“হয়তো সে মারা গেছে।” সঙ্গে সঙ্গে উত্তর আসে, “কীসব বলেন! মারা যাবে কেন?” নিজের কথা বললেও প্রায় একই প্রতিক্রিয়া। “আমি যদি মারা যাই…” “এমন কথা আর মুখে আনবেন না।”
কথাটা শুনলে মনে হয় মৃত্যু নিয়ে কথা বলাটাই যেন অশুভ, আর বেঁচে থাকাটাই নিশ্চিত। অথচ একটু গভীরভাবে চিন্তা করলে ব্যাপারটা ঠিক উল্টো। আগামী বছর আমি কোথায় থাকব জানি না, আগামী মাসে আমার জীবনে কী ঘটবে জানি না, এমনকি আগামীকাল সকালেও আমি থাকব কি না, সেটাও জানি না। কিন্তু একটি বিষয় সম্পর্কে কোনো সন্দেহ নেই, আমি একদিন মারা যাব।
আল্লাহ বলেন, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।”
সূরা আলে ইমরান, ৩:১৮৫
আর আল্লাহ বলেন, “কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে, আর কেউ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে।”
সূরা লুকমান, ৩১:৩৪
মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। কিন্তু আমাদের জীবনযাপন দেখলে যেন মনে হয় ঠিক বিপরীতটাই সত্য। পাঁচ বছরের পরিকল্পনা আছে, দশ বছরের পরিকল্পনা আছে, কোন দেশে থাকব, কত টাকা জমাব, ব্যবসা কোথায় নিয়ে যাব, সন্তান কোথায় পড়বে, কোন বাড়ি কিনব, কোথায় ঘুরতে যাব, সবকিছুর হিসাব আছে। পরিকল্পনা করা ভুল নয়, দায়িত্বশীল মানুষ পরিকল্পনা করবেই। সমস্যা হচ্ছে, আমরা এমন অনেক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিই যেগুলো হয়তো আসবেই না, অথচ যে ভবিষ্যৎ নিশ্চিতভাবেই আসবে, তার প্রস্তুতিটাই সবচেয়ে কম।
ভাবুন, কয়েক দিনের জন্য অন্য একটি শহরে গেলেন এবং একটা হোটেল রুম নিলেন। আপনি জানেন জায়গাটা আপনার স্থায়ী বাড়ি নয়, দুদিন পরই চলে যেতে হবে। তখন কি সেই রুমে নতুন ফ্রিজ কিনবেন, দেয়াল ভেঙে নতুন কিচেন বানাবেন, দশ বছরের interior plan করবেন? যে কাজে শহরে এসেছিলেন সেটা ভুলে সারাদিন শুধু ঘর সাজাতেই ব্যস্ত থাকবেন? অবশ্যই না। আপনি রুমটা ব্যবহার করবেন, আরাম করবেন, প্রয়োজনীয় জিনিস রাখবেন, হয়তো সুন্দর দৃশ্যও উপভোগ করবেন। কিন্তু ভেতরে একটা কথা পরিষ্কার থাকবে, “আমি এখানে স্থায়ী হতে আসিনি। যে কাজে এসেছি, সেটা শেষ করে আমাকে চলে যেতে হবে।”
দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটাও অনেকটা এমন। আমরা ঘর বানাব, উপার্জন করব, পরিবারকে ভালোবাসব, সন্তান বড় করব, সুন্দর পোশাক পরব, হালাল নিয়ামত উপভোগ করব, ভবিষ্যতের পরিকল্পনাও করব। ইসলাম আমাদের দুনিয়া ছেড়ে পালাতে বলেনি। সমস্যা হয় তখন, যখন অস্থায়ী জায়গাটাকেই স্থায়ী ঠিকানা মনে হতে শুরু করি। যে জীবন ছেড়ে যেতেই হবে, সেটাকে এমনভাবে আঁকড়ে ধরি যেন এখানেই অনন্তকাল থাকব।
আল্লাহ কিয়ামতের দিনের কথা বলতে গিয়ে বলেন, “যেদিন তারা তা দেখবে, তাদের মনে হবে যেন তারা মাত্র এক সন্ধ্যা অথবা এক সকালের বেশি অবস্থান করেনি।”
সূরা আন নাযিআত, ৭৯:৪৬
একবার ভাবুন, ষাট বছর, সত্তর বছর, আশি বছর। এত দৌড়, এত প্রতিযোগিতা, এত অর্জন, এত অভিমান, এত কষ্ট, এত “আমাকে এটা পেতেই হবে”, এত “মানুষ আমাকে কী ভাবল”। আখিরাতের বাস্তবতা সামনে আসার পর দীর্ঘ মনে হওয়া এই জীবনটাই তখন কত ছোট মনে হবে।
আজ যে বিষয়টার জন্য রাতভর ঘুম হচ্ছে না, তখন তার মূল্য কতটুকু থাকবে? যে মানুষটার কথায় আজ বুক জ্বলে যাচ্ছে, তখন তার কথাটা কতটা গুরুত্বপূর্ণ থাকবে? যে comparison আমাকে নিজের জীবন অপছন্দ করাচ্ছে, তখন সেটার দাম কী হবে? যে টাকা অর্জনের জন্য সালাত পিছিয়ে দিয়েছি, যে status ধরে রাখার জন্য হারামকে একটু সহজ করে দেখেছি, যে অহংকারের কারণে ক্ষমা চাইনি, যে ব্যস্ততার কারণে কুরআন খুলিনি, তখন সেগুলোকে কেমন লাগবে?
