আল্লাহ বলেন,
اُدۡعُ اِلٰی سَبِیۡلِ رَبِّكَ بِالۡحِكۡمَۃِ وَ الۡمَوۡعِظَۃِ الۡحَسَنَۃِ وَ جَادِلۡهُمۡ بِالَّتِیۡ هِیَ اَحۡسَنُ
“তোমার প্রভুর পথে আহ্বান কর হিকমাহর সাথে, উত্তম উপদেশের মাধ্যমে; আর তাদের সাথে তর্ক কর সেই উত্তম পদ্ধতিতে।” [সূরা আন-নাহল,১৬:১২৫]
ইসলামী দাওয়াতের মূলনীতি হলো প্রজ্ঞা (হিকমাহ) ও ধারাবাহিকতা (তাদ্দাররুজ) বজায় রেখে অগ্রসর হওয়া। একজন উত্তম দাঈকে অবশ্যই দাওয়াত গ্রহণের মানসিকতা তৈরি করার জন্য যাকে দাওয়াত করা হবে, তার অবস্থা ও প্রেক্ষাপট বিবেচনায় রাখতে হয়। এই নীতির ভিত্তিতে, আমাদের টার্গেটেড অডিয়েন্স পৌঁছানোর জন্য এক বিশেষ কৌশল নেওয়া হয়।
নন-প্র্যাকটিসিং তরুণরা প্রায়শই আসক্তি, হতাশা বা মাদকাসক্তের মতো সমস্যায় জর্জরিত থাকে। এই অবস্থায় যদি সরাসরি তাওহীদের প্রকারভেদ বা কঠিন তাত্ত্বিক আলোচনা শুরু করা হয়, তবে তারা ইসলামকে তাদের জীবনের সমস্যা সমাধানের সঙ্গে সম্পর্কিত করতে পারে না। ফলে আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং ভুল ধারণা পোষণ করতে পারে যে ইসলামে কেবল তাত্ত্বিক কথাই আছে।
তাই কৌশলগত প্রবেশদ্বার হিসেবে প্রথমে তাদের তাত্ক্ষণিক ও বাস্তব সমস্যাগুলো নিয়ে অ্যাক্টিভিসম বা কাজ শুরু করা হয়। যখন তারা দেখে যে দাওয়াতদাতা তাদের সমস্যা নিয়ে চিন্তা করছে ও সমাধান দিচ্ছে, তখন তাদের মধ্যে আস্থা ও সংবেদনশীলতা তৈরি হয়।
এই আস্থার সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পরই শুরু হয় আলোচনাকে সমস্যার মূল কারণের দিকে নিয়ে যাওয়া। প্রথমে সমস্যার উপসর্গ (যেমন: হতাশা) নিয়ে কাজ করা হয়, এরপর ধীরে ধীরে ব্যাখ্যা করা হয় যে এই সমস্যার মূল কারণ হলো আল্লাহর বিধান থেকে দূরে থাকা সেক্যুলার ও অনৈতিক জীবনব্যবস্থা।
এভাবে অ্যাক্টিভিসমের মাধ্যমে সমস্যা থেকে আলোচনার ফোকাসকে যৌক্তিকভাবে তাওহীদের দিকে নিয়ে যাওয়া হয়, এবং তরুণরা তখন তাওহীদের দাওয়াত গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়।
২। তাওহীদ বনাম শিরক, ঈমান বনাম কুফর, ইসলাম বনাম জাহেলিয়াত—এটিই মানব ইতিহাসের প্রধান দ্বন্দ্ব। নবীদের দাওয়াহ বারবার সেই দ্বন্দ্বকেই সামনে এনেছে। একেক যুগে এই দ্বন্দের সুরত একেক রকম ছিল। মূসা আলাইহিস সালামের সময় তাওহীদের প্রধান শত্রু ছিল ফেরাউন, বাছুরের মূর্তি পূজা, ইব্রাহীমের আলাইহিস সালামের সময় ছিল মূর্তি পূজা, নমরুদ, জাহেলি যুগে আরবের মুশরিকরা মূর্তির উপাসনা করতো। পবিত্র কাবার ভেতরে বাইরে মিলিয়ে তিনশ ষাটটির মতো মূর্তি ছিল। এ মূর্তিগুলো ছিল মাটি, রঙ, পাথর দিয়ে বানানো। এখনো পৃথিবীর অনেক মানুষ এমন মূর্তির ইবাদত করে। তবে আধুনিকতা আমাদের নতুন আরো অনেক মূর্তি দিয়েছে। এগুলোও মানুষের বানানো। তবে মাটি, রঙ, পাথর দিয়ে নয়। এগুলো বানানো তত্ত্ব, মতবাদ, আইন আর প্রতিষ্ঠান দিয়ে। বাস্তবতার আলোকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, বর্তমানে আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব হল ইসলামী ব্যবস্থা এবং সেক্যুলার ব্যবস্থার দ্বন্দ্ব। আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব। এটিই আমাদের সময়ে এবং সমাজে ইসলাম ও জাহেলিয়াতের চিরন্তন দ্বন্দের ম্যানিফেস্টেশন। কিন্তু সমাজে এ নিয়ে আলোচনা খুবই অপ্রতুল। তাওহীদের প্রধান শত্রুর ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। [বিস্তারিত আলোচনার জন্য দেখুন অধ্যায় ০৩, মুসলিমবঙ্গ, আসিফ আদনান, ইলমহাউস পাব্লিকেশন]
অ্যাক্টিভিসমের মাধ্যমে তাওহীদের এই প্রধান শত্রুকে চিহ্নিত করে জনমানুষের সামনে নিয়ে আসা যায়। আমাদের লিফলেট, পোস্টার, বক্তব্য বা ন্যারেটিভে আমরা প্রথমে জীবনঘনিষ্ঠ সমস্যা নিয়ে আলোচনা করি, এরপর সমস্যার কারণ যে সেকুল্যারিজম তা প্রমাণ করা হয়, সেকুল্যারিজমকে প্রত্যাখ্যান করতে বলা হয় এবং এরপর সমাধান হিসেবে ইসলামকে উপস্থাপন করা হয়। অর্থাৎ এভাবে কাজের মাধ্যমে তাওহীদের দাওয়াহ দেওয়া মানুষকে তাওহীদের প্রধান শত্রুর ব্যাপারে জানানো যায়। হক ও বাতিলের চিরন্তন যে লড়াই সেই সিলসিলা আমাদের কাজে জারি আছে আলহামদুলিল্লাহ
Activism Lab
মন্তব্য করুন