যেগুলো হারানোর ভয়েই তুমি আজ এত অস্থির, একদিন সেগুলোর সবকিছুই তোমাকে ছেড়ে যাবে। অথবা তার আগেই তুমি সেগুলো ছেড়ে চলে যাবে।
টাকা, বাড়ি, গাড়ি, পদ, পরিচিতি, সৌন্দর্য, যৌবন, মানুষের ভালোবাসা—এগুলো থাকা ভুল নয়। সমস্যা শুরু হয় তখন, যখন এগুলোর ওপর এমনভাবে ভরসা করতে শুরু করি, যেন এগুলোই আমাদের নিরাপত্তা, শান্তি আর পরিচয়ের শেষ ঠিকানা।
অথচ আল্লাহ খুব অল্প কথায় দুনিয়ার পুরো সত্যটা বলে দিয়েছেন, “পৃথিবীতে যারা আছে, সবাই ধ্বংসশীল। আর অবশিষ্ট থাকবেন তোমার রব, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।”
সূরা আর-রহমান ৫৫:২৬–২৭
একটু নিজের জীবনটার দিকে তাকাও। এমন কত কিছু ছিল, যেটা একসময় না পেলে মনে হয়েছিল জীবনটাই বুঝি থেমে যাবে। পরে পেয়েছ। কিছুদিন ভালোও লেগেছে। তারপর সেটাই স্বাভাবিক হয়ে গেছে। আবার নতুন কিছু চাইতে শুরু করেছ। কিছু মানুষকেও হয়তো একসময় মনে হয়েছিল, “এ মানুষটা ছাড়া আমি পারব না।” অথচ মানুষ বদলেছে, সম্পর্ক বদলেছে, দূরত্ব এসেছে। জীবন তবুও চলেছে।
এই দুনিয়ার স্বভাবটাই এমন। কুরআন দুনিয়ার জীবনকে বৃষ্টির পর সবুজ হয়ে ওঠা গাছপালার সঙ্গে তুলনা করেছে। একসময় সেটা চোখ জুড়ায়, তারপর শুকিয়ে যায়, শেষে খড়কুটোর মতো হয়ে পড়ে। আজ যা দেখে তোমার চোখ আটকে যাচ্ছে, কাল হয়তো সেটার দিকেও আর ফিরে তাকাবে না।
তাই ইসলাম তোমাকে দুনিয়া ছেড়ে দিতে বলেনি। হালালভাবে উপার্জন করো, সুন্দর ঘর বানাও, পরিবারকে ভালোবাসো, প্রয়োজন পূরণ করো, স্বপ্নও দেখো। কিন্তু দুনিয়া যেন তোমার হাতে থাকে, হৃদয়ের মালিক না হয়ে যায়।
কারণ টাকা চলে গেলে যদি তোমার ভেতরটাই ভেঙে পড়ে, মানুষের স্বীকৃতি না পেলে যদি নিজের মূল্য হারিয়ে ফেলো, কাউকে হারানোর ভয় যদি আল্লাহর অসন্তুষ্টির ভয়কেও ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে কোনো অস্থায়ী জিনিসকে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বড় জায়গা দিয়ে ফেলেছি।
রাসূলুল্লাহ ﷺ ইবনু উমর رضي الله عنه-কে বলেছিলেন, “দুনিয়ায় এমন থাকো যেন তুমি একজন অপরিচিত অথবা পথিক।”
সহিহ বুখারি
পথিক পথকে ব্যবহার করে, কিন্তু পথকেই নিজের স্থায়ী ঠিকানা মনে করে না।
তাই মাঝে মাঝে নিজেকেই জিজ্ঞেস করা দরকার, আমি কি শুধু দুনিয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি? আমার ঈমানের কী অবস্থা? ফরজগুলো ঠিক আছে? কোনো গুনাহের তাওবা এখনো বাকি? কারও হক আমার কাছে পড়ে আছে? এমন কোনো ভালো কাজ আছে, যেটা শুধু আল্লাহর জন্য করেছি এবং কেউ জানেও না?
কারণ শেষ পর্যন্ত তোমার ব্যাংক ব্যালেন্স, বাড়ির দলিল, পরিচিতি কিংবা মানুষের প্রশংসা তোমার সঙ্গে যাবে না। যাবে তুমি। আর সঙ্গে যাবে তুমি আল্লাহর জন্য কী নিয়ে প্রস্তুত হয়েছিলে, সেটুকু।
দুনিয়ায় থাকা সমস্যা নয়। সমস্যা হলো, এমনভাবে দুনিয়ায় ডুবে যাওয়া যে ফিরে যাওয়ার জায়গাটাই ভুলে যাই।
মন্তব্য করুন