হয়তো সবচেয়ে কষ্টের উপলব্ধিটা হবে, “এত অল্প সময়ের জায়গাটাকে আমি এত বড় করে দেখেছিলাম কেন?”
রাসূলুল্লাহ ﷺ আবদুল্লাহ ইবনু উমর রা. এর কাঁধ ধরে বলেছিলেন, “দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত অথবা একজন পথিক।”
সহিহ আল বুখারি, ৬৪১৬
পথিকের চিন্তাভাবনা আলাদা। সে পথের প্রতিটি জিনিস নিজের করে নিতে চায় না, প্রতিটি জায়গায় স্থায়ী ঘর বানায় না। প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, বিশ্রাম নেয়, তারপর সামনে এগোয়, কারণ তার চোখ গন্তব্যের দিকে থাকে। আমাদের সমস্যাটা হয়তো এখানেই, আমরা পথিক, কিন্তু অনেক সময় জীবন কাটাই স্থায়ী বাসিন্দার মতো।
আমার কী হলো, কে আমাকে মূল্য দিল, কে দিল না, কে আমার চেয়ে এগিয়ে গেল, কে আমাকে প্রশংসা করল, কে অপমান করল, মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, এসব এত বড় হয়ে যায় যে আমি কেন পৃথিবীতে এসেছি, সেটাই ছোট হয়ে যায়। ইবনু উমর রা. এই হাদিসের পর বলতেন, “সন্ধ্যায় পৌঁছালে সকালের অপেক্ষায় থেকো না, আর সকালে পৌঁছালে সন্ধ্যার অপেক্ষায় থেকো না। তোমার সুস্থতা থেকে অসুস্থতার জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।”
সহিহ আল বুখারি, ৬৪১৬
এর অর্থ আগামীকালের পরিকল্পনা বাদ দেওয়া নয়। বরং আগামীকালকে এমনভাবে ধরে না নেওয়া, যেন সেটি আমার কাছে নিশ্চিত। আজ তাওবা করা দরকার, বললাম পরে করব। সালাত ঠিক করতে হবে, ভাবলাম বয়স হলে করব। কারও হক নষ্ট করেছি, একদিন ক্ষমা চাইব। মা বাবার সঙ্গে ভালো করে কথা বলা দরকার, পরে বলব। কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, সময় হলে শুরু করব। একটা হারাম ছাড়তে হবে, আরেকটু পরে। পুরোনো ঋণ শোধ করতে হবে, কোনো আমানত ফেরত দিতে হবে, কাউকে বলতে হবে “আমাকে মাফ করে দিও।” কিন্তু আমাদের খুব পরিচিত একটা শব্দ, “পরে।” অথচ “পরে” নামের সময়টার কোনো নিশ্চয়তা আমাদের দেওয়া হয়নি।
রাসূলুল্লাহ ﷺ নিজেও দুনিয়াকে এভাবেই দেখতেন। একবার তিনি এমন একটি চাটাইয়ের ওপর বিশ্রাম নিয়েছিলেন যার দাগ তাঁর শরীরে পড়ে গিয়েছিল। তখন দুনিয়ার সঙ্গে নিজের সম্পর্ক বোঝাতে তিনি বলেছিলেন, তাঁর দৃষ্টান্ত এমন একজন আরোহীর মতো, যে একটি গাছের নিচে কিছু সময় ছায়া নেয়, তারপর সেই জায়গা ছেড়ে চলে যায়।
জামে আত তিরমিযি, ২৩৭৭। ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।
একজন মুসাফির রোদে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসেছে। সে ছায়াটা উপভোগ করছে, বিশ্রাম নিচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছে না যে এটা তার গন্তব্য নয়। যুহদের মর্মের একটি বড় অংশ এখানেই, দুনিয়া ব্যবহার করব, কিন্তু তাকে চূড়ান্ত গন্তব্য বানাব না। রাসূলুল্লাহ ﷺ দুনিয়ার দায়িত্ব থেকে পালিয়ে যাননি। পরিবার ছিল, সমাজ ছিল, নেতৃত্ব ছিল, মানুষের অধিকার ছিল। কিন্তু দুনিয়া তাঁর হৃদয়ের চূড়ান্ত লক্ষ্য হয়ে ওঠেনি।
