মূল লেখায় যান

Study Room লেখা

আয় আছে, বরকত নেই: নিজের অভ্যাসগুলো দেখুন

বিষয়: ·

কখনো এমন হয়েছে, মাসের শুরুতে মনে হলো এবার সবকিছু একটু গুছিয়ে যাবে। কিন্তু কিছুদিন না যেতেই টাকা কোথায় চলে গেল বুঝতেই পারলেন না। আয় হচ্ছে, তবুও স্বস্তি নেই। সুযোগ আসছে, কিন্তু কাজে লাগছে না। চেষ্টা করছেন, অথচ জীবনে যেন সেই প্রশান্তি আর বরকতটা অনুভব করছেন না।

তখন আমাদের প্রথম চিন্তা হয়, “আমার আয়টা আরেকটু বাড়লে সব ঠিক হয়ে যেত।”

কিন্তু রিজিক শুধু টাকার অঙ্ক নয়। কারও আয় তুলনামূলক কম, অথচ প্রয়োজন মিটে যায়, ঋণের চাপ নেই, ঘরে শান্তি আছে। আবার কারও আয় অনেক, কিন্তু অপচয়, অস্থিরতা, ঋণ আর দুশ্চিন্তায় সবকিছু যেন হারিয়ে যায়। তাই শুধু “কত পেলাম” নয়, যা পেলাম, তাতে কতটা বরকত হলো সেটাও ভাবার বিষয়।

একটা বিষয় শুরুতেই পরিষ্কার রাখা দরকার। কারও রিজিক কম হওয়া মানেই সে গুনাহগার, আর কারও সম্পদ বেশি হওয়া মানেই সে আল্লাহর কাছে বেশি প্রিয়, ইসলাম এমন সরল হিসাব শেখায় না। রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ামতও হতে পারে, পরীক্ষাও হতে পারে। আল্লাহই প্রকৃত রিযিকদাতা।

তবে কুরআন আমাদের এটাও শেখায় যে ঈমান ও তাকওয়ার সঙ্গে বরকতের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বলেন,

“যদি জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ খুলে দিতাম।”
সূরা আল আ‘রাফ, ৭:৯৬

তাহলে নিজের জীবনের দিকে একটু তাকানো যাক। এমন কিছু অভ্যাস কি আছে, যেগুলো আমাদের সময়, চেষ্টা, ইবাদত, সততা কিংবা জীবনের বরকত নষ্ট করে দিচ্ছে?

১. সকালটা কি প্রায়ই হাতছাড়া হয়ে যাচ্ছে?

ফজরের পর ঘুমানো নিজে হারাম নয়। কারও রাতের কাজ থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, ঘুমের প্রয়োজন থাকতে পারে। তাই “ফজরের পর ঘুমালেই রিজিক বন্ধ হয়ে যায়” এমন কথা বলা ঠিক নয়।

তবে রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মতের সকালের জন্য বরকতের দু‘আ করেছেন: “হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালবেলায় বরকত দান করুন।”
সুনান ইবন মাজাহ, ২২৩৬

এখন নিজের সকালটা একটু ভাবুন। ফজরের পর ফোন হাতে নিলেন, একটু scroll করলেন, তারপর আবার ঘুম। চোখ খুলতে খুলতে দিনের বড় একটা অংশ চলে গেল। এরপর তাড়াহুড়া, কাজ জমে যাওয়া, মাথায় চাপ, তারপর নিজের কাছেই প্রতিশ্রুতি, “কাল থেকে ঠিক করব।”

রিজিক শুধু টাকা নয়। সময়ও রিজিক। সুস্থতা রিজিক। মনোযোগ রিজিক। কর্মক্ষমতা, ভালো সুযোগ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যও আল্লাহর নিয়ামত।

সকালকে কাজে লাগানো মানে সবার একই routine হতে হবে এমন নয়। বরং নিজের বাস্তবতা অনুযায়ী সকালের কিছু সময় উপকারী কাজে রাখুন। কুরআন, পড়াশোনা, পরিকল্পনা, কাজ কিংবা প্রয়োজনীয় দায়িত্ব যেটাই হোক।

কখনো সমস্যাটা শুধু “সুযোগ পাচ্ছি না” নয়। হতে পারে সুযোগ কাজে লাগানোর সময়টাই আমরা অবহেলা করছি।

২. রিজিক নিয়ে দুশ্চিন্তা করছি, কিন্তু সালাতটাই কি পিছিয়ে যাচ্ছে?

