মূল লেখায় যান

Study Room লেখা

দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর প্রস্তুতি

বিষয়: ·

দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর ১০টি প্রস্তুতি

দাজ্জাল কোথায় আছে, কবে আসবে, কোন ঘটনাটা তার আগমনের আলামত, এসব নিয়ে মানুষের কৌতূহল অনেক। অথচ রাসূল ﷺ আমাদের বেশি গুরুত্ব দিয়ে শিখিয়েছেন, সে এলে নিজের ঈমান কীভাবে বাঁচাব।

কারণ দাজ্জালের ফিতনা এমন হবে যে একজন মানুষ নিজেকে মুমিন মনে করেও তার কাছে গিয়ে বিভ্রান্ত হয়ে ফিরতে পারে।

১. সূরা আল কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করুন।
রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।
সহিহ মুসলিম: ৮০৯

২. সালাতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চান।
শেষ তাশাহহুদের পর সালাম ফেরানোর আগে রাসূল ﷺ চারটি বিষয় থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন। এর একটি হলো মসীহ দাজ্জালের ফিতনা।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

সহিহ মুসলিম: ৫৮৮

৩. তাওহীদকে পরিষ্কারভাবে বুঝুন।
দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজের ব্যাপারে এমন দাবি করবে যা শুধু আল্লাহর অধিকার। রাসূল ﷺ আগেই সতর্ক করেছেন, দাজ্জাল একচোখা, অথচ তোমাদের রব একচোখা নন।

তাই কোনো অস্বাভাবিক ঘটনা দেখলেই কাউকে আল্লাহর পক্ষ থেকে সত্যপ্রাপ্ত মনে করা যাবে না। আল্লাহ কে, ইবাদত কেন শুধু তাঁরই, এই বিশ্বাস যেন শুধু মুখে না থাকে।

৪. দাজ্জাল সম্পর্কে সহিহ সূত্র থেকে জানুন।
Facebook video, TikTok clip, রহস্যময় মানচিত্র, বানানো কাহিনি আর প্রমাণহীন conspiracy দিয়ে দাজ্জাল সম্পর্কে ধারণা বানাবেন না।

রাসূল ﷺ তার সম্পর্কে যথেষ্ট সতর্ক করে গেছেন। বানানো গল্প দিয়ে সেই সতর্কতাকে আরও আকর্ষণীয় করার প্রয়োজন নেই।

৫. সত্য যাচাই করার অভ্যাস এখনই তৈরি করুন।
একটা ভিডিও viral হলেই বিশ্বাস করি, কোনো বক্তার কথা ভালো লাগলেই দলিল খুঁজি না, অস্বাভাবিক কিছু দেখলেই মুগ্ধ হয়ে যাই, তাহলে বড় ফিতনার সময় নিজেকে খুব শক্ত ভাবার কারণ কী?

কুরআন ও সহিহ সুন্নাহ হবে মাপকাঠি। দৃশ্য, আবেগ কিংবা মানুষের জনপ্রিয়তা নয়।

৬. দাজ্জাল এলে তাকে দেখতে বা নিজের ঈমান পরীক্ষা করতে যাবেন না।
রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে, সে যেন তার থেকে দূরে থাকে। কারণ একজন মানুষ নিজেকে মুমিন মনে করে তার কাছে যাবে, তারপর তার সৃষ্টি করা সন্দেহের কারণে তাকে অনুসরণ করে ফেলবে।

সুনান আবু দাউদ: ৪৩১৯

নিজের ঈমান নিয়ে অতিরিক্ত নিশ্চিন্ত হওয়ার সুযোগ এখানে নেই।

৭. অলৌকিক কিছু দেখলেই সত্য ধরে নেবেন না।
সহিহ হাদিসে এসেছে, দাজ্জালের ফিতনায় এমন ঘটনাও ঘটবে যা মানুষকে বিস্মিত করবে। তার অনুসারীদের জন্য বৃষ্টি, ফসল ও দুনিয়াবি প্রাচুর্যের পরীক্ষাও থাকবে।

সহিহ মুসলিম: ২৯৩৭

চোখে যা দেখলাম, সেটাই সত্যের শেষ প্রমাণ নয়।

৮. দুনিয়ার সুবিধার জন্য দ্বীনের সঙ্গে আপস করার অভ্যাসকে হালকা ভাববেন না।
দাজ্জালের ফিতনার বর্ণনা থেকে একটা কঠিন শিক্ষা পাওয়া যায়। দুনিয়ার লাভ ক্ষতিও মানুষের ঈমানের পরীক্ষা হতে পারে।

আজ সামান্য টাকা, পদ, সম্পর্ক বা সুবিধার জন্য যদি হারামকে সহজ মনে হয়, তাহলে বড় পরীক্ষার সময় নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকার কারণ নেই।

৯. ফিতনা আসার আগেই ঈমানকে শক্ত করুন।
এর মানে শুধু দাজ্জাল সম্পর্কে অনেক তথ্য জানা নয়।

সালাতের সঙ্গে সম্পর্ক ঠিক করা, নিজের দ্বীন শেখা, গুনাহ হলে তাওবা করা, সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার অভ্যাস করা এবং এমন মানুষের সঙ্গ নেওয়া যারা আল্লাহকে মনে করিয়ে দেয়।

বড় পরীক্ষার মুহূর্তে হঠাৎ শক্ত ঈমান তৈরি হয় না।

১০. আল্লাহর সাহায্য ছাড়া নিজেকে নিরাপদ ভাববেন না।
রাসূল ﷺ নিজেই আমাদের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে শিখিয়েছেন।

তাই “আমি চিনে ফেলব”, “আমার ঈমান এত দুর্বল নয়”, “আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না” এই আত্মবিশ্বাস নিরাপদ নয়।

দাজ্জাল কবে আসবে, সেটা নিয়ে ব্যস্ত হওয়ার আগে নিজের জীবনের একটা প্রশ্নের উত্তর দরকার।

আজ ছোট ছোট দুনিয়াবি লাভের সামনে আমার ঈমান কতটা টিকে থাকে?

মানুষের স্বীকৃতির জন্য সত্য বদলাই কি না।

হারাম সামনে এলে সুবিধার যুক্তি খুঁজি কি না।

দলিলের চেয়ে নিজের পছন্দকে বড় করি কি না।

কারণ বড় ফিতনার সময় মানুষ হঠাৎ অন্য মানুষ হয়ে যায় না।

তখন প্রকাশ পায়, এতদিন ভেতরে কী তৈরি করেছিলাম।

সূত্র: সহিহ মুসলিম ৮০৯, ৫৮৮, ২৯৩৭; সহিহ বুখারি ৭৪০৮; সুনান আবু দাউদ ৪৩১৯।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।