আমাদেরও ভালো বাড়ি থাকতে পারে, অর্থ থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, সুন্দর পোশাক থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে। শুধু অন্তর জানবে, “এসবই আমানত। এগুলোর কোনোটাই আমার সঙ্গে কবরে যাবে না।” আজ যে আলমারি নিয়ে এত চিন্তা, একদিন আমার কাপড় অন্যরা সরাবে। যে ঘর এত যত্ন করে সাজিয়েছি, সেখানে অন্য মানুষ থাকবে। যে ফোনে আমার এত ছবি, এত message, এত memory, সেটা পড়ে থাকবে। Bank account থাকবে, কিন্তু account holder থাকবে না।
Facebook profile থাকবে। WhatsApp এ আমার নাম থাকবে। শুধু আমি আর reply করব না। প্রথমে মানুষ অপেক্ষা করবে, তারপর খবর পাবে। কেউ কাঁদবে, কেউ আমার পুরোনো ছবি দেখবে, কেউ হয়তো লিখবে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।” কয়েক দিন পর পৃথিবী আবার নিজের গতিতে চলবে। অফিস খুলবে, দোকান খুলবে, মানুষ বাজার করবে, নতুন খবর আসবে, নতুন ব্যস্ততা আসবে। যে পৃথিবীকে ছাড়া আজ নিজেকে অসম্ভব গুরুত্বপূর্ণ মনে হয়, সেই পৃথিবী আমাকে ছাড়াও চলতে থাকবে।
এই চিন্তা হতাশ হওয়ার জন্য নয়, বরং এর মধ্যে এক ধরনের মুক্তি আছে। সবাইকে impress করতেই হবে না, সব argument জিততে হবে না, প্রতিটি অপমানের জবাব দিতে হবে না, প্রতিটি জিনিস আমার পেতেই হবে না। কারও জীবন আমার চেয়ে সুন্দর দেখালেই আমার জীবন ব্যর্থ নয়। কারণ আমি পৃথিবীতে সবাইকে হারিয়ে প্রথম হতে আসিনি। আমি আল্লাহর বান্দা হয়ে এসেছি।
আমি তাঁকে চিনব, তাঁর ইবাদত করব, তাঁর দেওয়া আমানতের হক আদায় করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, পড়ে গেলে তাওবা করে আবার উঠব। যতটুকু সময় পেয়েছি, তার ভেতরে আখিরাতের জন্য কিছু পাঠিয়ে দেব। তারপর একদিন আমাকে চলে যেতে হবে।
তাই মৃত্যুর কথা উঠলেই “এমন কথা বলো না” বলে বিষয়টা সরিয়ে দেওয়ার আগে নিজের হৃদয়কে একটা সত্য মনে করিয়ে দেওয়া দরকার, মৃত্যুর কথা না বললে মৃত্যু পিছিয়ে যাবে না। বরং মৃত্যুকে মনে রাখলে হয়তো জীবনটাই ঠিক জায়গায় ফিরে আসবে। হয়তো আজকের সালাত আর পিছিয়ে দেব না, যে মানুষটার সঙ্গে অহংকার করে কথা বন্ধ করে আছি তার সঙ্গে মিটে যাব, মা বাবার সঙ্গে একটু নরম হয়ে কথা বলব, হারাম কিছু আজই ছেড়ে দেব, কিংবা আজ রাতে ঘুমানোর আগে সত্যি করে তাওবা করব।
কারণ ভয়টা এই নয় যে মৃত্যু আসবে। মৃত্যু তো আসবেই। ভয়টা হলো,
মৃত্যু এসে আমাকে এমন অবস্থায় পাবে কি না, যখন আমি এখনো ভাবছি আমার হাতে অনেক সময় আছে।
দুনিয়া খুব ছোট, হয়তো আমাদের ধারণার চেয়েও ছোট। একটা সকাল, একটা সন্ধ্যা, একজন পথিকের একটু বিশ্রাম। তাই জীবনকে অবহেলা করবেন না। কাজ করুন, পরিবারকে ভালোবাসুন, হালাল স্বপ্ন দেখুন, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করুন। শুধু এতটুকু মনে রাখুন, যে জীবনটাকে আমরা সবকিছু মনে করে বসেছি, সেটাই আসলে যাত্রাপথ।
আর বুদ্ধিমান সেই মানুষ, যে পথের সৌন্দর্যে মুগ্ধ হয়েও নিজের আসল গন্তব্য ভুলে যায় না।
মন্তব্য করুন