙ্গে কথা বলি। কিন্তু ভেতরে একটা কথা ঘুরতেই থাকে—আল্লাহ, আর কতদিন? এই প্রশ্নটা মনে আসলেই আবার ভয় পাই। আমি কি অধৈর্য হয়ে যাচ্ছি? আমি কি আপনার ফয়সালার ওপর অস্থির হয়ে পড়ছি? নাকি আমি শুধু সত্যিই ক্লান্ত?
আরও কঠিন লাগে যখন অন্য কারও জীবনে খুব সহজে সেই জিনিসটা চলে আসতে দেখি, যেটার জন্য আমি অনেকদিন ধরে দু‘আ করছি। আমি তার জন্য খুশি হতে চাই, সত্যিই চাই। কিন্তু বুকের ভেতর কোথাও একটু ব্যথাও হয়। মনে হয়, আল্লাহ, আমার কথাটাও কি আপনার কাছে আছে?
তারপর নিজের এই ভাবনার জন্যই খারাপ লাগে। আমি তো জানি না ওই মানুষের জীবনের বাকি অংশ কেমন। আমি শুধু একটা নেয়ামত দেখছি, পুরো গল্প না। তবুও মন সবসময় এত বুঝদার থাকে না।
কখনো নিজের দিকেও তাকাই। আমার কোনো গুনাহ কি আমাকে পিছিয়ে দিচ্ছে? আমি যা চাইছি, সেটা কি সত্যিই আমার জন্য ভালো? নাকি আমি এতটাই সেই জিনিসটার পেছনে পড়ে গেছি যে কখনো কখনো ফলটাকেই আপনার চেয়ে বেশি চাইতে শুরু করেছি?
এই প্রশ্নটা আমাকে থামিয়ে দেয়। কারণ যদি দু‘আ কবুল হওয়ার আগ পর্যন্তই আমি আপনার কাছে থাকি, আর দেরি হলেই ভেতরে ভেতরে দূরে সরে যাই, তাহলে আমার চাওয়ার মধ্যে সমস্যা আছে না?
আল্লাহ, আমি জানি না। আমি শুধু জানি, অপেক্ষা করতে করতে কখনো খুব ক্লান্ত লাগে। এমনও লাগে, আর বলতে ইচ্ছে করছে না। মনে হয়, এতবার বলেছি, আবার কী বলব? তারপরও কিছুদিন পর আবার একই দু‘আ মুখে চলে আসে। হয়তো কারণ আমি এখনো আশা ছাড়িনি।
কখনো রাতে খুব সাধারণভাবে বলি, “আল্লাহ, আপনি তো জানেন আমি কী চাই।” এর বেশি কিছু বলতেও ইচ্ছে করে না। মনে হয়, আপনি তো আমার ক্লান্তিটাও জানেন, আশাটাও জানেন।
তবুও একটা ভয় আছে। এই অপেক্ষা আমাকে যেন খারাপ না বানায়। অন্যের নেয়ামত দেখে যেন আমার বুক সংকুচিত না হয়। আপনার ওপর ভরসা যেন কমে না যায়। আমি যেন শুধু “কবে পাব?” এই প্রশ্নে এত ব্যস্ত না হয়ে যাই যে “এই অপেক্ষায় আমি কেমন মানুষ হচ্ছি?” সেটা ভুলে যাই।
আমি সবসময় সবরের বড় বড় কথা বলতে পারি না। কিছুদিন ভালো থাকি, তারপর আবার মন ভেঙে যায়। আবার দু‘আ করি, আবার আশা করি, আবার ক্লান্ত হই। কিন্তু আল্লাহ, একটা জিনিস চাই—আমি যা চাইছি, সেটা পেতে দেরি হলেও আপনাকে পেতে দেরি না হোক।
যেটা চেয়েছি সেটা যদি আমার জন্য ভালো হয়, দিন। যদি ভালো না হয়, তাহলে আমার হৃদয়কে সেখান থেকে ফিরিয়ে আনুন। কিন্তু এমন যেন না হয়, এতদিন একটা জিনিসের জন্য অপেক্ষা করতে করতে শেষে আপনাকেই দূরে ঠেলে দিলাম।
আমি জানি না এই দু‘আর উত্তর কী হবে। হয়তো পাব, হয়তো পাব না। কিন্তু এতদিন অপেক্ষা করে শেষে যেন আপনাকেই হারিয়ে না ফেলি।
আল্লাহ, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। তবুও আপনার কাছ থেকেই সরে যেতে চাই না।
মন্তব্য করুন