সবার উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ কথা
কখনো যদি হঠাৎ দেখেন, এই পেজ থেকে আর কোনো পোস্ট আসছে না অনেক দিন কেটে যাচ্ছে, তবুও নতুন কিছু প্রকাশ হচ্ছে না তাহলে হয়তো বুঝে নেবেন, যিনি এতদিন পোস্টগুলো করতেন, তিনি আর এই দুনিয়ায় নেই।
কথাটা আবেগ তৈরি করার জন্য বলছি না। আজ হঠাৎ নিজেরই খুব গভীরভাবে মনে হলো আমাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টা সম্পূর্ণ অনিশ্চিত। আজ আমি লিখছি, পোস্ট করছি, আপনাদের কমেন্ট পড়ছি; কিন্তু আগামীকাল এই সুযোগটি থাকবে এমন কোনো নিশ্চয়তা আমার নেই।
তখন হয়তো নতুন পোস্ট আর আসবে না। কিন্তু পুরোনো কোনো লেখা যদি কাউকে সালাতের দিকে ফিরিয়ে দেয়, কোনো গুনাহ থেকে দূরে রাখে, কাউকে তাওবা করতে শেখায়, একটি দু‘আ মুখস্থ করায়, কিংবা আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাহলে সেই লেখাটির উপকার আমার মৃত্যুর পরও চলতে পারে, ইন শা আল্লাহ।
শুরু থেকেই NahWa Ad-Deen নিয়ে আমার সবচেয়ে বড় চাওয়াটা আসলে এটুকুই….. সদকায়ে জারিয়াহ।
মানুষ আমাকে চিনুক, আমার নাম জানুক, পেজ কত বড় হলো এগুলো যেন শেষ উদ্দেশ্য না হয়। আমি চাই, আমি না থাকলেও কোনো একটি পোস্ট মানুষের কাছে পৌঁছাক। কেউ সেটি পড়ে আল্লাহকে মনে করুক। আর সেই কল্যাণের সামান্য একটি অংশ আল্লাহ আমার আমলনামায় লিখে দিন।
তাই আল্লাহর সন্তুষ্টির জন্য উপকারী পোস্টগুলো বেশি বেশি Share করবেন। শুধু এই পেজের জন্য নয় যে কোনো সহিহ ও উপকারী দ্বীনি কথা মানুষের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার এমন একজন মানুষের কাছে পৌঁছাবে, যার সেই কথাটিই তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
আর কখনো যদি সত্যিই এই পেজটি নীরব হয়ে যায়, তখন আমার জন্য একটু মাগফিরাতের দু‘আ করবেন।
اللَّهُمَّ اغْفِرْ لِي
“হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।”
আজ আমি নিজের জন্য এই দু‘আ করছি। সেদিন হয়তো আমার নিজের মুখে বলার সুযোগ থাকবে না।
আমাদের সবারই একদিন চলে যেতে হবে। প্রশ্ন শুধু চলে যাওয়ার পর এমন কী রেখে যাচ্ছি, যা তখনও আমাদের জন্য নেকি লিখতে থাকবে?
আল্লাহ আমাদের জীবনকে তাঁর সন্তুষ্টির কাজে ব্যবহার করার তাওফিক দিন, মৃত্যুর আগে ক্ষমা করে দিন এবং আমাদের ছোট ছোট ভালো কাজগুলোও কবুল করে সদকায়ে জারিয়াহ বানিয়ে দিন। আমিন।
মন্তব্য করুন