এই জায়গাটা একটু অস্বস্তিকর।

চাকরি নিয়ে চিন্তা করছি, business-এর sales নিয়ে দুশ্চিন্তা করছি, মাসের খরচ হিসাব করছি, নতুন client চাইছি, income বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু আযান হলে বলছি, “এই কাজটা শেষ করে পড়ব।”

তারপর আরেকটা কাজ আসে। আরেকটা call। আরেকটা message।

ধীরে ধীরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়টাই আমাদের schedule-এর সবচেয়ে flexible অংশ হয়ে যায়।

আল্লাহ তাআলা বলেন,

“তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না; আমিই তোমাকে রিজিক দিই।”
সূরা ত্ব হা, ২০:১৩২

আয়াতটা একটু থেমে পড়ুন।

যাঁর কাছ থেকে রিজিক চাইছি, তাঁর ডাককেই যদি বারবার পিছিয়ে দিই, তাহলে আমাদের অগ্রাধিকারের তালিকাটা আবার দেখা দরকার নয় কি?

সালাত কোনো “টাকা বাড়ানোর formula” নয়। আমরা আল্লাহর ইবাদত করি তিনি আমাদের রব বলে, শুধু দুনিয়ার সুবিধা পাওয়ার জন্য নয়। কিন্তু একজন মুমিনের জীবনে এমন যেন না হয় যে রিজিকের চিন্তা তাকে এত ব্যস্ত করে ফেলল যে রিযিকদাতার সামনে দাঁড়ানোর সময়টাই হারিয়ে গেল।

৩. স্বপ্ন আছে, কিন্তু কাজটা প্রতিদিন ‘কাল থেকে’?

হয়তো অনেকদিন ধরে ভাবছেন একটা skill শিখবেন। CV update করবেন। business শুরু করবেন। কোনো application করবেন। একটা course শেষ করবেন। একটা ভালো কাজ শুরু করবেন।

সবই করবেন।

শুধু আজ নয়।

আজ একটু tired। কাল থেকে।

কাল এলো। তখন মনে হলো, “আরেকটু প্রস্তুত হয়ে নিই।”

এভাবে সপ্তাহ যায়, মাস যায়, কখনো বছরও চলে যায়। তারপর আমরা বলি, “আমার জন্য কোনো দরজা খুলছে না।”

কিন্তু কিছু দরজা হয়তো খুলেছিল। আমরা সেখানে পৌঁছাতেই দেরি করেছি।

রাসূলুল্লাহ ﷺ আল্লাহর কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাইতেন।
সহিহ আল বুখারি, ৬৩৬৯

তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে বসে থাকা নয়। রিজিক আল্লাহর হাতে, কিন্তু হালাল পথে চেষ্টা করা আমাদের দায়িত্ব।

কাজটা ছোট করে শুরু করুন। পুরো পরিকল্পনা নয়, প্রথম পদক্ষেপ। এক ঘণ্টা নয়, বিশ মিনিট। পুরো বই নয়, কয়েক পৃষ্ঠা। perfect হওয়ার অপেক্ষা নয়, আজকের সামর্থ্য অনুযায়ী শুরু।

অনেক সময় আমরা যে সুযোগের অপেক্ষা করছি, তার পথে পৌঁছাতেই আমাদের প্রথমে হাঁটা শুরু করতে হয়।

৪. আয় হচ্ছে, কিন্তু সততার জায়গায় কি ছোট ছোট ছাড় দিচ্ছি?

এই জায়গাটা সবচেয়ে ভয়ংকর হতে পারে।

একটা ছোট মিথ্যা। “এটুকু না বললে কী হবে?”

