অহংকার সবসময় “আমি সবার চেয়ে বড়” বলে আসে না।
কখনো অহংকার এত চুপচাপ আসে যে নিজের মধ্যেই আছে—সেটা আমরা টেরও পাই না। কেউ আপনার ভুলটা ধরিয়ে দিল। কথাটা সত্য, ভেতরে ভেতরে আপনিও জানেন। তবু মানতে কষ্ট হচ্ছে। কারণ যে বলেছে, সে আপনার চেয়ে ছোট। কিংবা আপনার চোখে তার তেমন কোনো গুরুত্ব নেই।
দোকানের কর্মচারীর সঙ্গে একভাবে কথা বলেন, বসের সঙ্গে আরেকভাবে। যার কাছ থেকে কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নেই, তার ভুল সহ্য করার ধৈর্যটাও যেন একটু কম। কেউ আপনার চেয়ে কম শিক্ষিত, কম আয় করে, কম সুন্দর করে কথা বলে—তাই মুখে কিছু না বললেও মনে মনে তাকে একটু নিচে রাখা হয়।
এমনকি দ্বীনের জায়গাতেও এটা ঢুকে যেতে পারে। “আমি অন্তত এটা করি”, “ও এখনো এতটুকুও বোঝে না”, “আমার দ্বীনের জ্ঞান ওর চেয়ে বেশি”—কথাগুলো হয়তো মুখে বলিনি। কিন্তু হৃদয় কি কখনো বলেনি?
আল্লাহ বলেন, “পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না। নিশ্চয়ই তুমি কখনোই পৃথিবী বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় পাহাড়ের সমানও হতে পারবে না।”
— সূরা আল-ইসরা, ১৭:৩৭
কত সরাসরি কথা। তুমি যত বড়ই ভাবো নিজেকে, পায়ের নিচের পৃথিবীটা ফাটিয়ে ফেলতে পারবে না। মাথা যত উঁচুই করো, পাহাড়ের সমান হতে পারবে না। অথচ এই ছোট্ট মানুষটাই কখনো টাকা নিয়ে বড় হয়, কখনো পদ নিয়ে, সৌন্দর্য নিয়ে, বংশ নিয়ে, জ্ঞান নিয়ে—এমনকি নিজের আমল নিয়েও।
রাসূলুল্লাহ ﷺ অহংকারের পরিচয় দিয়েছেন—সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা।
তাহলে একটু নিজের দিকে তাকানো যাক। আপনার ভুল প্রমাণিত হলে প্রথম ইচ্ছাটা কী—সত্যটা মেনে নেওয়া, নাকি যেভাবেই হোক নিজেকে ঠিক প্রমাণ করা? যে মানুষটার কোনো পদ নেই, টাকা নেই, পরিচিতি নেই—তার সঙ্গে আপনার ব্যবহার কেমন? আর কেউ আপনার চেয়ে এগিয়ে গেলে সত্যিই কি তার জন্য খুশি হতে পারেন? নাকি অজান্তেই তার অর্জনটাকে ছোট করার কোনো কারণ খুঁজতে শুরু করেন?
অহংকার শুধু হাঁটার ভঙ্গিতে থাকে না। কখনো থাকে কণ্ঠের স্বরে, কখনো চোখের চাহনিতে, কখনো উত্তর দেওয়ার ধরনে। আর কখনো একেবারে নীরব একটা চিন্তায়—“আমি অন্তত ওর মতো না।”
এই একটি বাক্যের মধ্যেও নিজের হৃদয়ের অনেক কিছু ধরা পড়ে। যে মেধা নিয়ে গর্ব করি, সেটাও আল্লাহর দেওয়া। যে সৌন্দর্য, টাকা, সম্মান, সুযোগ, জ্ঞান কিংবা আমল—কোনোটাই স্থায়ী মালিকানা নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে।
আর যাকে আপনি আজ ছোট ভাবছেন, আল্লাহর কাছে তার অবস্থান আপনার চেয়েও অনেক উঁচু হতে পারে।
তাই পৃথিবীতে খুব উঁচু হয়ে হাঁটার প্রয়োজন নেই। শেষ পর্যন্ত এই কপালটাকেই মাটিতে রেখে বলতে হয়—
সুবহানা রব্বিয়াল আ‘লা—পবিত্র আমার রব, যিনি সর্বোচ্চ।
মন্তব্য করুন