মক্কার একজন বড় ব্যবসায়ী ছিলেন হাশিম।
তিনি ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে যেতেন। একবার এরকম একটি সফরে যান সিরিয়ায়। যাত্রাপথে ‘ইয়াসরিব’ থামেন। সেখানে গিয়ে একটি বিয়ে করেন। পাত্রীর নাম সালমা বিনতে আমর।
সেই যুগে এটা বেশ স্বাভাবিক ছিলো। যারা ভ্রমণ করতো, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে করতো। যেমনটা ইবনে বতুতার ক্ষেত্রেও আমরা দেখতে পাই।
হাশিম বিয়ের পর আবার চলে যান ব্যবসায়িক সফরে। তার স্ত্রী তখন ইয়াসরিবে। স্ত্রীকে মক্কায় নিয়ে আসতে পারেননি।
ঐদিকে তার স্ত্রী তখন গর্ভবতী।
এরকম একটি সফরে যাবার সময় তিনি তার ভাইকে বলে যান— “আমি ইয়াসরিব একটি বিয়ে করেছি। আমার একজন সন্তান হবে। তুমি আমার সেই সন্তানকে মক্কায় নিয়ে এসো।”
হাশিমরা ছিলো ৪ ভাই। আব্দুশ শামস, নাওফাল, হাশিম, মুত্তালিব।
তিনি যেই ভাইকে তার ছেলের দায়িত্ব দিয়ে যান, সেই ভাইয়ের নাম মুত্তালিব।
.
এখন যেমন কেউ মক্কায় আসলে দেশে ফেরার সময় জমজম, খেজুর, জায়নামাজ নিয়ে যায়, তখন কেউ কোনো সফরে গেলে মূল্যবান একটা জিনিস নিয়ে যেতো।
সেটা ছিলো দাস।
বিভিন্ন নতুন নতুন শহরে গিয়ে তার দাস কিনে নিয়ে আসতো।
.
হাশিম তার ভাইকে দায়িত্ব দিয়ে ব্যবসায়িক সফরে যান। সেখানে গিয়ে ইন্তেকাল করেন।
এখন মুত্তালিব তার ভাইয়ের কথা পূরণ করতে যান ইয়াসরিব।
তার ভাতিজার নাম ছিলো শাইবা। তার চুল ছিলো সাদা। এজন্য তার এই নাম দেয়া হয়, যার অর্থ বৃদ্ধ, মুরব্বি।
.
শায়বার নানাবাড়ি অর্থাৎ হাশিমের শ্বশুরবাড়ি তাদের নাতিকে মক্কায় পাঠাতে রাজি না।
বাই দ্যা ওয়ে, তখন শায়বার বয়স ১২/১৩ বছর।
অর্থাৎ, একটা বয়স হবার পরই মুত্তালিব তার ভাতিজাকে আনতে যান।
মুত্তালিব তখন বুঝালেন, দেখো আমরা মক্কার সম্মানিত, আমরা হাজীদের পান করাই, খাওয়াই। এই দায়িত্ব একসময় এই ছেলে পালন করবে।
এসব যুক্তি শুনে সালমা বিনতে আমর ছেলেকে মক্কায় পাঠাতে মেনে নেন।
.
মুত্তালিব তার ভাতিজাকে উঠের পেছনে বসিয়ে ইয়াসরিব থেকে মক্কায় প্রবেশ করেন।
মানুষের সাইকোলজি ছিলো— তারা যখন দেখতো কেউ বিদেশ সফর শেষে সাথে একজন কিশোর/যুবক নিয়ে ফিরছে, তখন ধরেই নিতো এটা বুঝি সেই লোকটার দাস।
এজন্য মুত্তালিবের উটের পেছনে থাকা তার ভাতিজা শাইবাকে সবাই ডাকা শুরু করে- মুত্তালিবের দাস তথা ‘আব্দুল মুত্তালিব’।
ইতিহাসে অমর সেই শায়বার আসল নাম হারিয়ে যায়, তিনি পরিচিতি লাভ করেন আব্দুল মুত্তালিব নামে; যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন দাদা!
মন্তব্য করুন