পণ্যের সমস্যা জানি, buyer-কে বললাম না। কাজ পুরো করিনি, কিন্তু full payment নিলাম। কারও বিশ্বাসের সুযোগ নিলাম। promise করলাম, রাখলাম না। কোনো তথ্য গোপন করে লাভটা একটু বাড়ালাম।

টাকা হয়তো এলো।

কিন্তু বরকত?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য বলে এবং বিষয় পরিষ্কার করে, তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি মিথ্যা বলে ও তথ্য গোপন করে, তাদের লেনদেনের বরকত মুছে দেওয়া হয়।
সহিহ মুসলিম, ১৫৩২

আপনি seller, freelancer, employee, business owner, service provider যাই হন, নিজেকে একটা প্রশ্ন করুন:

আমি কি এমন কোনো অর্থ নিচ্ছি, যেটা পাওয়ার জন্য আমাকে সত্য লুকাতে হচ্ছে অথবা কারও হক নষ্ট করতে হচ্ছে?

কারণ হাতে বেশি টাকা আসাই সবসময় সফলতা নয়। এমন আয়ও হতে পারে, যার জন্য পরে শান্তি, বিশ্বাস, সম্পর্ক এবং আখিরাতের জবাবদিহি দিয়ে মূল্য দিতে হয়।

তাই প্রশ্নটা শুধু “কী করলে আমার আয় বাড়বে?” এতটুকুতে আটকে না থাকুক। Skill বাড়াতে হবে, পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে, হালাল সুযোগ খুঁজতে হবে। পাশাপাশি আরেকটা প্রশ্নও নিজের কাছে রাখুন:

“আল্লাহ আমাকে যে সময়, সামর্থ্য ও রিজিক দিয়েছেন, তার বরকত নষ্ট করার মতো কোনো অভ্যাস কি আমি নিজেই ধরে রেখেছি?”

আমার সকাল কি অকারণে নষ্ট হচ্ছে? দুনিয়ার কাজ কি সালাতকে পিছিয়ে দিচ্ছে? অলসতা কি আমাকে নিজের সামর্থ্য ব্যবহার করতে দিচ্ছে না? আমার উপার্জন ও লেনদেনে কি সত্যিই সততা আছে?

সবকিছু একদিনে বদলাতে হবে না। আজ শুধু একটা জায়গা ঠিক করুন।

হয়তো নিজের প্রয়োজন অনুযায়ী সকালের কিছু সময় উপকারী কাজে রাখবেন। হয়তো সালাতকে কাজের ফাঁকে জায়গা দেওয়ার বদলে কাজকে সালাতের সময়ের প্রতি সম্মান রেখে সাজাবেন। হয়তো কয়েক মাস ধরে ফেলে রাখা কাজটার প্রথম পদক্ষেপ নেবেন। অথবা এমন একটি ছোট অসততা ছেড়ে দেবেন, যেটাকে এতদিন “এতে কিছু হয় না” বলে চালিয়ে দিচ্ছিলেন।

আমরা জানি না কোন ছোট তওবা, কোন সৎ সিদ্ধান্ত, কোন নিয়মিত চেষ্টা কিংবা কোন গোপন নেক আমল আমাদের জীবনে কীভাবে কল্যাণ নিয়ে আসবে। তাই আমাদের কাজ হলো হালাল পথে চেষ্টা করা, আল্লাহকে ভয় করা, সালাতের হক আদায় করা, মানুষের হক নষ্ট না করা এবং ফলাফলের জন্য তাঁর ওপর ভরসা রাখা।

কারণ শেষ পর্যন্ত আমরা রিজিকের মালিক নই।

রিজিকের মালিক আল্লাহ।

আল্লাহ আমাদের হালাল ও প্রশস্ত রিজিক দান করুন, অল্পে বরকত দিন, হারাম ও সন্দেহজনক উপার্জন থেকে রক্ষা করুন, অলসতা থেকে হেফাজত করুন এবং এমন রিজিক দিন, যা আমাদের তাঁকে ভুলিয়ে না দিয়ে তাঁর আরও নিকটবর্তী করে। আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।