ঘরে সবাই আছে, তবু শান্তি নেই
একই ঘরে চারজন মানুষ। কেউ ফোনে, কেউ টিভির দিকে তাকিয়ে, কেউ চুপচাপ খাচ্ছে। প্রয়োজন ছাড়া কথা নেই। বাইরে থেকে দেখলে স্বাভাবিক একটা পরিবারই মনে হবে। অথচ এই ঘরের মানুষগুলো জানে, নীরবতাটা শান্তির নয়।
অশান্ত ঘর মানেই প্রতিদিন চিৎকার, ভাঙচুর বা বড় ঝগড়া হয়, এমন না। কিছু ঘর খুব চুপচাপও অশান্ত থাকে। সেখানে কথা বলার আগে ভাবতে হয়, “এটা বললে আবার রাগ করবে না তো?” দরজার শব্দ একটু জোরে হলে বোঝার চেষ্টা করতে হয় কার মেজাজ খারাপ। স্বামী বাসায় ফিরলে স্ত্রী মুখ দেখে আন্দাজ করেন আজ কোন কথাটা বলা যাবে। স্ত্রী চুপ থাকলে স্বামীও বুঝে ফেলেন কিছু একটা হয়েছে। সন্তানরা খেলতে খেলতেও মা বাবার গলার স্বর বদলালে থেমে যায়। নিজের ঘরেই সবাই যখন একজন আরেকজনের mood বুঝে চলতে শেখে, তখন সমস্যাটা শুধু “মাঝে মাঝে ঝগড়া হয়” এতটুকু থাকে না।
তারপর একই ঘটনা বারবার ঘটে। আজ টাকার বিষয়, কাল আত্মীয়, পরশু সন্তান, আরেকদিন হয়তো খুব ছোট কোনো কথা। কারণ আলাদা, কিন্তু শেষটা পরিচিত। একজন পুরোনো কথা তুলে আনেন, আরেকজন রেগে যান। কেউ শুনতে চান না, শুধু নিজের কথাটা বোঝাতে চান। একসময় কথা বন্ধ হয়ে যায়। সমস্যাটাও থেকে যায়। পরদিন সবাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু যেটা ঠিক করা হয়নি, সেটা হারিয়ে যায় না। জমে থাকে। তারপর আরেকদিন সামান্য একটা কথাতেই আগের সব কষ্ট আবার বেরিয়ে আসে।
মতভেদ হওয়া খারাপ দাম্পত্যের প্রমাণ নয়। দুইজন মানুষ একসঙ্গে থাকলে মতের অমিল হবেই। সমস্যা শুরু হয় যখন মতভেদে সম্মানটা হারিয়ে যায়। যখন “তুমি সবসময় এমন” বা “তোমাকে দিয়ে কিছু হবে না” খুব সহজে মুখ থেকে বের হয়। যখন ভুল বুঝলেও কেউ আগে নরম হতে চায় না, কারণ আগে কথা বললে মনে হয় আমি হেরে গেলাম। কিন্তু সংসার জেতা হারার জায়গা না।
আর সবচেয়ে বেশি দেখে সন্তানরা। আমরা অনেক সময় ভাবি, “ওরা ছোট, বুঝবে না।” ওরা হয়তো পুরো সমস্যাটা বুঝবে না, কিন্তু ঘরের নিরাপত্তা বদলে গেছে কি না সেটা ঠিকই বুঝে। ওরা বোঝে মা আজ অস্বাভাবিক চুপ। বোঝে বাবা রেগে আছেন। বোঝে রাতের ঝগড়ার পর সকালে কেউ কারও সঙ্গে ঠিকমতো কথা বলছে না। কখনো বাচ্চা নিজের রুমে চলে যায়, কখনো অকারণে খুব শান্ত হয়ে যায়, কখনো উল্টো বেশি দুষ্টুমি করে। কারণ শিশুরা শুধু আমরা তাদের যা বলি তা থেকেই শেখে না, আমরা একজন আরেকজনের সঙ্গে কীভাবে কথা বলি, সেটাও দেখে শেখে।
আপনি রাগলে যেভাবে কথা বলেন, একদিন আপনার সন্তানও হয়তো সেভাবেই রাগ প্রকাশ করতে শিখবে। আপনি disagreement এ অপমান করেন, সে শিখবে সম্পর্কের মধ্যে এটাও স্বাভাবিক। আবার সে যদি দেখে ভুল হলে বাবা ক্ষমা চাইছেন, মা রাগের মধ্যেও সম্মান রেখে কথা বলছেন, তাও সে শেখে। তাই “বাচ্চাদের সামনে ঝগড়া করিনি” বললেই সব শেষ নয়। বাচ্চারা ঝগড়ার পরের ঠান্ডা ঘরটাও দেখে।
