মুসলিম হিসেবে কিছু কথা আমরা অনেক দেরিতে বুঝি। তখন বুঝি, শুধু নামায, রোযা, কুরআন তিলাওয়াত করলেই দায়িত্ব শেষ না। মানুষের সঙ্গে আমি কী করছি, আমার জিহ্বা কী বলছে, আমার অন্তরে কাকে ছোট ভাবছি, এগুলোরও হিসাব আছে।
১. শুধু “sorry” বললেই সব হক মিটে যায় না। আপনি কাউকে কষ্ট দিয়েছেন। পরে বললেন, “ভাই, sorry।” ক্ষমা চাওয়া ভালো। কিন্তু তার টাকা আটকে রেখেছেন, জিনিস নষ্ট করেছেন, সম্মানহানি করেছেন বা কোনো অধিকার নষ্ট করেছেন, তাহলে শুধু sorry বললেই দায় শেষ হয় না। যে হক ফেরত দেওয়া সম্ভব, সেটা ফেরত দিতে হবে। যেখানে ক্ষমা চাওয়া দরকার, সেখানে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ ﷺ সতর্ক করেছেন, কারও সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করে থাকলে কিয়ামতের আগেই তার কাছ থেকে নিজেকে দায়মুক্ত করে নিতে। সেদিন টাকা দিয়ে হিসাব মেটানোর সুযোগ থাকবে না। [সহিহ বুখারি: ২৪৪৯]
২. আপনি যাকে কষ্ট দিয়েছেন, আপনার নেক আমল তার কাছে চলে যেতে পারে। কিয়ামতের দিন একজন মানুষ নামায, রোযা, যাকাত নিয়ে আসবে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও নামে অপবাদ দিয়েছে, কারও সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, কাউকে আঘাত করেছে। তখন তার নেক আমল দিয়ে সেই মানুষগুলোর পাওনা মেটানো হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপানো হবে। [সহিহ মুসলিম: ২৫৮১] ভাবুন, এত কষ্ট করে আমল করলেন। অথচ যার হক দুনিয়ায় হালকা ভেবেছিলেন, তার পাওনা মেটাতে আপনার নেকিই চলে গেল। মানুষের হককে হালকা নিলে শুধু সম্পর্ক নষ্ট হয় না, আখিরাতের হিসাবও ভারী হয়।
৩. কাউকে নিজের চেয়ে নিচু মনে করাও অহংকারের অংশ। অহংকার মানে শুধু দামি পোশাক পরে হাঁটা নয়। মনে মনে বলা, “ও আমার লেভেলের না”, “ও কী বুঝবে?”, “ও আমাকে শেখাবে?” এগুলোও নিজের অন্তর পরীক্ষা করার জায়গা। রাসূলুল্লাহ ﷺ অহংকারের পরিচয় দিয়েছেন, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। [সহিহ মুসলিম: ৯১] আপনি মুখে কিছু না বললেও, অন্তরে কাউকে ছোট মনে করলে সমস্যাটা সেখানেই থেকে যায়।
৪. কারও সম্পর্কে সত্য কথা বললেও সেটা গীবত হতে পারে। আমাদের খুব পরিচিত কথা, “আমি তো মিথ্যা বলিনি। সত্য কথাই বলেছি।” কিন্তু গীবতের সংজ্ঞাটাই এখানেই। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আপনার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, সেটাই গীবত। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, কথাটা যদি সত্যিই তার মধ্যে থাকে? তিনি ﷺ বলেছেন, সত্য হলে আপনি তার গীবত করলেন। আর যদি না থাকে, তাহলে অপবাদ দিলেন। [সহিহ মুসলিম: ২৫৮৯] তাই “কথাটা সত্য” হলেই সেটা বলা জায়েয হয়ে যায় না। আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। [সূরা আল হুজুরাত: ১২]
৫. প্রতিটি ভালো কাজের খবর মানুষকে জানানো জরুরি না। সদকা করলেন, কুরআন পড়লেন, কাউকে সাহায্য করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোনো ভালো কাজ করলেন। সবকিছু পোস্ট করতে হবে, এমন না। ভালো কাজ প্রকাশ করার বৈধ কারণ থাকতে পারে। কাউকে উৎসাহিত করাও উদ্দেশ্য হতে পারে। তাই প্রকাশ করলেই রিয়া, এমন কথা ঠিক নয়। কিন্তু নিজের কাছে একটা প্রশ্ন রাখা দরকার, “কেউ না জানলেও কি আমি এটা করতাম?” আল্লাহ প্রকাশ্যে সদকা দেওয়াকে ভালো বলেছেন, আর গোপনে অভাবীকে দেওয়াকে আরও উত্তম বলেছেন। [সূরা আল বাকারা: ২৭১] রাসূলুল্লাহ ﷺ সেই ব্যক্তির বিশেষ মর্যাদার কথাও বলেছেন, যে এত গোপনে সদকা করে যে তার বাম হাতও জানে না ডান হাত কী দিয়েছে। [সহিহ বুখারি: ১৪২৩]
এখন নিজের দিকে একবার তাকান। আমি নামায পড়ছি, কিন্তু কারও হক নষ্ট করছি কি না। আমি সত্য বলছি, কিন্তু সেই সত্য বলার অধিকার আমার আছে কি না। আমি ভালো কাজ করছি, কিন্তু কার জন্য করছি। আমি মুখে কিছু বলছি না, কিন্তু অন্তরে কাউকে ছোট ভাবছি কি না।
মানুষ না জানলেও সমস্যা নেই। আল্লাহ জানেন। আর শেষ হিসাবটা তাঁর কাছেই।
মন্তব্য করুন