জীবন জুড়ে থাকুক কোরআন
আমার ছোট কন্যা বছর দু’য়েক হলো আমার কাছে আরবী ভাষা শিখছে। আমি লক্ষ্য করেছি, গত এক বছর হল, সে কোরআন পড়তে গেলেই একটু পর পর আমার কাছে ছুটে আসে, আর বলে, “আম্মু, আমার মনে হয়, আমি এই আয়াতের অর্থ বুঝতে পারছি।”
প্রথম প্রথম আমি খুব একটা পাত্তা দেইনি। শুধু বলেছি, “মা-শা-আল্লাহ, খুব ভালো কথা।”
বাচ্চা মানুষ – আবেগের আতিশায্য বেশী। তাই হয়তো বা সে ধরে নিয়েছে যে সে কোরআন বুঝতে পারে। কিন্তু, আমি তো জানি ওর পক্ষে টুকরো টুকরো আয়াতাংশ ছাড়া পুরো আয়াত বোঝা সম্ভব না।
যাই হোক, দুই-তিন মাস আগে একদিন সে আমাকে এসে বললো, “আম্মু, ঈসা আলাইহি ওয়া সাল্লাম কি মুসা আলাইহি ওয়া সাল্লামের সময়ের নিয়মকানুনকে সহজ করেছিল?”
আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, “হ্যাঁ, কিন্তু, কেন বলতো? তুমি কিভাবে জানলে?”
সে তখন বললো, “আমি সুরা আলি ইমরানে এটা পেয়েছি।”
তখন আমার মনে পড়লো, সুরা আলি ইমরানে একটা আয়াতে ঈসা আলাইহি ওয়া সাল্লাম তার জাতির লোকদের বলছেন, “(আমি তো এসেছি) আমার পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়ন করতে, আর, যা কিছু তোমাদের জন্য হারাম করা হয়েছিল, তার কিছু অংশ হালাল করতে…।” (সুরা আলি ইমরান: ৫০)
আমি বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম, এটা কি করে সম্ভব!
প্রায় এক মাস আগের কথা। আমি কম্পিউটারে কাজ করছিলাম আমার স্টুডিওতে। সে হঠাত্ দৌড়ে এসে বললো, “আম্মু, আমি সুরা ইয়াসিনের এই আয়াতের অর্থ বুঝতে পেরেছি।”
আমি এবার বেশ আগ্রহ নিয়ে বললাম, “কোন আয়াত বাবা, বলতো?”
সে তখন ঝলমলে মুখে বললো, “ঐ যে ঐ আয়াতটা – সেদিন মানুষের মুখ আল্লাহ বন্ধ করে দেবে। মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে।” (সুরা ইয়াসীন: ৬৫)
আমি লক্ষ্য করে দেখলাম যে, সে পুরো আয়াতের প্রতিটি শব্দের অর্থ না বুঝলেও মূল ভাবটা সে ঠিক ঠিক বুঝে ফেলেছে।
এই ঘটনার বেশ কিছুদিন আগের কথা। আমরা তাকওয়া মসজিদে গিয়েছি জুমার নামাজ পড়তে। আমাদের অত্যন্ত প্রিয় খতিব সাইফুল ভাই, বাংলা খুতবাহ শেষে আরবীতে সেটার সারাংশ বলছেন। আমি মনোযোগ দিয়ে শুনছি।
এক পর্যায়ে আমার ছোট কন্যা আমাকে বললো, “আম্মু, আমার মনে হয় আমি একটা আয়াতের অর্থ বুঝেছি।”
আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, “কোনটা?”
উত্তরে সে বললো, “যদি কেউ একজন মানুষকে কোন কারণ ছাড়া মেরে ফেলে তাহলে সে পৃথিবীর সব মানুষকেই মেরে ফেললো। আর, কেউ যদি একজন মানুষকে বাঁচায় তাহলে সে পৃথিবীর সব মানুষকে বাাঁচালো। ঠিক আছে আম্মু?”
আমি উত্তর না দিয়ে মাথা নীচু করলাম। কারণ, আমার দু’চোখে তখন বর্ষার বাঁধভাঙ্গা প্লাবন।
না – এ অশ্রু কষ্টের নয়। এ অশ্রু অপ্রত্যাশিত প্রাপ্তি আর এক জীবনের আকাঙ্খা পূরণের।
আনন্দের এ অশ্রু গুনাহগার এক মায়ের অন্তরের অন্ত:স্থল থেকে উত্থিত দোয়া কবুলের।
আমার জীবনের সব না পাওয়ার ঝাঁপি পূর্ণ হয়ে যায় যখন আমার সদ্য যৌবনে পা দেয়া পুত্র আমাকে ডেকে বলে, “আম্মু, ঐ তিলাওয়াতটা একটু দাও না – ঐ যে সুরা বাক্বারার যে তিলাওয়াতটা আমরা অনেক শুনতাম?”
আমার জীবনের সব কষ্টগুলো এক নিমেষে দূর হয়ে যায় যখন আমার ছোট কন্যা আমাকে বলে, “আম্মু, তোমার কি সুরা ইসরার ঐ ক্বারীর নামটা মনে আছে যেটা তুমি অনেক শুনতে? আমি ইউটিউব সার্চ করে খুঁজে পাচ্ছি না আম্মু। আমাকে একটু বের করে দাও না?”
আমার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয় যখন আমার ১৪ বছরের কন্যা আমাকে বলে, “আম্মু, শারীফ মুস্তফার সুরা মারিয়মের তিলাওয়াতটা আমি প্রাকটিস করছি। নেক্সট এ্যারাবিক ক্লাসে মাগরিব নামাজ কিন্তু আমি পড়াবো!”
রব আমার! আমি তো জানি আমার সন্তানদের অনেক সীমাবদ্ধতা, অনেক অযোগ্যতা, অনেক ব্যর্থতা। কিন্তু, তবুও তুমি তাদের কবুল করে নিও, আমার রব!
তোমার নিজ রহমত দিয়ে তুমি তাদের তোমার পরিবারের অর্ন্তভূক্ত করে নিও। তোমার অসীম ক্ষমতা দিয়ে তাদের শত-সহস্র অযোগ্যতাকে তুমি যোগ্যতায় পরিণত করে দিও। আর, তাদের সমস্ত জীবনটাকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দিও।।
ফাহমিদা মুন্নী
১০/০৪/২০২৬ ইং
মন্তব্য করুন