কখনো কি এমন হয়েছে, মক্কা বা মাদীনার একটা ছবি দেখেই হঠাৎ বুকের ভেতর কেমন যেন করে উঠেছে? আপনি হয়তো রান্না করছেন, অফিসে বসে আছেন, বাচ্চাদের নিয়ে ব্যস্ত অথবা ক্লান্ত হয়ে ফোন স্ক্রল করছেন। হঠাৎ কা‘বার একটা দৃশ্য সামনে এলো, কিংবা সবুজ গম্বুজের ছবি। কয়েক সেকেন্ড আগেও সব স্বাভাবিক ছিল, অথচ হঠাৎ মনে হলো, “আল্লাহ, আমাকেও একবার সেখানে নিয়ে যাও…”
হয়তো আপনি কখনো যানইনি। তবু জায়গাটা পুরোপুরি অচেনা লাগে না। বরং মনে হয়, হৃদয়ের কোথাও একটা টান আগে থেকেই ছিল। ছবিটা শুধু এসে সেই টানটাকে জাগিয়ে দিল। তখন মজা করে বলতে ইচ্ছে করে, আমার হৃদয়েরও বোধহয় একটা ভিটামিন দরকার—মক্কা আর মাদীনা।
অবশ্যই “ভিটামিন” কথাটা এখানে শুধু অনুভূতির ভাষা। মুমিন জানে, প্রশান্তির আসল উৎস কোনো স্থান নিজে নয়। প্রশান্তি দেন আল্লাহ। আল্লাহ বলেন, “জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।” সূরা আর রা‘দ, ১৩:২৮। তবে পৃথিবীতে এমন কিছু স্থান আছে, যেগুলো আমাদের হৃদয়কে আল্লাহর দিকে এমনভাবে ফিরিয়ে দেয়, যা অন্য জায়গায় সহজে অনুভব হয় না।
মক্কার কথা ভাবলেই মনে পড়ে কা‘বা। পৃথিবীর অসংখ্য মুসলিম প্রতিদিন যে দিকে ফিরে সালাত আদায় করেন। মনে পড়ে ইবরাহিম আলাইহিস সালাম, হাজেরা, জমজম, তাওয়াফ, দু‘আ, সিজদা। আর কখনো নিজের জীবনটাও নতুনভাবে মনে পড়ে। আমি এত দৌড়াচ্ছি কেন? এত হিসাব, এত চিন্তা, এত চাওয়া… শেষ পর্যন্ত সঙ্গে কী যাবে? বাড়ি থাকবে, টাকা থাকবে, পরিচিত মানুষগুলো থাকবে। চলে যাব শুধু আমি। সঙ্গে যাবে আমার আমল।
আর মাদীনা… নামটা শুনলেই অনুভূতিটা অন্যরকম। এই শহরের পথে হেঁটেছেন রাসূলুল্লাহ ﷺ। এখানে তাঁর মসজিদ। এখানে সাহাবিদের কত স্মৃতি, কত ত্যাগ, কত ভালোবাসা, কত ইতিহাস জড়িয়ে আছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তাঁর মসজিদে একটি সালাত অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম, মসজিদুল হারাম ছাড়া। সহিহ আল বুখারি, ১১৯০; সহিহ মুসলিম, ১৩৯৪।
তাই মক্কা ও মাদীনার প্রতি একজন মুমিনের টান শুধু সুন্দর কোনো জায়গা দেখার আগ্রহ নয়। এগুলো আমাদের ঈমানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা স্থান। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু ছবি দেখে “ইশ, যদি যেতে পারতাম!” বলেই থেমে যাচ্ছি?