আর এই অশান্তি শুধু সম্পর্কের মধ্যে থাকে না। একসময় শরীরেও ক্লান্তি আসে। অফিস থেকে ফেরার কথা ছিল বিশ্রামের জায়গায়। অথচ বাসায় ঢোকার আগে বুকের ভেতর প্রশ্ন, “আজ আবার কী অবস্থা?” কেউ কাজের জন্য ক্লান্ত না হয়েও ঘরের tension বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে।
তারপর ইবাদতেও তার ছায়া পড়ে। সালাতে দাঁড়িয়েছেন, কিন্তু দশ মিনিট আগের কথাটা মাথায় ঘুরছে। কুরআন খুললেন, মন বসছে না। দোয়া করতে গিয়ে বুকটা ভার লাগছে। অথচ আল্লাহ দাম্পত্যকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন, তিনি স্বামী স্ত্রীর মাঝে রেখেছেন প্রশান্তি, ভালোবাসা ও রহমত। সূরা আর রূম, ৩০:২১।
এর মানে এমন নয় যে মুসলিম ঘরে কোনোদিন মতভেদ হবে না। বরং মতভেদ হলেও আমরা কী হয়ে যাই, সেটাই পরীক্ষা। বাইরের মানুষের সঙ্গে আমরা কত হিসাব করে কথা বলি। দোকানের কর্মচারীর ভুলেও কখনো হাসিমুখে বলি, “কোনো সমস্যা নেই।” অফিসে সহকর্মীর কথায় কষ্ট পেলেও নিজেকে সামলাই। অথচ ঘরে এসে সবচেয়ে আপন মানুষটার ভুলে ভাষাটা বদলে যায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম।” জামে আত তিরমিযি। এই কথাটা একটু নিজের ঘরে এনে দেখুন। বাইরের মানুষ আপনাকে ভদ্র বলে, কিন্তু আপনার ঘরের মানুষ কি আপনাকে নিরাপদ মনে করে? স্ত্রী কি ভয় ছাড়া নিজের কষ্ট বলতে পারেন? স্বামী কি কথা বললেই অপমানিত হওয়ার আশঙ্কা করেন না? সন্তান ভুল করলে প্রথমে আপনার কাছে আসতে পারে, নাকি ভুলটা লুকানোই তার কাছে নিরাপদ মনে হয়?
ঘরের শান্তি নষ্ট করার জন্য সবসময় বড় কোনো পাপ লাগে না। কখনো একটা তীক্ষ্ণ ভাষা যথেষ্ট। কখনো ক্ষমা চাইতে না পারা। কখনো ফোনের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা কাটানো, কিন্তু পাশে বসা মানুষটার কথা না শোনা। কখনো এমনভাবে চুপ থাকা, যাতে অন্যজন বুঝতে পারে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কখনো সন্তানের সামনে তার মা বা বাবাকে ছোট করা। এগুলো অনেকদিন চলতে চলতে মানুষ একসময় বলে, “আমাদের সংসারই এমন।”
কিন্তু “এমনই” বলে মেনে নেওয়া আর ঠিক করার চেষ্টা না করা এক কথা নয়। হয়তো আজ আপনার পুরো সংসার পাল্টাতে হবে না। শুধু পরের disagreement টায় আগের মতো না হলেই শুরু হতে পারে। কেউ একটা কথা বলল, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে শুনলেন। নিজের ভুলটা বুঝে “আমি ঠিক বলিনি” বললেন। পুরোনো পাঁচটা ঘটনা নতুন একটা কথার সঙ্গে যোগ করলেন না। বাচ্চার সামনে যার সঙ্গে disagreement, পরে তার সম্মানটাও ফিরিয়ে দিলেন। এগুলো ছোট মনে হয়। কিন্তু শান্তি অনেক সময় এখান থেকেই ফেরে।
আর একটা প্রশ্ন নিজের কাছে খুব চুপচাপ রাখুন। আপনি ঘরে ঢুকলে আপনার পরিবারের মানুষ স্বস্তি পায়, নাকি আপনার মুখ দেখে আজ কীভাবে চলতে হবে সেটা বুঝে নেয়?
উত্তরটা কাউকে বলতে হবে না। আল্লাহ জানেন। আপনার ঘরের মানুষও জানে।
মন্তব্য করুন