কখনো খেয়াল করেছেন, একটা দিন খুব ব্যস্ত কেটে গেলেও রাতে মনে হয়, “আজ আসলে কী করলাম?” সময় গেল, কাজও হলো, ফোনও দেখলাম, মানুষের সঙ্গে কথাও হলো, কিন্তু ভেতরে যেন অদ্ভুত একটা শূন্যতা থেকে গেল। আবার কখনো অল্প সময়েও অনেক কিছু হয়ে যায়, মন শান্ত থাকে, ছোট রিজিকেও তৃপ্তি লাগে, ঘরের সাধারণ মুহূর্তগুলোও সুন্দর মনে হয়। এই পার্থক্যের একটা নাম হতে পারে, বরকত।
বরকত মানে শুধু বেশি টাকা বা বেশি সুযোগ নয়। আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কল্যাণ বাড়িয়ে দেন, তখন অল্প সময় যথেষ্ট হয়ে যায়, অল্প রিজিকেও তৃপ্তি আসে, একটা সাধারণ সম্পর্কও প্রশান্তির কারণ হয়। আর বরকতময় জীবনের জন্য সবসময় বিশাল কিছু দিয়ে শুরু করতে হয় না। অনেক সময় প্রতিদিনের কয়েকটি ছোট অভ্যাসই আমাদের জীবনকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।
১. নিয়মিত দু‘আ করুন। শুধু বিপদে পড়লে নয়। ভালো দিনেও, কাজের মাঝেও, সিদ্ধান্ত নেওয়ার আগে, মন খারাপ হলে, কিছু খুব চাইলে আল্লাহর কাছে বলুন। তিনি বলেছেন, “আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” (সূরা আল বাকারা ২:১৮৬) যে মানুষ বারবার রবের কাছে ফিরে যায়, তার জীবন আর শুধু নিজের শক্তির ওপর দাঁড়িয়ে থাকে না।
২. সব অবস্থায় কৃতজ্ঞ হওয়ার অভ্যাস করুন। আমরা অনেক সময় যা নেই, সেটাই এত দেখি যে যা আছে তার স্বাদই পাই না। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে হয়, অথচ আপনার ঘরের নিরাপত্তা, শরীরের সুস্থতা, একবেলা খাবার, প্রিয় মানুষের একটি ফোন, এগুলোও কত বড় নিয়ামত, হারানোর আগে আমরা বুঝি না। আল্লাহ বলেছেন, “তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।” (সূরা ইবরাহীম ১৪:৭)
৩. দিনের ফাঁকে ফাঁকে যিকির রাখুন। যিকির মানে সারাদিন সব কাজ বন্ধ করে বসে থাকা নয়। হাঁটতে হাঁটতে, গাড়িতে, রান্না করতে করতে, অপেক্ষা করার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। আমরা ফোনের নোটিফিকেশন দিনের মধ্যে শতবার মনে রাখি, অথচ হৃদয় যার স্মরণে শান্ত হয়, তাঁকেই অনেক সময় ভুলে থাকি। “জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।” (সূরা আর রা‘দ ১৩:২৮)
৪. কাজ করুন ভালো নিয়ত নিয়ে। একই কাজ নিয়তের কারণে একেবারে অন্য অর্থ পেতে পারে। আপনি চাকরি করছেন পরিবারের হালাল রিজিকের জন্য, পড়ছেন উপকারী মানুষ হওয়ার জন্য, ঘরের কাজ করছেন দায়িত্ব ও ভালোবাসা থেকে, এই নিয়তগুলো সাধারণ কাজকেও মূল্যবান করে দেয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “কাজসমূহ নিয়তের ওপর নির্ভরশীল।” (সহিহ বুখারি ১)
