একটা অস্বস্তিকর প্রশ্ন করি কেউ যদি আমার নামে গীবত করে, তাহলে বিষয়টা কি শুধু তার জিহ্বার গুনাহ? নাকি আমার নিজের জীবনেও একবার ফিরে তাকানোর কিছু আছে?
ধরুন, আপনি কারও সঙ্গে এমন ব্যবহার করলেন, যেটা তাকে খুব কষ্ট দিল। রাগের মাথায় এমন একটা কথা বললেন, যেটা বলা উচিত ছিল না। কারও হক নষ্ট করলেন, কথা দিয়ে কথা রাখলেন না, কাউকে ছোট করলেন। পরে সেই মানুষটা আরেকজনের কাছে গিয়ে আপনার ব্যাপারে বলল, “জানো, উনি আমার সঙ্গে এমন করেছেন…” আমরা সঙ্গে সঙ্গে বলি, “সে আমার গীবত করেছে।”
হতে পারে করেছে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ গীবত সম্পর্কে বলেছেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা, যা সে অপছন্দ করবে। সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, কথাটা যদি তার মধ্যে সত্যিই থাকে? তিনি ﷺ বললেন, যদি সত্যি থাকে, তাহলে তুমি তার গীবত করলে; আর যদি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার ওপর অপবাদ দিলে।
সহিহ মুসলিম, ২৫৮৯।
অর্থাৎ শুধু কথাটা সত্য হলেই মানুষের পেছনে সেটা বলা বৈধ হয়ে যায় না। তবে মানুষ আপনার কোনো কাজের সমালোচনা করেছে মানেই সবসময় গীবত হয়েছে, এটাও ঠিক নয়। কেউ জুলুমের শিকার হলে প্রয়োজনমতো নিজের কষ্ট বা অন্যায়ের কথা এমন জায়গায় বলতে পারে, যেখানে প্রতিকার পাওয়ার আশা আছে। তাই আগে ঘটনাটা বুঝতে হবে।
কিন্তু ধরুন, সত্যিই কেউ সীমা ছাড়িয়ে আপনার গীবত করেছে। তখনও একটা বিষয় পরিষ্কার: তার গীবতের গুনাহ শুধু এই কারণে আপনার ওপর চলে আসবে না যে সে আপনাকে নিয়েই কথা বলেছে। আল্লাহ বলেন, “কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।”
সূরা আল আনআম, ৬:১৬৪।
তাই “আমার কারণে সে গীবত করেছে, তাই তার গীবতের গুনাহও হয়তো আমার” এভাবে নিশ্চিত কথা বলা ঠিক নয়। কিন্তু এখানেই নিজের কাছে আরেকটা প্রশ্ন শুরু হতে পারে: “সে যা বলেছে, তার মধ্যে আমার সংশোধন করার মতো সত্যিই কিছু আছে কি?”
এই প্রশ্নটা অস্বস্তিকর। কারণ নিজের নামে খারাপ কিছু শুনলে আমরা সাধারণত প্রথমে জানতে চাই, “কে বলেছে?” তারপর, “কার কাছে বলেছে?” তারপর, “ওর সাহস কীভাবে হলো?” কিন্তু খুব কম সময়ই জিজ্ঞেস করি, “আমি আসলে কী করেছিলাম?”
হয়তো সে গীবত করে ভুল করেছে। কিন্তু আমি কি তার সঙ্গে অন্যায় করিনি? হয়তো তার বলা উচিত হয়নি। কিন্তু আমার বলা কথাটাও কি ঠিক ছিল? হয়তো সে আমার দোষ অন্যের কাছে ছড়িয়ে দিয়েছে। কিন্তু যে দোষটা সে বলেছে, সেটা যদি সত্যিই আমার মধ্যে থাকে, তাহলে সেটা ঠিক করার দায়িত্ব কার? আমার।
এই জায়গায় দুটো হিসাব আলাদা করে ফেলতে হয়। আমার ভুল তার গীবতকে হালাল করে না। আর তার গীবত আমার ভুলকে মুছে দেয় না। সে তার জিহ্বার জন্য জবাব দেবে, আমি আমার কাজের জন্য জবাব দেব।
কারণ খুব সহজেই আমরা নিজের ভুলের সামনে অন্যের গুনাহটাকে ঢাল বানিয়ে ফেলি। কেউ বলল, “আপনি আমাকে অপমান করেছিলেন।” আমি বললাম, “আমার নামে গীবত করছেন কেন?” কেউ বলল, “আপনি আমার হকটা দেননি।” আমি বললাম, “মানুষের দোষ বলা হারাম জানেন?” এভাবে কখনো কখনো আমরা আসল প্রশ্নটাই এড়িয়ে যাই আমি কি সত্যিই অন্যায় করেছি?
