আমার ডায়েরির পাতা থেকে… | ০১
ইয়া রাসূলাল্লাহ ﷺ, আজকাল আপনার অভাবটা বড্ড বেশি অনুভব করি।
মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে। আজ যে মানুষটা খুব আপন, কাল তাকেই যেন চিনতে পারি না। আজ যে সুন্দর কথা বলে, কাল নিজের কথাই ভুলে যায়। কাউকে একটু বিশ্বাস করে মনের একটা জায়গা খুলে দিলেই ভয় হয়, এই বিশ্বাসটুকুই না একদিন তার কাছে হাসির বিষয় হয়ে যায়।
ইয়া রাসূলাল্লাহ ﷺ, এমন মানুষ খুঁজি যার দ্বীনটা শুধু কথায় নয়, অন্তরেও আছে। যার আকীদা ঠিক, আমল সুন্দর, আখলাক নরম। কিন্তু চারদিকে তাকিয়ে কখনো কখনো খুব একা লাগে। মানুষের ভেতরে কত অহংকার, কত হিংসা, কত দ্বিমুখিতা, কত গোপন অন্ধকার। বাইরে থেকে কাউকে যত সুন্দর মনে হয়, কাছে গেলে কখনো সেই ধারণাটাই ভেঙে পড়ে।
তখন আপনার কথা খুব মনে পড়ে, ইয়া রাসূলাল্লাহ ﷺ।
মনে হয়, যদি আপনার সময়টাতে জন্মাতাম! যদি একবার আপনাকে সামনে থেকে দেখতে পেতাম! যদি আপনার মজলিসের এক কোণে চুপ করে বসে থাকতে পারতাম! আপনার কথা শুনতাম, আপনার সাহাবিদের দেখতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই সত্যনিষ্ঠতা, উমর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা, উসমান রাদিয়াল্লাহু আনহুর লজ্জাশীলতা, আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান আর সাহস কাছ থেকে দেখতে পারতাম।
তারপর তাবেয়িন, তাবে তাবেয়িনদের সেই প্রজন্মগুলো। দ্বীন যাদের কাছে শুধু কিছু কথা ছিল না, ছিল জীবন। আল্লাহর ভয়, সত্যবাদিতা, আমানতদারি, মানুষের হক, নিজের নফসের বিরুদ্ধে লড়াই সবকিছু কত জীবন্ত ছিল তাদের মাঝে।
ইয়া রাসূলাল্লাহ ﷺ, আমাদের সময়টা খুব কঠিন হয়ে গেছে।
হক আর বাতিলের সীমা কত মানুষের কাছে ঝাপসা। নিজের ইচ্ছাকেই মানুষ সত্য মনে করে। দ্বীনের কথা বলা হয়, অথচ দ্বীনের আদব থাকে না। উপদেশ দেওয়া হয়, অথচ নিজের জীবনে সেই উপদেশের ছাপ পাওয়া যায় না। বিশ্বাসের মানুষ কমে যাচ্ছে বলে মনে হয়। আর এই সবকিছুর মাঝে কখনো কখনো বুকের ভেতর অদ্ভুত এক ক্লান্তি জমে ওঠে।
ইয়া রাসূলাল্লাহ ﷺ, আপনাকে খুব দেখতে ইচ্ছে করে।
যে মানুষটির জন্য এত শতাব্দী পরেও হৃদয় কেঁদে ওঠে, যাঁকে কোনোদিন চোখে দেখিনি অথচ নিজের অনেক আপন মানুষের চেয়েও আপন মনে হয়, তাঁকে একবার দেখতে ইচ্ছে করে।
আপনি তো সেই মানুষগুলোকেও আপনার ভাই বলে স্মরণ করেছিলেন, যারা আপনাকে দেখেনি, অথচ আপনার ওপর ঈমান আনবে। সহিহ মুসলিম ২৪৯। ভাবলেই চোখ ভিজে আসে। আমরা আপনাকে দেখিনি, আপনার কণ্ঠ শুনিনি, আপনার পাশে বসিনি, তবুও আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলাল্লাহ ﷺ।
কখনো কখনো এই পৃথিবীর মানুষগুলোর আচরণে মন এতটাই ক্লান্ত হয়ে যায় যে মনে হয়, আমি যেন ভুল কোনো সময়ে জন্মেছি। তারপর নিজেকেই বুঝাই, আল্লাহ আমাকে এই সময়েই পাঠিয়েছেন। এই সময়ের ফিতনার মাঝেই ঈমান বাঁচিয়ে রাখতে হবে। এই সময়ের মানুষের মাঝেই আপনার শেখানো আখলাক ধরে রাখতে হবে। মানুষ বদলে গেলেও আমাকে যেন বদলে যেতে না হয়।
ইয়া রাসূলাল্লাহ ﷺ, আপনার অভাব বড্ড অনুভব করি।
আপনার মতো কোমল হৃদয়ের মানুষের অভাব।
আপনার মতো সত্যবাদী মানুষের অভাব।
আপনার মতো আমানতদার মানুষের অভাব।
আপনার সাহাবিদের মতো সঙ্গীর অভাব।
এমন মানুষের অভাব, যার কাছে নিজের দুর্বলতা বললে সে তা দিয়ে আঘাত করবে না। বিশ্বাস রাখলে বিশ্বাস ভাঙবে না। ভালোবাসলে তার পেছনে কোনো স্বার্থ থাকবে না।
আল্লাহ যেন আমাদের এমন জীবন দেন, এমন ঈমান দেন, এমন আমল দেন, যেন হাশরের ময়দানে আপনার উম্মত হিসেবে পরিচিত হতে পারি। হাউজে কাউসারের কাছে যেন আপনি আমাদের ফিরিয়ে না দেন। আর জান্নাতে, আল্লাহর রহমতে, যেন সেই অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ হয়।
সেদিন যেন দূর থেকে নয়, কাছে থেকে আপনাকে দেখতে পারি।
ইয়া রাসূলাল্লাহ ﷺ,
আপনাকে আমরা দেখিনি,
তবুও আপনাকে বড্ড ভালোবাসি।
আর আজ,
বড্ড অভাব বোধ করি আপনার। ﷺ
মন্তব্য করুন