মূল লেখায় যান

Study Room লেখা

ছোট বলে যে সুন্নাহগুলো আমরা ছেড়ে দিই

বিষয়: ·

ছোট বলে যে সুন্নাহগুলো আমরা ছেড়ে দিই

আমরা অনেকেই দ্বীনের জন্য বড় কিছু করতে চাই। নিয়মিত তাহাজ্জুদ পড়ব, বেশি কুরআন পড়ব, অনেক নফল ইবাদত করব, জীবনটা বদলে ফেলব। কিন্তু বড় কিছু শুরু করার অপেক্ষায় প্রতিদিনের ছোট ছোট সুন্নাহগুলোই বাদ পড়ে যাচ্ছে।

খাবার সামনে এসেছে, বিসমিল্লাহ বলা মনে নেই। খাচ্ছি, কিন্তু ডান হাতের কথা খেয়াল নেই। নামাজে যাচ্ছি, কিন্তু মিসওয়াক আমাদের অভ্যাসের মধ্যে নেই। মসজিদে ঢুকছি, বের হচ্ছি, অথচ ডান পা দিয়ে প্রবেশ আর বাম পা দিয়ে বের হওয়ার আদবটাও মনে থাকে না। একজন মুসলিমের সঙ্গে দেখা হলো, সালাম দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দুজনেই পাশ কাটিয়ে গেলাম। কারও সঙ্গে কথা বলছি, মুখে একটু আন্তরিক হাসিও যে সদকা হতে পারে, সেটাও ভুলে যাই।

সকাল শুরু হয় ফোন দিয়ে। সন্ধ্যাও ব্যস্ততার মধ্যে শেষ হয়। সকাল সন্ধ্যার যিকিরের জন্য কয়েক মিনিট বের হয় না। রাতে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। অথচ ডান পাশে শোয়া, আয়াতুল কুরসি পড়া, ঘুমের দোয়া পড়া, এগুলো রাতের স্বাভাবিক অংশ হতে পারত। আর দু রাকাত দুহা? কত সকাল চলে যায় শুধু এই ভেবে, “পরে শুরু করব।”

সমস্যাটা সবসময় সময়ের নয়। আমরা ছোট আমলকে ছোট মনে করি।

অথচ রাসূলুল্লাহ ﷺ খাবারের আগে আল্লাহর নাম নিতে, ডান হাতে খেতে এবং নিজের সামনে থেকে খেতে শিখিয়েছেন। মিসওয়াকের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে, উম্মতের জন্য কষ্টকর না হলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াকের নির্দেশ দিতেন। তিনি ﷺ শিখিয়েছেন, একজন মুসলিম ভাইয়ের মুখে হাসাও সদকা। সালাম ছড়িয়ে দিতে বলেছেন। সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করার আমল শিখিয়েছেন। রাতে ডান পাশে শোয়া এবং ঘুমের আগে যিকির করার শিক্ষা দিয়েছেন।

দুহা সালাত সম্পর্কে সহিহ মুসলিমে এসেছে, সকালে শরীরের প্রতিটি জোড়ার জন্য সদকার কথা বলা হয়েছে, আর দুই রাকাত দুহা তার জন্য যথেষ্ট হয়ে যায়।

এগুলোর অনেকগুলো করতে কয়েক সেকেন্ড লাগে, কিছু করতে কয়েক মিনিট। তবু দিনের শেষে যদি নিজের কাছে প্রশ্ন করি, আজ আমার জীবনে রাসূলুল্লাহ ﷺ এর শেখানো কতগুলো কাজ ছিল? তখন উত্তরটা হয়তো খুব বেশি হবে না।

আমরা বলি, রাসূলুল্লাহ ﷺ কে ভালোবাসি। কিন্তু ভালোবাসা শুধু তাঁর কথা শুনে আবেগ অনুভব করার নাম নয়। তাঁর শেখানো কাজগুলো নিজের সাধারণ দিনের মধ্যে জায়গা দেওয়াও সেই ভালোবাসার অংশ। খাবার সময়, নামাজের আগে, মসজিদে ঢোকার সময়, মানুষের সঙ্গে দেখা হলে, সকাল সন্ধ্যায়, ঘুমানোর আগে।

সুন্নাহ মানেই বড় কোনো আয়োজন নয়। আর কোনো আমল করতে অল্প সময় লাগে বলেই তার মূল্য অল্প হয়ে যায় না।

আজ দশটা আমল শুরু করতে হবে না। শুধু একটা ঠিক করুন। যেটা আপনি জানেন, কিন্তু বারবার ভুলে যান। হয়তো খাবারের আগে বিসমিল্লাহ। হয়তো আগে সালাম দেওয়া। হয়তো সকাল সন্ধ্যার যিকির। হয়তো ঘুমের আগে আয়াতুল কুরসি। হয়তো দু রাকাত দুহা।

একটা সুন্নাহকে এমনভাবে জীবনে ঢোকান, যেন কিছুদিন পর সেটা মনে করে করতে না হয়, না করলে বরং মনে হয় কিছু একটা বাদ গেছে। তারপর আরেকটা।

এভাবেই সুন্নাহ বইয়ের পাতায় পড়ে থাকা কোনো জ্ঞান না হয়ে আপনার নিজের জীবনের অংশ হয়ে যায়।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।