যদি করে থাকি, তাহলে অন্য মানুষ কীভাবে বিষয়টা সামলেছে সেটা দেখার আগে আমার নিজের অংশটা ঠিক করা দরকার। কারও হক থাকলে ফিরিয়ে দেওয়া, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া, অহংকার করলে তা ভাঙা, কথা ভুল হলে তা স্বীকার করা। এগুলো দুর্বলতা নয়। এগুলো নিজের আমলের ব্যাপারে সৎ হওয়া।
তবে এখানেও আরেকটা বিপদ আছে। কিছু মানুষ খুব sensitive। কেউ তাদের সম্পর্কে কিছু বললেই তারা ভাবতে শুরু করে, “হয়তো সব দোষ আমারই।” না। যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন, কেউ আপনাকে ভুল বুঝে থাকে, মিথ্যা বলে থাকে বা অযথা বদনাম করে থাকে তাহলে অন্যের অন্যায়ের দায় নিজের কাঁধে তুলে নেবেন না। আপনার মধ্যে নেই এমন দোষ আপনার নামে বলা হলে সেটা গীবত নয়, বরং অপবাদ।
তাই আত্মসমালোচনা আর self-blame এক জিনিস নয়। নিজেকে প্রশ্ন করব, কিন্তু নিজেকে অকারণে অপরাধী বানাব না।
আর এই কারণেই আমাদের লক্ষ্য হওয়া উচিত নয় “আমি এমনভাবে চলব, যেন কেউ কোনোদিন আমার সমালোচনা করতে না পারে।” এটা সম্ভব নয়। আপনি ভালো হলেও মানুষ ভুল বুঝতে পারে, চুপ থাকলেও কথা বলতে পারে, ঠিক কাজ করলেও কারও পছন্দ নাও হতে পারে।
তাই মানুষের মুখ নিয়ন্ত্রণ করা আমার কাজ নয়। আমার কাজ হলো এমনভাবে চলার চেষ্টা করা, যেন রাতের বেলা একা হলে নিজের কাছ থেকে পালাতে না হয়। যেন মনে না হয়, “ওই কথাটা না বললেও পারতাম…” “মানুষটাকে ওইভাবে ছোট করা উচিত হয়নি…” “ওর হকটা আমি আসলে মেরে দিয়েছি…” “বাইরে যতই justification দিই, আল্লাহ তো আসল ঘটনাটা জানেন…”
এই জায়গাটাই ভয় পাওয়ার। মানুষ কী বলছে, সেটা নয়। আল্লাহ আমার কাজটার কোন অংশটা দেখেছেন, সেটা।
কুরআনে গীবতকে এত ভয়াবহভাবে নিষেধ করা হয়েছে যে আল্লাহ একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। তাই অন্যের গীবতকে হালকা করা যাবে না। কিন্তু নিজের ভুলকেও তার আড়ালে লুকিয়ে রাখা যাবে না।
হয়তো আজ থেকে কেউ আপনার নামে কিছু বলেছে শুনলে প্রথমেই “কে বলেছে?” জিজ্ঞেস করার আগে একবার নিজের ভেতরে জিজ্ঞেস করবেন, “কথাটার মধ্যে আমার ঠিক করার মতো কিছু আছে?” থাকলে ঠিক করুন। না থাকলে আল্লাহর কাছে নিজের সম্মান, হৃদয় আর সবর সোপর্দ করুন।
মানুষের মুখের পেছনে জীবন নষ্ট করবেন না। আর নিজের ভুল থাকলে সেটার পেছনেও অজুহাত বানাবেন না।
শেষ পর্যন্ত খুব সহজ একটা হিসাব: তার জিহ্বা তার আমানত। আমার চরিত্র আমার আমানত। আমি তার গীবতের দায় বহন করব না। কিন্তু আমার আচরণের দায় থেকেও পালাব না।
আর কেউ আমার নামে কিছু বললে মনে হবে, “ইয়া আল্লাহ, মানুষের কথার মধ্যে যদি আমার সংশোধনের কিছু থাকে, আমাকে সেটা দেখতে দাও। আর যদি তারা আমার প্রতি অন্যায় করে থাকে, আমাকে যেন তাদের অন্যায়ের জবাব আরেক অন্যায় দিয়ে দিতে না হয়।”
কারণ মুমিনের সবচেয়ে বড় চিন্তা শুধু এটা নয় “মানুষ আমাকে নিয়ে কী বলছে?”
আরও বড় প্রশ্ন হলো “আল্লাহ আমার সম্পর্কে কী জানেন?
মন্তব্য করুন