৫. প্রতিদিন কুরআনের সঙ্গে একটু সময় রাখুন। এক দিনে অনেক পৃষ্ঠা পড়তেই হবে এমন নয়। কয়েক আয়াত পড়ুন, অর্থ দেখুন, তারপর এক মুহূর্ত ভাবুন, “এই কথাটা আজ আমার জীবনের কোথায় লাগে?” কুরআন শুধু তিলাওয়াত শেষ করার বই নয়, আল্লাহ এটিকে নাযিল করেছেন যাতে আমরা এর আয়াত নিয়ে চিন্তা করি। (সূরা সাদ ৩৮:২৯) কোনো কোনো আয়াত হয়তো ঠিক সেই ভয়, ভুল, আশা বা সিদ্ধান্তের সামনে আপনাকে থামিয়ে দেবে, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছেন।
৬. প্রিয় মানুষগুলোর হক দিন। একই ঘরে থেকেও আমরা কখনো কখনো একে অপরের সঙ্গে সত্যিকারের সময় কাটাই না। হাতে ফোন, মাথায় কাজ, সামনে মানুষ, কিন্তু মন অন্য জায়গায়। রাসূলুল্লাহ ﷺ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সঙ্গে রিজিক প্রশস্ত হওয়া ও আয়ু বৃদ্ধি পাওয়ার কথা বলেছেন। (সহিহ বুখারি ৫৯৮৬) কখনো একটা ফোন, মন দিয়ে শোনা, মায়ের পাশে দশ মিনিট বসা, সন্তানকে সময় দেওয়া, এগুলোও আপনার দিনের গুরুত্বপূর্ণ আমল হতে পারে।
৭. দিনের শুরুর সময়টাকে যতটা সম্ভব ভালোভাবে ব্যবহার করুন। ঘুম থেকে উঠেই ফোনে ঢুকে গেলে কখন যে অন্য মানুষের খবর, কাজের চাপ আর দুশ্চিন্তা মাথার ভেতর জায়গা নিয়ে নেয়, আমরা বুঝতেই পারি না। চেষ্টা করুন সকালটা অযথা নষ্ট না করে সালাত, দু‘আ, যিকির, কুরআন, প্রয়োজনীয় কাজ ও দায়িত্বের দিকে মনোযোগী হতে। নবী ﷺ তাঁর উম্মতের সকালবেলার জন্য বরকতের দু‘আ করেছেন। (সুনান আবু দাউদ ২৬০৬) তাই দিনের শুরুটা এমন হোক, যেখানে দুনিয়ার ব্যস্ততার আগেই অন্তত একবার মনে পড়ে, আজকের দিনটিও আল্লাহর দেওয়া আমানত।
৮. নিয়মিত সদাকাহ রাখুন। বড় অঙ্কের অপেক্ষায় থাকবেন না। সামর্থ্য অনুযায়ী অল্প হলেও দিন, কিন্তু দেওয়ার অভ্যাসটা বাঁচিয়ে রাখুন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “সদাকাহ সম্পদ কমায় না।” (সহিহ মুসলিম ২৫৮৮) আমরা জমিয়ে রাখাকে নিরাপত্তা ভাবি, অথচ ইসলাম আমাদের শেখায় আল্লাহর জন্য দেওয়ার মধ্যেও এমন কল্যাণ আছে, যা শুধু হিসাবের অঙ্কে ধরা যায় না।
এই আটটি অভ্যাসের কোনোটাই এমন কোনো যান্ত্রিক সূত্র নয় যে করলেই জীবনে আর পরীক্ষা থাকবে না। একজন মুমিনের জীবনেও কষ্ট আসে, অপেক্ষা আসে, কখনো রিজিক সংকুচিত হয়, কখনো দু‘আর উত্তর পেতে সময় লাগে। বরকতময় জীবন মানে সমস্যাহীন জীবন নয়। বরং সমস্যার মাঝেও আল্লাহর সঙ্গে এমন একটি সম্পর্ক থাকা, যার কারণে আপনি ভেঙে পড়লেও ফিরে আসার জায়গা জানেন।
আজ নিজের দিনটার দিকে একটু তাকান। সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর জন্য কতটুকু জায়গা থাকে? হয়তো আপনার জীবন বদলাতে এখনই বিশাল কোনো পরিকল্পনা দরকার নেই। আজ শুধু একটি অভ্যাস শুরু করুন, একটি দু‘আ, কয়েক মিনিট যিকির, কয়েক আয়াত কুরআন, একটি সদাকাহ, কিংবা এমন একজন প্রিয় মানুষকে সময় দেওয়া যাকে আপনি অনেক দিন ধরে শুধু “পরে কথা বলব” বলে যাচ্ছেন।
বরকত অনেক সময় বড় কোনো পরিবর্তন দিয়ে শুরু হয় না। শুরু হয় ছোট একটি অভ্যাস দিয়ে, যেটা আপনাকে প্রতিদিন একটু একটু করে আল্লাহর কাছে ফিরিয়ে আনে।
মন্তব্য করুন