কারণ সত্যিকারের টান মানুষকে একটু হলেও বদলায়। আপনি যদি সত্যিই কা‘বার সামনে দাঁড়াতে চান, আজ থেকেই আল্লাহর সামনে দাঁড়ানোটা একটু সুন্দর করুন। মাদীনায় গিয়ে মসজিদে নববীতে সালাত পড়ার স্বপ্ন যদি সত্যিই থাকে, তাহলে আজ থেকেই রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহকে নিজের জীবনে একটু বেশি জায়গা দিন। উমরাহর জন্য সফরের পরিকল্পনা করবেন, ভালো কথা। কিন্তু সঙ্গে একটা তাওবার পরিকল্পনাও থাকুক।
আমরা বলি, “আল্লাহ, আমাকে মক্কায় নিয়ে যাও।” কিন্তু হয়তো আরও একটা দু‘আ দরকার, “আল্লাহ, আমাকে এমন অবস্থায় সেখানে নিয়ে যেও, যখন আমার হৃদয়ও তোমার দিকে ফিরতে প্রস্তুত থাকবে।”
একবার কল্পনা করুন, এতদিন ফোনের স্ক্রিনে যে কা‘বা দেখেছেন, একদিন সত্যিই সেটা আপনার সামনে। মানুষ তাওয়াফ করছে, আপনি দাঁড়িয়ে আছেন। তখন কী চাইবেন? হয়তো যে বিষয়গুলো নিয়ে আজ ঘুমাতে পারছেন না, সেদিন সেগুলোর অনেককেই খুব ছোট মনে হবে। হয়তো মুখ থেকে শুধু বের হবে, “আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার বাবা মাকে ক্ষমা করো। আমার সন্তানদের হিদায়াত দাও। আমার রিযিককে হালাল ও বরকতময় করে দাও। আমার অন্তরটা ঠিক করে দাও। আমাকে তোমার কাছ থেকে দূরে যেতে দিও না।”
আবার হয়তো কোনো কথাই বের হবে না। শুধু চোখ দিয়ে পানি পড়বে। আমাদের হৃদয়টাই এমন। সারা বছর কত কিছু চাই। একটু বেশি টাকা, একটু ভালো চাকরি, সুন্দর একটা ঘর, একটু নিশ্চিন্ত জীবন। অন্যের জীবন দেখে কখনো মনে হয়, আমার জীবনটাই বুঝি অসম্পূর্ণ। তারপর হঠাৎ মক্কা বা মাদীনার একটা ছবি সামনে আসে, আর সব চাওয়ার মাঝখানে খুব নরম একটা প্রশ্ন রেখে যায়, “আমার হৃদয় আসলে কী চায়?”
শুধু আরও দুনিয়া? নাকি এমন কিছু, যা দুনিয়ার জিনিস দিয়ে পূরণ হয় না?
হয়তো এখন উমরাহ করার সামর্থ্য নেই। টাকা জমছে না। পরিবার, কাজ, সন্তান, ভিসা কিংবা হাজারটা বাস্তব দায়িত্ব আছে। তাতে স্বপ্নটা শেষ হয়ে যায় না। আজ না পারলে দু‘আ করুন। সামর্থ্য অনুযায়ী অল্প অল্প সঞ্চয় করুন। নিয়তটাকে বাঁচিয়ে রাখুন। আর আল্লাহর কাছে শুধু সেখানে যাওয়ার সুযোগ নয়, কবুল হওয়া একটি সফর চান।
কারণ মক্কায় পৌঁছানোই শেষ কথা নয়, মাদীনায় পৌঁছানোও শেষ কথা নয়। সেখান থেকে ফিরে এসে আমি কেমন মানুষ হলাম, সেটাও খুব বড় প্রশ্ন। যে চোখ কা‘বা দেখে ফিরেছে, সে চোখকে আমি কী থেকে বাঁচালাম? যে জিহ্বা মাদীনায় দরুদ পড়েছে, ফিরে এসে সেই জিহ্বাকে গীবত থেকে কতটা রক্ষা করলাম? যে হৃদয় হারামাইনে কেঁদেছে, কয়েক মাস পর সেই হৃদয় আল্লাহর সঙ্গে কেমন আছে?
তাই মক্কা ও মাদীনার প্রতি টানকে শুধু ক্ষণিকের আবেগ বানিয়ে রাখবেন না। এই টানটাকে আমলে পরিণত করুন। একটা সালাত ঠিক করুন। একটা গুনাহ ছাড়ুন। একটা সুন্নাহ জীবনে ফিরিয়ে আনুন। উমরাহর জন্য ছোট্ট একটা সঞ্চয় শুরু করুন।
আর মাঝে মাঝে খুব নিজের মতো করে বলুন, “ইয়া আল্লাহ, যদি আমার জন্য কল্যাণকর হয়, আমাকে তোমার ঘর দেখার সুযোগ দাও। আমাকে মাদীনায় পৌঁছে দাও। কিন্তু শুধু আমার শরীরকে সেখানে নিও না, আমার হৃদয়কেও তোমার দিকে ফিরিয়ে নিও।”
হয়তো এখনো টিকিট হয়নি। কোনো তারিখও ঠিক হয়নি। তবু কে জানে? আজ যে মানুষটা একটা ছবি দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলছে, “আল্লাহ, আমারও খুব যেতে ইচ্ছে করে…” আল্লাহ চাইলে একদিন সেই মানুষটাই কা‘বার সামনে দাঁড়িয়ে কাঁদবে।
মন্তব্য করুন