মূল লেখায় যান

Study Room লেখা

আমার ডায়েরির পাতা থেকে | পর্ব ৭: ক্ষমা করেছি… তবুও ভুলতে পারিনি

বিষয়: · · ·

আমার ডায়েরির পাতা থেকে… | ০৭
ক্ষমা করেছি… তবুও ভুলতে পারিনি

কখনো কখনো নিজেকেই বুঝাতে পারি না—আমি কি সত্যিই ক্ষমা করেছি, নাকি শুধু আর ঝগড়া করতে চাই না বলে চুপ হয়ে গেছি? কারও ওপর রাগ ধরে রাখতে ভালো লাগে না। মনে হয়, থাক, ছেড়ে দিই। আল্লাহর জন্য ক্ষমা করি। মুখেও বলি, “ঠিক আছে, আর কিছু মনে নেই।” কিন্তু সত্যি বলতে, কিছু জিনিস মনে থাকে।

কিছু কথা, কিছু আচরণ, এমন কিছু মুহূর্ত যেগুলো আমি তার কাছ থেকে কোনোদিন আশা করিনি। আর সবচেয়ে অদ্ভুত হলো, আমি ইচ্ছে করে মনে করতে বসি না। তবুও হঠাৎ কোনো একটা শব্দ, কোনো ঘটনা, কোনো পরিচিত পরিস্থিতি পুরোনো সেই জায়গাটায় আবার নিয়ে যায়। তখন নিজের ওপরই রাগ হয়। ভাবি, আমি তো ক্ষমা করেছি। তাহলে আবার এত খারাপ লাগছে কেন?

হয়তো কারণ ক্ষমা করা আর সঙ্গে সঙ্গে কষ্টমুক্ত হয়ে যাওয়া এক জিনিস না। হয়তো আমি তাকে ক্ষমা করতে চাই, কিন্তু আমার ভেতরটা এখনো পুরোপুরি সেই জায়গায় পৌঁছায়নি।

আল্লাহ, আমি ওদের ক্ষতি চাই না। প্রতিশোধও চাই না। কিন্তু আগের মতো সহজে বিশ্বাসও করতে পারি না। এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে। কাউকে আবার কাছে আনতে গেলেও ভয় হয়—আবার যদি একই হয়?

তখন মনে হয়, ক্ষমা করলাম মানেই কি সব আগের মতো করতে হবে? না, হয়তো সবকিছু আগের মতো হবে না। কিছু সম্পর্ক বদলে যায়। কিছু দূরত্ব দরকার হয়। কাউকে খারাপ না চেয়েও তার থেকে দূরে থাকা যায়। তার জন্য দু‘আ করা যায়, কিন্তু নিজের ভেতরের দরজাটা আগের মতো পুরো খুলে না-ও দেওয়া যায়। এটা বুঝতে আমার সময় লেগেছে।

তবে একটা প্রশ্ন নিজের কাছেও করি—আমি কি কোনোদিন কাউকে এমন কষ্ট দিয়েছি, যেটা সে আজও ভুলতে পারেনি? আমি কি কোনো কথা বলে চলে এসেছি, আর সে সেটা অনেকদিন বয়ে বেড়িয়েছে? আমি কি কারও দুর্বল জায়গায় এমনভাবে আঘাত করেছি, যেভাবে কেউ আমারটায় করেছে?

এই প্রশ্নগুলো এলে চুপ হয়ে যাই। কারণ শুধু আমি কষ্ট পেয়েছি, এমন তো না। আমিও ভুল করেছি। হয়তো আমার কোনো আচরণের জন্য অন্য কারও ডায়েরিতেও আমার নাম আছে।

আল্লাহ, এই জন্যই আমি শুধু অন্যদের বদলাতে চাই না। আমাকে আমার দিকটাও দেখান। যেখানে আমি কষ্ট পেয়েছি, সেখানে আমাকে সুস্থ করুন। আর যেখানে আমি কষ্ট দিয়েছি, সেখানে আমাকে সংশোধন করুন।

সবচেয়ে কঠিন হয় যখন পুরোনো ঘটনাটা মাথার ভেতর বারবার চলে। কী বলা উচিত ছিল, কী বলা হয়নি, কেন এমন হলো—একই কথাগুলো ঘুরতে থাকে। সে মানুষটা হয়তো নিজের মতো আছে, অথচ আমি তার একটা আচরণকে নিজের মাথার মধ্যে বারবার বাঁচিয়ে রাখছি। এটা আমি আর চাই না।

কারও একটা ভুল আমার সারাদিনের শান্তি খেয়ে ফেলুক, এটা চাই না। কারও অন্যায় মনে করে আমার সালাত নষ্ট হোক, সেটাও চাই না। কারও জন্য আমি অন্য মানুষদেরও সন্দেহ করতে শুরু করি, সেটাও চাই না।

আল্লাহ, আমি ভুলতে পারছি না—এটা সত্যি। কিন্তু ভুলতে না পারার জন্য আমি নিজের ভেতরটাও নষ্ট করতে চাই না। আমি চাই, কোনোদিন ওই ঘটনা মনে পড়লেও বুকের ভেতর আগের মতো কাঁপন না উঠুক। শুধু মনে হোক, হ্যাঁ, এটা হয়েছিল। আমি কষ্ট পেয়েছিলাম। কিছু শিখেছি। কিছু দূরত্ব রেখেছি। তারপরও জীবন থামিয়ে রাখিনি।

আর যদি এখনো পুরোপুরি ক্ষমা করতে না পেরে থাকি, তাহলে আমাকে সেই জায়গায় পৌঁছে দিন। জোর করে না, ভান করে না, মুখে “ক্ষমা করেছি” বলে ভেতরে ভেতরে হিসাব রেখে না। সত্যি করে।

আল্লাহ, আমি ওদের কথা ভুলতে পারছি না। কিন্তু ওদের জন্য আমার ভেতরটা নষ্ট করতেও চাই না। আপনি এই জায়গাটা ঠিক করে দিন।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।